১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘বিয়েটা আর করতে হল না’, আর্জেন্টিনার বিদায়ের পর পরীমনি

আর্জেন্টিনার ভাগ্য চূড়ান্ত হওয়ার পর সোশাল মিডিয়ায় বহু মানুষ পোস্ট দিয়ে জানতে চান, পরীমনি এখন বিয়ে করবেন কি না।

‘বিয়েটা আর করতে হল না’, আর্জেন্টিনার বিদায়ের পর পরীমনি
অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি পরীমনি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 12:45 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

ফুটবল বিশ্বকাপে প্রিয় দলের পরাজয়ে কোটি ভক্তের মত মন ভেঙেছে ঢাকাই সিনেমার অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি পরীমনিরও।   

বিষাদের মাঝেও ফেইসবুকে 'বিয়ে' সংক্রান্ত একটি পোস্টে রসিকতা করে ফের আলোচনায় এসেছেন এই চিত্রনায়িকা।  

শিরোপা হাতছাড়ার পর আর্জেন্টিনার ভক্ত পরীমনি তার বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে দেন ফেইসবুকের পোস্টে। 

তিনি বলেন, "বিয়েটা আর করতে হল না এই আর কি, ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে।"

খেলায় আর্জেন্টিনার ভাগ্য চূড়ান্ত হওয়ার পর সোশাল মিডিয়ায় বহু মানুষ পোস্ট দিয়ে জানতে চান, পরীমনি এখন বিয়ে করবেন কী না। এর মধ্যেই এসে যায় পরীমনির নতুন সিদ্ধান্ত। তাই ভোররাত থেকে খেলার পাশাপাশি আলোচনায় পরীমনি ও তার বিয়ে। 

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে শুরু থেকেই দারুণ সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন ফেইসবুকে। আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন নানা পোস্টে। 

এর আগে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের ফেইসবুকে তিনি লিখেছিলেন, "আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।"

তার পর প্রতিপক্ষকে হারিয়ে আর্জেন্টিনা যখন টুর্নামেন্টে টিকে রইল, তখন প্রতিপক্ষ তারকা ‘হ্যারি কেইনকে’ নিয়ে আরেকটি পোস্ট দেন পরীমনি। তিনি লিখেছিলেন, “হ্যারি কেইন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”

মজার ছলে দেওয়া সেই পোস্টও ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজার হাজার শেয়ারে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। সে সময়  ভক্তরা কেউ শুভকামনা জানিয়েছেন, কেউ আবার পাত্র হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। 

তার ওই পোস্ট নিয়ে কথা বলেছেন বিনোদনের অন্য তারকারাও। 

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এক পোস্টে লিখেছিলেন, "নিজের একটা ভুলের জন্য পরীমনির কাছে ফোন করে ক্ষমা চেয়ে ছিলাম। ক্ষমা পেয়েছি। আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে তবে ভাই হিসেবে বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম।" 

তবে বিশ্বকাপ জয়ের মঞ্চ থেকে আর্জেন্টিনার বিদায়ের পর পরীমনির সেই বিয়ের গুঞ্জন আর আলোর মুখ দেখছে না। তবে ওই পোস্টে প্রতিক্রিয়া এসেছে ৫০ হাজারের বেশি।