Published : 13 Jul 2026, 11:26 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে’ (ডিইউএউকে)-এর প্রতিনিধিদল।
শনিবার সেন্ট্রাল লন্ডনের হিলটন হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর কাউন্সিল সভায় যোগ দিতে উপাচার্য বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। বৈঠকে ডিইউএউকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সিরাজুল বাছিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।
বৈঠকে প্রতিনিধিদলের পক্ষ থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম উপাচার্যের কাছে তুলে ধরা হয়। সভাপতি সিরাজুল বাছিত চৌধুরী জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়াসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, “গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৮৩টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের ১১৬ জন শিক্ষার্থীকে মোট ১৩ লাখ ৯২ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে। বর্তমানে সংগঠনটির ট্রাস্ট ফান্ডে প্রায় ২১ লাখ টাকা জমা রয়েছে।”
উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের কল্যাণে প্রবাসীদের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসীদের ‘গবেষণা তহবিল’ ও ‘শিক্ষক-শিক্ষার্থী কল্যাণ তহবিল’-এ সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনায় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও নির্বাহী সদস্য কামরুল হাসান অংশ নেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা সংশ্লিষ্ট যে কোনো উন্নয়নে প্রবাসীদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রসারে কাজ করার প্রতিশ্রুতির কথা জানান।