Published : 15 Jul 2026, 01:17 AM
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বাড়ির সিঁড়িতে এক নবজাতককে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
দুই থেকে তিন দিন বয়সি এই ছেলে শিশুটির সিঁড়িতে পড়ে থাকার খবর এলাকার মানুষের মধ্যে কৌতুহলের জন্ম দিয়েছে।
মঙ্গলবার সকালে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুটির পরিচয় জানতে এবং কীভাবে সে ওই বাড়ির সিঁডিতে এল, তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেছে, এদিন সকাল ৭টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের মাদারী বাড়িতে শিশুটিকে পাওয়া যায়। ভোরের দিকে কেউ বাড়িটির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে এই নবজাতককে রেখে চলে যায়।
সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা শিশুর কান্নার শব্দ শুনে সেখানে গিয়ে তাকে দেখতে পান। পরে তারা শিশুটিকে প্রাথমিক পরিচর্যা করেন।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ শিশুটিকে দেখতে ওই বাড়িতে ভিড় করেন। অনেকেই শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করলে সেখানে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়।
পরে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল বলেছেন, ওই নবজাতক সুস্থ আছে। তার পরিচয় শনাক্ত, চিকিৎসা এবং দত্তক সংক্রান্ত বিষয়ে আগামীকাল সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা করবেন তারা।
পরিচয় শনাক্ত না হলে প্রচলিত আইন অনুযায়ী আবেদনকারীদের যাচাই-বাছাই করে যোগ্য দম্পতির কাছে শিশুটিকে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন তিনি।
নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, যদি কেউ শিশুটিকে দত্তক নিতে চান, তবে সমাজসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে। শিশুটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।