মাইবিএল অ্যাপের নাম এখন ‘মুক্ত’
অ্যাপটি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টেও লগইন করা যাবে।
বাংলালিংকের মাইবিএল অ্যাপের নাম পরিবর্তন করে ‘মুক্ত’ রাখা হয়েছে। বাংলালিংক ছাড়াও অন্য অপারেটর, অর্থাৎ যেকোনো মোবাইল নম্বর দিয়ে অ্যাপটিতে লগইন করা যাবে।
বৃহস্পতিবার এ অপারেটরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপটি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টেও লগইন করা যাবে। বিনোদন, গেমিং, খবর, খেলা, গল্পসহ টেলিযোগাযোগের বিভিন্ন সুবিধাও রয়েছে।
“বাংলালিংকের টেলিযোগাযোগ সেবা, রোমিং, ইন্টারনেট সংযোগ ও বাংলালিংক ওয়াইফাইয়ের পাশাপাশি স্টারলিংক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকছে। ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার ও ডিল থাকছে। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাস্থ্যসেবা ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধা নিতে পারবেন।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “অ্যাপটিতে রয়েছে এআইভিত্তিক কাস্টমাইজেশন সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবার সুপারিশ করবে অ্যাপটি। নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরেও বিভিন্ন সেবা এ অ্যাপ থেকে পরিচালনা করা যাবে।”
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বোঝার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলালিংক।”
