২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘শোলে’ কমলের কাছে ‘অপছন্দের কিন্তু বিশেষ’

‘শোলে’ নিয়ে বিরক্ত ছিলেন সিনেমার সহকারী পরিচালক কমল হাসান, তবে তিনি খুশি ছিলেন ওই সিনেমায় অমিতাভ বচ্চনকে অভিনয়ে পেয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 07:09 PM

Updated : 22 Jul 2023, 04:08 PM

প্রায় অর্ধশত বছর আগে মুক্তি পাওয়া জনপ্রিয় ‘শোলে’ এখনও হিন্দি সিনেমার দর্শক এবং অভিনয় শিল্পীদের কাছে জনপ্রিয়। কিন্তু এর সহকারী পরিচালক অভিনেতা কমল হাসান জানালেন, জনপ্রিয় সিনেমাটি তার অত্যন্ত ‘অপছন্দের’। তবুও এটি ছিল তার ক্যারিয়ারে ‘বিশেষ’ কাজ।

একই সঙ্গে ‘অপছন্দের’ এবং ‘বিশেষ’ হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছেন ‘বিক্রম’ খ্যাত দক্ষিণী সিনেমার অভিনেতা কমল হাসান।

‘মহাভারত’ এর গল্প ও কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি সিনেমা ‘কাল্কি ২৯৮৯ এডি’, যা এতদিন পরিচিত ছিল ‘প্রজেক্ট কে’ নামে। যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ‘কমিক কনে’ কদিন আগে প্রকাশ পেয়েছে এই সিনেমার টিজার এবং এটিই প্রথম কোনো ভারতীয় সিনেমা, যার আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে কমিক কনে।

পিংকভিলা জানিয়েছে, ওই টিজার প্রকাশ অনুষ্ঠানে ‘কাল্কি ২৯৮৯ এডি’ সিনেমায় নিজের চরিত্র, সহঅভিনেতা অমিতাভ বচ্চন  এবং এসবের সূত্র ধরে ‘শোলে’ সিনেমা নিয়ে কথা বলেন কমল হাসান।

কমল বলেন, “শোলে যখন মুক্তি পায়, বিশ্বাস করুন সিনেমাটি দেখে আমি ঘুমাতে পারিনি। সহাকারী পরিচালক হয়ে ‘শোলের’ কাজ আমার পছন্দ হয়নি। বলা যায় সিনেমাটি আমি ঘৃণাই করি। আমি পরিচালক রমেশ সিপ্পিকে বলেওছিলাম কথাটি। কিন্তু ওই সিনেমায় ‘জয়’ চরিত্রে অমিতাভজি কাজ করেছেন, যা অনবদ্য। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাকে সম্মানিত করেছে। এজন্য ‘শোলে’ আমার কাছে অন্যরকম এবং বিশেষও বটে।”

অমিতাভ এবং কমল একসঙ্গে বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। সহঅভিনেতা সম্পর্কে বলতে গিয়ে ‘আপ্লুত’ কমল বলেন, “ অমিতাভজির শক্তি নিয়ে আমরা বেঁচে আছি। প্রতিটি সিনেমাতেই তিনি অনেক পরিশ্রম করেন। তিনি যেসব চরিত্রে অভিনয় করেছেন সেগুলোকে এক আশ্চর্য উচ্চতায় তিনি নিয়ে যান। তার সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে পারাটা সম্মানের। আমার বিশ্বাস আমাদের নতুন কাজটিও খুব বিশেষ হতে চলেছে।”

হায়দরাবাদে এই সিনেমার অ্যাকশন দৃশ্য করার সময় পাঁজর ও পায়ের আঙুলে চোট পেয়েছিলেন অমিতাভ। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এই মেগাস্টারের কয়েক মাস সময় লেগে যায়।

নাগ অশ্বিনের পরিচালনায় ‘কাল্কি ২৯৮৯ এডি’ সিনেমায় খলনায়ক হয়েছেন কমল।

নিজের চরিত্র সম্পর্কে তার মূল্যায়ন, “একটি চলচ্চিত্রে নেতিবাচক চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

‘কাল্কি ২৯৮৯ এডি’ তৈরি হয়েছে মার্ভেল সিনেমার আদলে। এই প্যান ইন্ডিয়া সিনেমায় কল্পবিজ্ঞান, অপার্থিব, ফ্যান্টাসি, অ্যাকশনসহ অনেক কিছু একসুতোয় বেঁধেছেন নির্মাতা। তবে কাহিনীর সারমর্ম হল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয় দেখানো হয়েছে।

আগামী বছরের ১২ জানুয়ারি  সিনেমাটি মুক্তি পাবে।

এই সিনেমায় দক্ষিণী তারকা প্রভাসকে এই যুগের ‘ভগবান বিষ্ণুর’ ভূমিকায় দেখা যাবে।

পুরানো খবর:

‘প্রজেক্ট কে’তে প্রভাসের পারিশ্রমিক দীপিকার ১৫ গুণ বেশি!

পুরানো খবর:

প্রজেক্ট কে সিনেমায় এ কেমন প্রভাস

পুরানো খবর:

চোটের পর কাজে ফিরলেন অমিতাভ বচ্চন