টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদের সম্মেলন
সরকার ও টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে আলোচনায় বসবে টেলিভিশন পেশাজীবী ঐক্য পরষদ।
৩১ মে, শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হল টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদের প্রথম মহাসম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন নবীন-প্রবীন শিল্পী ও কলাকুশলী।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিনেতা তারিক আনাম খান। টিভি বাঁচাও-অনুষ্ঠান বাঁচাও শীর্ষক এ বক্তব্যের মাধ্যমে তিনি ঐক্য পরিষদ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সরকার ও টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে ঐক্য পরিষদের আলোচনার বিষয় নিয়ে শিল্পী ও কলাকুশলীদের দেওয়া হয় মতামত জানানোর সুযোগ।
মতামত-আলোচনা, বিশ্লেষণ শেষে একটা সংবাদ সম্মেলন আয়োজন করে আহবায়ক কমিটি। সম্মেলনে কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তারিক আনাম খান বলেন, “সংগঠনগুলোর নিয়ন্ত্রণ আরও জোরালো করতে চাই। নিজেদের অবস্থান আরও সংহত করতে চাই। বিদেশি স্যাটেলাইট চ্যানেলগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতার জায়গা থেকে বেরিয়ে আসতে চাই।”
বাংলাদেশের টেলিভিশন মিডিয়ায় কর্মরত প্রযোজক, পরিচালক, নাট্যকার, অভিনয়শিল্পী, চিত্রগ্রাহকসহ সকল পেশাজীবীর অবস্থান সুসংহত ও সুদৃঢ় করার প্রত্যয়ে তারিক আনাম আনাম খানকে আহবায়ক করে গঠন করা হয়েছে ওই ঐক্য পরিষদ। এতে সদস্য হিসেবে রয়েছেন তারিক আনাম খান, মামুনুর রশীদসহ ৩২ জন।
