০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শিল্পকলায় মঞ্চ মাতালেন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা

শিল্পকলা একাডেমিতে তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 09:13 PM

Updated : 02 Nov 2026, 09:12 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাচ-গানে মঞ্চ মাতালেন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা।

সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে ‘আয় তব সহচরী হাতে হাতে ধরি’ গানের সঙ্গে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা সমবেত নৃত্য পরিবেশন করেন। এরপর একক আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন শাহিন রেজা রাসেল।

‘এই রাঙামাটির পথে লো’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে ল্যাবরেটরি মডেল স্কুলের শিক্ষার্থীরা। ‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে ‘সুইড বাংলাদেশ’ এর শিল্পীরা।

একক সংগীত পর্বে চুয়াডাঙ্গার জেলা কালচারাল অফিসার সুজন রহমান গেয়ে শোনান ‘আলগা করো গো খোঁপার বাঁধন’। এরপর শারমিন আক্তার শিকু ‘আমার মনের কোণের বাইরে’ এবং সায়মা শারমিন ইমা পরিবেশন করেন ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’।

পরবর্তীতে রাফিয়া খন্দকারের পরিচালনায় ‘ই এক্সপ্রেশন ওয়েলফেয়ার সোসাইটি’ পরিবেশন করে সমবেত নৃত্য ‘বিহুর এ লগন মধুর এ লগন’। শান্ত রহমানের ‘আমার স্বপ্নগুলো কেন এমন হয়’ গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোচনা পর্বে শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হারুন-অর-রশীদ বলেন, “সাংস্কৃতিক অধিকার প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এখানে শারীরিক বা মানসিক কোনো সীমারেখা থাকা উচিত নয়। বরং সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশের মাধ্যমই হওয়া উচিত আমাদের মূল্যবোধের ভিত।”