১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আপনাদের শরীর কেমন আছে?’ অসুস্থতার গুঞ্জনে সালমানের জবাব

অনেক ভক্তের ভাষ্য, স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের বিপরীতে ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন অভিনেতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 09:47 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

ভারতীয় হিন্দি সিনেমার অভিনেতা সালমান খানের শারিরীক অবস্থা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

একটি অনুষ্ঠানে সালমানের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর তার অনেক ভক্ত দাবি করছেন, অভিনেতা অস্বাভাবিকরকম রোগা হয়ে গেছেন। চেহারা দেখে মনে হচ্ছে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করেছেন তার শরীরে।  

সোশাল মিডিয়ায় এ ধরনের আলোচনার পর অবশ্য সালমানের পক্ষ থেকেও বার্তা এসেছে।

মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কদিন আগে যোগ দেন সালমান। ওই অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সালমানের সেই ব্যায়াম করা পেটানো শরীর আর নেই। অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করে কেউ লিখেছেন, অভিনেতাকে আগের মত প্রাণবন্ত লাগছে না। 

আবার কয়েক সেকেন্ডের ভিডিও দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ কেউ কেউ। 

এসব আলোচনা চলেছে রোববার দিনভর। এরপর সোমবার সালমান ফেইসবুকে কয়েকটি ছবি পোস্ট করে একটিমাত্র বাক্য লিখেছেন। 

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’

সংক্ষিপ্ত একটি বার্তায় এসব আলোচনার জবাব দিয়েছেন সালমান।

এখন অনেক ভক্তের ভাষ্য, স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের বিপরীতে ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন অভিনেতা। 

আবার এটি তার ভক্তদের সঙ্গে স্বাভাবিকভাবেই যোগাযোগ করার একটি চেষ্টা বলেও ধরে নিয়েছেন কেউ কেউ। 

পোস্টটি প্রকাশের পর সালমানের প্রতি ভালোবাসা জানিয়েছেন তার ভক্তরা। 

অনেকে তার সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনাও করছেন।