Published : 20 Jul 2026, 02:33 PM
ফুটবল বিশ্বকাপের মহারণে স্পেনের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার; প্রিয় দলের এই বিদায়ে বিষাদের আবহ তৈরি হয়েছে বিনোদন অঙ্গনের তারকাদেরও মনেও। তবে শিরোপা না জিতলেও মেসির প্রতি ভালোবাসা অটুট থাকার বার্তা দিয়েছেন তারা।
পাশাপাশি স্পেনের সমর্থক তারকারা মেতেছেন শিরোপা জয়ের উল্লাসে।
প্রিয় দলের পরাজয়েও দমে যাননি অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়।
ফেইসবুকে লিখেছেন, “অভিনন্দন ব্রাজিল। থুক্কু স্পেন। তবে আর্জেন্টিনা ছাড়া অন্য যে কোন দল হলে খেলা শেষ হত ৮-০ গোলে।”
লিওনেল মেসির আর্জেন্টিনার মঙ্গল কামনা করেছেন অভিনেত্রী কেয়া পায়েল।
তিনি লিখেছেন, “হারার মাঝেই শেষ হলো এইবারের বিশ্বকাপ।” মন্তব্যের ঘরে এই অভিনেত্রী মজার ছলে আবার লিখেছেন, "আজকে খেলিনাই তাই জিতি নাই, খেললে জিতে যাইতাম।"
মেসি ও আর্জেন্টিনা শেষ হাসি না হাসলেও এই তারকা খেলোয়াড় ও দলটির প্রতি সব সময়ের জন্য ভালোবাসা অটুট থাকবে বলে জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব।
তিনি লিখেছেন, “আজ হয়ত দিনটা আমাদের ছিল না। ট্রফির চেয়েও বড় তোমাদের দেওয়া অসংখ্য স্মৃতি আর আনন্দ। মেসি আর আর্জেন্টিনা, তোমাদের প্রতি ভালোবাসা চিরকালীন।”
আর্জেন্টিনার প্রতি ভালোবাসা সব সময় থাকবে বলে জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ফেইসবুকে তিনি লিখেছেন, “ধন্যবাদ আর্জেন্টিনা! তুমি অনেক দূর এসেছো। তুমি চিরকাল আমার হৃদয়ে থাকবে।”
মেসির ফুটবল ক্যারিয়ারের লড়াইকে সম্মান জানিয়ে অভিনেতা জায়েদ খান লিখেছেন, "মেসি সব পেয়েছো, ভার বহন করেছো অসম্ভবের। একটা গড়পড়তা টিম নিয়ে ২০১৪, ২০২২, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল খেলা। দুই বার রানার্স আপ, একবার চ্যাম্পিয়ন। বিদায় মেসি,বিদায়। মাথা উঁচু বিদায়।"
স্পেনের এই শিরোপা জয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পের কালজয়ী সংলাপের সাথে তুলনা করেছেন অভিনেত্রী শাহনাজ খুশী। তিনি লিখেছেন, “কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল’ সে মরে নাই”! ফিফা কিনে নেওয়ার কথা যারা বলেছিলেন! অভিনন্দন স্পেন, চমৎকার খেলা ছিল আপনাদের।"
অভিনেতা সিয়াম আহমেদ স্পেনের সমর্থক। প্রিয় দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক ভিডিও বার্তায় বলেছেন, "ওয়েল প্লেড আর্জেন্টিনা! আসলে এই কথাটা আমি বলতে পারছি না। কারণ তারা ভালো খেলেনি।"
স্পেনের প্রশংসা করে সিয়াম বলেন,"যে দলটির জেতা উচিত ছিল, শেষ পর্যন্ত তারাই জিতেছে স্পেন!" এরপর স্পেনের প্রতি একটি উড়ন্ত চুমু ছুঁড়ে দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন, "আমাদেরকে যে পরিমাণ আনন্দ তুমি উপহার দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ জানানোর মত পর্যাপ্ত শব্দ কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।"
মেসিকে সর্বকালের সেরা আখ্যা দিয়ে পোস্টে আরও লিখেছেন, "সর্বকালের সেরা। তোমার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব সর্বকালের সেরা 'লিওনেল মেসি'। ফুটবল পায়ে তোমার সেই জাদু সশরীরে দেখাটা চোখের জন্য এক পরম তৃপ্তি ছিল। তোমার দলের প্রতি তোমার এই অনবদ্য অবদানের জন্য হে আর্জেন্টিনার অধিনায়ক, তোমাকে অনেক ধন্যবাদ। চিরকাল তোমার জন্য ভালোবাসা আর শ্রদ্ধা রইল। আমরা তোমাকে খুব মিস করব।"
চিত্রনায়ক শাকিব খান অভিনন্দন জানিয়েছেন জয়ীদের।