০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

গান, নাচ আর ক্যানভাসে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’ উদযাপিত

“যে কোনো উৎসবের মূল উদ্দেশ্যই হওয়া উচিত সবাইকে এক করা আর মনের কথাগুলো সবার সামনে তুলে ধরা।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 02:01 PM

Updated : 09 Oct 2026, 02:02 PM

সুর, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উদযাপিত হলো সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব-১৪৩৩’।

ঢাকার সীমান্ত গ্রন্থাগার প্রাঙ্গণে শুক্রবার সকাল সাড়ে ৯টায় পুরান ‘সাহারা মঞ্চে’ শুরু হয় এই উৎসব।

যন্ত্রসঙ্গীত শিল্পী শামীম জহিরের সরোদ বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর শিশুদের পরিবেশনা, শিল্পীদের গান, নৃত্য, আবৃত্তি এবং আলোচনা পর্ব দিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান।

উদ্বোধনী পর্বের পর শুরু হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল ‘শরৎ ঋতু’।

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, অনিমা রায়, ফেরদৌসী কাকলি, রত্না সরকার, মাহমুদুল হাসান, সঞ্জয় কবিরাজ, নবনীতা জাহিদ চৌধুরী অনন্যা, শ্রাবণী গুহ রায়, তামান্না নিগার তুলি, এস এম মেজবা এবং শান্তা সরকার।

একক আবৃত্তি পরিবেশন করেন নাইলা তারান্নুম চৌধুরী কাকলি ও বেলায়েত হোসেন।

দলীয় পরিবেশনায় অংশ নেয় শিশু-কিশোর সংগঠন 'সীমান্ত খেলাঘর আসর', 'গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচা মেলা', 'সুরবিহার' ও 'শিল্পবৃত্ত'। এছাড়া নৃত্য পরিবেশন করে 'নৃত্যফ', 'স্পন্দন', 'স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র' ও 'অংশী'।

দলীয় সংগীত পরিবেশন করেন আয়োজক সংগঠন 'সত্যেন সেন শিল্পীগোষ্ঠী', 'নির্ঝরিণী একাডেমি' এবং 'সুরনন্দন'-এর শিল্পীরা।

উৎসবের ‘শরৎ কথন’ পর্বে আলোচক হিসেবে ছিলেন অভিনেতা মামুনুর রশীদ।

তিনি বলেন, “ছোটবেলায় আমরা সবাইকে নিয়ে মেলামেশার যে উৎসবের পরিবেশ দেখে বড় হয়েছি সেখান থেকে মানুষ এখন দূরে সরে যাচ্ছে। যে কোনো উৎসবের মূল উদ্দেশ্যই হওয়া উচিত সবাইকে এক করা আর মনের কথাগুলো সবার সামনে তুলে ধরা। সুর বা চেতনায় যদি ঐক্য থাকে, তবেই মানুষ সবার আপন হতে পারে; না হলে সমাজে কেবল দূরত্বই বাড়ে।”

শিশুদের অনুষ্ঠান দেখে আবেগপ্লুত হয়ে বলেন, “বাচ্চাদের নাচ, গান আর চমৎকার উপস্থাপনা আবার সেই শৈশবে ফিরিয়ে নিয়ে গেছে। মনে হয়েছে, যেন পুরো আয়োজনে এক টুকরো শরৎ নেমে এসেছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মোরশেদ আহমেদ চৌধুরী এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান দুলু।

স্বাগত বক্তব্য ও ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। এতে সভাপতিত্ব করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি, লেখক, গবেষক ও নৃত্যশিল্পী অধ্যাপক নিগার চৌধুরী।