১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশু নিঃসঙ্গতার গল্প বলবে যে নাটক

'ঘর' নাটকটি শনিবার রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে।

শিশু নিঃসঙ্গতার গল্প বলবে যে নাটক
'ঘর' নাটকের দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 11:38 AM

Updated : 26 Aug 2026, 10:28 AM

কর্মব্যস্ততার মাঝেও সন্তানকে সময় দেওয়ার গুরুত্ব ও তাদের নিঃসঙ্গতা কাটিয়ে তুলতে বাবা মায়ের করণীয় তুলে ধরেছে নাটক ‘ঘর’।

এই নাটকটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে। 

এক বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, 'ঘর' প্রচার হবে শনিবার রাত ৯টায়।

নাসরীন মুস্তাফার রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।

এতে অভিনয় করেছেন মাসুম বাশার, শতাব্দী ওয়াদুদ, দীপা খন্দকার, তমা ইসলাম, সাদিকা, বনান্তসহ আরো অনেকে।

'ঘর' নাটকের গল্পে দেখা যাবে, সাত বছর বয়সী শুভ বাবা-মায়ের ব্যস্ততার কারণে নিঃসঙ্গ বোধ করে। তার শিশুমনে জন্ম নেয় মিথ্যে বলার প্রবণতা। সব কিছু পেলেও বাবা মায়ের আদর না পেয়ে হতাশায় ভোগে শিশুটি। 

বাড়িতে আনন্দময় পরিবেশের জন্য শুভর মনে হাহাকার তৈরি হয় যা তার বাবা-মা বুঝতে পারে না। তাদের ঝগড়া শুভকে আরো অস্থির করে তোলে।

একদিন শুভ স্কুল থেকে বাসায় না ফিরে অচেনা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। পথে দেখা হওয়া এক বৃদ্ধকে দাদু মনে করে শুভ। এরপর ওই বৃদ্ধ মানুষটি শুভকে বুঝিয়ে বাসায় ফিরিয়ে আনে। 

একপর্যায়ে শুভর বাবা-মায়ের উপলব্ধি হয় সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার কাল্পনিক প্রতিযোগিতার দৌড়ে তারা সন্তানের সুন্দর বর্তমানকে নষ্ট করে দিচ্ছেন। তাদের ভেতরে অনুশোচনা তৈরি হয়। এমনই পারিবারিক গল্পে নির্মিত হয়েছে নাটকটি।