Published : 14 Jul 2026, 01:06 PM
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘আনন্দ সন্ধ্যা’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্রবাসী বাংলাদেশিরা।
‘অ্যাবাউট টাইম ইভেন্টস’ এবং ‘অল কাউন্টি হোমকেয়ার’ -এর যৌথ উদ্যোগে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জুইস সেন্টারে এ আয়োজন করেন তারা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার পাশাপাশি গান শোনান সংগীতশিল্পী স্বপ্নীল সজীব।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কলামনিস্ট তসলিমা নাসরিন। তিনি আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার এ উদ্যোগের প্রশংসা করেন।
এ বি ওয়ালিউদ্দিন চৌধুরীর পরিকল্পনা ও সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন অল কাউন্টি হোমকেয়ারের চেয়ারওম্যান সিফা আমিন।
বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও বহুজাতিক সমাজের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে গুরুত্বারোপ করেন। তারা বলেন, সংস্কৃতির মাধ্যমেই মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে।