১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

থিয়েটার সাস্টের রজতজয়ন্তীতে ক্যাম্পাসজুড়ে উৎসব

বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসব আগামী রোববার শেষ হবে।

থিয়েটার সাস্টের রজতজয়ন্তীতে ক্যাম্পাসজুড়ে উৎসব

সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পালিত হচ্ছে থিয়েটার সাস্টের রজতজয়ন্তী উৎসব।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 07:42 PM

Updated : 27 Jul 2023, 07:43 PM

 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নাট্য সংগঠন থিয়েটার সাস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে চারদিনের ‘রজতজয়ন্তী উৎসব’ শুরু হয়েছে।

তাতে পুরো ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। চারদিকে সাজসাজ রব।

বৃহস্পতিবার দুপুর পৌঁনে ২টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে উৎসবের উদ্বোধন করা হয়।

তার আগে উৎসবের টি-শার্ট উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে ক্যাম্পাসে একটি আনন্দশোভাযাত্রা হয়।

বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, থিয়েটার সাস্টের উপদেষ্টা অধ্যাপক হিমাদ্রী শেখর রায় এবং সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য কামরুজ্জামান তুপা, ইকবাল হোসেন, প্রাক্তন সভাপতি তন্ময় পালিত, সাধারণ সম্পাদক সাজু ভূঁইয়া, রজতজয়ন্তী উৎসবের আহ্বায়ক হাবিবা লাবনী শুভ্রা, থিয়েটার সাস্টের বর্তমান সভাপতি মেহেদী হাসান মিঠু, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সজীব উপস্থিত ছিলেন এ সময়।

Image

বৃহস্পতিবার উৎসবের শুরুতেই রজতজয়ন্তীর টি-শার্ট উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।

‘পঁচিশেও অনির্বাণ, নাটকের জয়গান’ স্লোগানে উদযাপিত হচ্ছে থিয়েটার সাস্টের রজতজয়ন্তী উৎসব।

১৯৯৭ সালে ৮ ডিসেম্বর যাত্রা করা থিয়েটার সাস্ট গতবছর ২৫ বছর পূর্ণ করলেও আয়োজন সংগঠনের সদস্যরা রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছেন এ বছর।

সংগঠনের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারদিনে তিনটি মঞ্চ নাটক ও সংগঠনের সাবেক-বর্তমান সদস্যদের পুনর্মিলনীর মাধ্যমে উৎসব উদযাপিত হবে।

উৎসবের প্রথমদিন বৃহস্পতিবার সন্ধ্যায় থিয়েটার সাস্টের মৌলিক নাটক ‘অভিনেতা’ মঞ্চস্থ করেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকর্মীরা। শুক্রবার সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে হবে পুনর্মিলনী অনুষ্ঠান।

Image

থিয়েটার সাস্টের মৌলিক প্রযোজনা ‘অভিনেতা’ নাটকটি বৃহস্পতিবার মঞ্চায়িত হয়। নাটকটি দেখতে প্রথম বর্ষের শিক্ষাথীদের কোনো টিকেট লাগেনি।

আগামী শনিবার নাট্যদল ‘আরণ্যকের’ প্রযোজনায় মঞ্চায়িত হবে নাটক ‘কহে ফেইসবুক’। শেষদিন রোববার ‘মণিপুরী থিয়েটার’ ও ‘হৃৎমঞ্চের’ যৌথ প্রযোজনায় ‘হ্যাপি ডেইজ’ নাটকটি মঞ্চায়িত হবে।

সবগুলো নাটক নির্দিষ্ট দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সন্ধ্যা ৬টা থেকে মঞ্চস্থ হবে। টিকেট কেটে যে কোনো নাটকপ্রিয় দর্শক তা উপভোগ করতে পারবেন।

এর মধ্যে বৃহস্পতিবার থিয়েটার সাস্টের নাটক ‘অভিনেতা’ টিকেট ছাড়াই উপভোগ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষাথীরা।

এ উৎসব উপলক্ষে ক্যাম্পাসের গোলচত্বর থেকে কেন্দ্রীয় মিলনায়তন পর্যন্ত ফুল ও রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে।

Image

কেক কাটার মাধ্যমে রজতজয়ন্তী উৎসবের শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূর আলম বলেন, “করোনাভাইরাস মহামারীতে সাংস্কৃতিক অঙ্গনে যে স্থবিরতা ছাপ ফেলেছিল, থিয়েটার সাস্টের রজতজয়ন্তী উৎসবের মাধ্যমে তা আবার পুরনো আমেজে ফিরছে।”

থিয়েটার সাস্টের উপদেষ্টা সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই থিয়েটার সাস্ট ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করছে। সমাজবাস্তবতার বিভিন্ন চিত্র তাদের নাটকগুলোতে স্থান পায়। গত ২৫ বছর ধরে সংগঠনটি ক্যাম্পাসে নিজেদের অবস্থানকে ফুটিয়ে তুলেছে। শিক্ষার্থীরা একটি সৃজনশীল প্লাটফর্মে থেকে কাজ করার সুযোগ পাচ্ছে।”