১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বর্নাঢ্য সমাপনী: আলো ছড়ালেন ম্যাডোনা, শাকিরা থেকে বিটিএস, ক্রুজ বললেন একতার কথা

পরিবেশনার শুরুতে স্টেডিয়ামের নিচের টানেল থেকে নাটকীয়ভাবে মঞ্চে ওঠেন ম্যাডোনা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 12:21 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

পপ সংগীতের সম্রাজ্ঞী ম্যাডোনা, সঙ্গে ফুটবল বিশ্বকাপের সঙ্গে অবিচ্ছেদ্য এক শিল্পী শাকিরা, আরও ছিলেন জাস্টিন বিবার এবং কে-পপ ব্যান্ড বিটিএস-সবাই আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে মাঠে। 

ফাইনাল ম্যাচ ঘিরে তাদের পরিবেশনায় জমে ওঠো পুরো আয়োজন। জনপ্রিয় তারকা শিল্পীদের পারফরম্যান্সকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সুপার বোল হাফটাইম শোর সঙ্গেও তুলনা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

হাফটাইমে ম্যাডোনা তার সাড়া তোলা গান ‘মিউজিক’ পরিবেশন করেন। শুরুতে স্টেডিয়ামের নিচের টানেল থেকে নাটকীয়ভাবে মঞ্চে ওঠেন এই শিল্পী, চমকে যায় দর্শকরা।

মঞ্চে ম্যাডোনার সঙ্গে মঞ্চে ছিলেন ব্রাজিলের দুই কিংবদন্তি ফুটবলার রোনালদো ও রোনালদিহো।

এই পরিবেশনাটি চলে খেলার প্রথমার্ধের বিরতিতে। ২৭ মিনিট ২২ সেকেন্ডের আয়োজনটিকে বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম বলে তুলে ধরা হচ্ছে। 

পর কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয় ফের একসঙ্গে মঞ্চ মাতান ফাইনালে। 

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করেছিলেন তারা।

আলোড়ন তোলে জনপ্রিয় কে-পপ ব্যান্ড সাত সদস্যের বিটিএস ব্যান্ডও। বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষে নিজেদের নুতন অ্যালবাম, বিশ্বসফর এবং এর মধ্যেই ফুটবল বিশ্বকাপের মঞ্চে ব্যান্ডটির উপস্থিতি তাদের গুরুত্ব বাড়িয়েছে। 

এক পর্যায়ে মঞ্চে আসেন কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার, এ সময় তার হাতে ছিল গিটার। বিবারকে সামনে পেয়ে উল্লাটে ফেটে পড়ে দর্শকরা। 

খেলা শুরুর আগে সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার হাডসন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন।

আরও উপস্থিত ছিলেন হলিউড ও সংগীতজগতের পরিচিত মুখ। কাইলি জেনার ও তার সঙ্গী টিমোথি শ্যালামে ছিলেন গ্যালারিতে। বিয়ন্সে ও জে-জেড, অভিনেত্রী আনিয়া টেইলর-জয় ও তার স্বামী ম্যালকম ম্যাকরে, জেসিকা আলবা, ড্যানি রামিরেজ, ডেভিড বেকহ্যামসহ আরও তারকার সম্মিলন ঘটেছে ফাইনাল ম্যাচ ঘিরে। 

আসরের সমাপনী দিনে মানুষকে একত্রিত করতে ফুটবলের শক্তি নিয়ে কথা বলেছেন হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজ।

তিনি বলেন, “পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে আমরা মহত্ত্বের সাক্ষী হয়েছি। এবং আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছি একে অন্যের সঙ্গে। ফুটবল এমন একটি ভাষা, যার কোনো শব্দ নেই, কিন্তু যা মানুষকে একত্র করে।”