২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটীদের কাজে ফেরাতে উদ্যোগী হলিউডের স্টুডিওগুলো

স্টুডিও কর্তৃপক্ষরা পারিশ্রমিকের প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং দর্শকের ডেটা অ্যাক্সেসের মতো বিষয়গুলো নিয়ে সমঝোতার প্রতিশ্রুতি দিয়ে লেখকদের ধর্মঘট তুলে নেয়ার অনুরোধ জানিয়েছেন।

ধর্মঘটীদের কাজে ফেরাতে উদ্যোগী হলিউডের স্টুডিওগুলো

হলিউড ধর্মঘট

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 10:37 PM

Updated : 16 Aug 2023, 10:37 PM

ন্যায্য পারিশ্রমিক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে ধর্মঘটে থাকা লেখক ও চিত্রনাট্যকারদের কাজে ফেরাতে উদ্যোগী হয়েছে হলিউডের স্টুডিওগুলো।

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, সোমবার বর্ধিত পারিশ্রমিকের প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং দর্শকের ডেটা অ্যাক্সেসের মতো বিষয়গুলো নিয়ে সমঝোতার প্রতিশ্রুতি দিয়ে লেখকদের ধর্মঘট তুলে নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

‘দ্য অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসার’ বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তে লেখক ও চিত্রনাট্যকারদের দিয়েই গল্প ও চিত্রনাট্য লেখাবেন তারা। এছাড়াও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মোট কত ঘণ্টা ব্যয় করেন দর্শকরা, সে তথ্যও জানাবেন।

এছাড়াও লেখকদের লেখা সিনেমা কিংবা সিরিজ প্রদর্শিত হওয়ার পর তাদের পারিশ্রমিক ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে।

‘দ্য অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসার’ কর্তৃপক্ষের সঙ্গে যোগ দিয়েছে নেটফ্লিক্স ও ডিজনির মতো বিখ্যাত স্টুডিওগুলো।

কিছুদিন আগে শততম দিন পার করেছে হলিউড ধর্মঘট। ধর্মঘটে নামার পেছনে লেখক-শিল্পীদের মূল কারণ ছিল, তাদের পারিশ্রমিক কমেছে এবং কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কর্মক্ষেত্রে হুমকি তৈরি করেছে। এছাড়া কাজের ‘ভালো’ পরিবেশও চেয়েছিলেন তারা।

লেখক-শিল্পীদের দাবি, স্ট্রিমিং কোম্পানি এবং স্টুডিওগুলো আরও ‘ভালো’ পারিশ্রমিকের বিষয়ে উদার হোক। এছাড়া বর্ধিত রয়্যালিটি এবং পেনশন ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য আর্থিক সুবিধা দিক।

লেখকদের অভিযোগ, তাদের আগের কাজগুলো থেকে ধারণা নিয়ে নতুন পাণ্ডুলিপি তৈরি করছে এআই। ফলে এটি প্রতিরোধ করতে সুরক্ষামূলক ব্যবস্থা চান তারা। সেই সঙ্গে এআইর করা খসড়া পাণ্ডুলিপি লেখকদের পুনর্লিখন করতে বলা হবে না, সেই নিশ্চয়তাও চাইছেন তারা।

যুক্তরাষ্ট্রের চিত্রনাট্যকার এবং অভিনয়শিল্পীদের এমন ধর্মঘট গত ৬৩ বছরে দেখা যায়নি।

আরও পড়ুন:

পুরনো খবর:

হলিউডে ধর্মঘট: বিক্ষোভকারীদের মাথার ওপর থেকে ‘ছায়া’ সরাচ্ছে এনবিসি
ধর্মঘটে হলিউডের অভিনয় শিল্পীরা
হলিউডে ধর্মঘটে আটকে যাচ্ছে অনেক সিনেমা
হলিউডে লেখক ধর্মঘট
স্থবির হলিউড, ধর্মঘটে বছর ‘গড়ানোর’ হুমকি অভিনয় শিল্পীদের
ব্ল্যাক মিররের গল্প, যা এআই নিয়ে বাড়াচ্ছে উদ্বেগ