১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রজেক্ট কে সিনেমায় এ কেমন প্রভাস

প্রভাস লিখেছেন, “প্রজেক্ট কের ফার্স্ট লুক এটি। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন।”

প্রজেক্ট কে সিনেমায় এ কেমন প্রভাস

প্রজেক্ট-কে সিনেমায় প্রভাসের প্রথম ঝলক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 12:30 PM

Updated : 20 Jul 2023, 12:30 PM

পুরো শরীর জুড়ে যুদ্ধের বর্ম, ঝুঁটি বাঁধা লম্বা চুল, মাটিতে হাঁটু গেড়ে তীক্ষ্ণ চাহনিতে আক্রমণাত্মক যোদ্ধার এমন ভঙ্গিতে দেখা গেল ‘প্রজেক্ট কে’ সিনেমার প্রভাসকে।

বিজ্ঞান কল্পকাহিনী ধর্মী এ সিনেমায় প্রভাসের ফার্স্ট লুক বুধবার প্রকাশ করেছেন পরিচালক নাগ অশ্বিন ও প্রভাস নিজে। একদিন আগেই এ সিনেমায় দীপিকা পাড়ুকোনের প্রথম ঝলক দেখা গেছে।

ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে ক্যাপশনে বাহুবলীখ্যাত অভিনেতা প্রভাস লিখেছেন, “প্রজেক্ট কে’র ফার্স্ট লুক এটি। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন।”

প্রজেক্ট কে’র মুখ্য চরিত্র প্রভাসের ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে মাটিতে বসে আক্রমণের ভঙ্গিতে তিনি ডান হাতের মুষ্টি দিয়ে আঘাত করেছেন মাটিতে। যেন যুদ্ধের ময়দানে ধ্বংসযজ্ঞ চালিয়ে উড়ে এসে এমন আক্রমণাত্মক ভঙ্গিতে বসেছেন বীর, হাতের মুষ্টি আর হাঁটুর আঘাতে মাটি ফেটে চৌচির। পুরো পোস্টার জুড়ে সোনালি আভা।

প্রজেক্ট কের প্রযোজক বৈজয়ন্তীও প্রভাসের এই ছবি শেয়ার করে লিখেছেন, “হিরো আসছে। এখন, খেলা পাল্টে যাবে।”

এনডিটিভি লিখেছে, ‘মহাভারত’ এর গল্প ও কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি এ সিনেমার নাম ‘প্রজেক্ট কে’ বলা হলেও এটিই চূড়ান্ত নাম নয়। আপাতত ‘প্রজেক্ট কে’ বলা হলেও সিনেমার চূড়ান্ত নাম এবং টিজার বা ট্রেইলারও শিগগিরই প্রকাশ করা হতে পারে।

আনন্দবাজার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর কমিক কনে মুক্তি পেতে চলেছে ছবির প্রথম ঝলক। ‘প্রজেক্ট কে’ই প্রথম ভারতীয় সিনেমা, যার আনুষ্ঠানিক প্রকাশ হতে চলেছে কমিক কনে।

প্রভাস ও সহঅভিনেতা কমল হাসান কমিক কনের জন্য এখন যুক্তরাষ্ট্রেই রয়েছেন। তবে হলিউডের স্ক্রিন অ্যাক্ট গিল্ডের (এসএসজি) সদস্য হওয়ায় দীপিকা পাড়ুকোনকে কমিক কনের অনুষ্ঠানে দেখা যাবে না বলে পিটিআই জানিয়েছে। কারণ এসএজির ১ লাখ ৬০ হাজার সদস্য এখন হলিউডের ধর্মঘট পালন করছেন।

এ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চনও। আগামী বছরের ১২ জানুয়ারি ‘প্রজেক্ট কে’র মুক্তির তারিখ রয়েছে।

আরও পড়ুন-

পুরানো খবর:

‘প্রজেক্ট কে’তে প্রভাসের পারিশ্রমিক দীপিকার ১৫ গুণ বেশি!