২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মুদ্রানীতি ৬ মাসের, পর্যালোচনা শুরু

এক বছরের বদলে ছয় মাস পরই নতুন মুদ্রানীতি ঘোষণা করতে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক।

আগামী মুদ্রানীতি ৬ মাসের, পর্যালোচনা শুরু

বাংলাদেশ ব্যাংক।

শেখ আবু তালেব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2022, 12:34 AM

Updated : 06 Dec 2022, 12:45 AM

ব্যাংকিং খাতে তারল্য সংকটের চাপ, বিদেশি মুদ্রার সরবরাহে টান, টাকার মান কমে যাওয়া, মূল্যস্ফীতি আর চলতি হিসাবে ঘাটতি বয়ে বেড়ানোর মত অর্থনৈতিক প্রেক্ষাপটে এক বছরের মুদ্রানীতির আগের সিদ্ধান্তে বদল আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক; চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন নীতি প্রণয়নের কাজ শুরু হয়েছে।

চলতি ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতি কেমন হবে সেটির ভঙ্গিমা ঠিক করতে কাজে নেমে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এক বছরের মুদ্রানীতির সিদ্ধান্ত থেকে সরে এসে আগের মত বছরে দুটি মুদ্রানীতি বহাল রাখতে সেভাবেই প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে অর্থনীতিবিদদের নিয়ে প্রথম দফার বৈঠক শেষ করেছে সোমবার।

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য আলাদা মুদ্রানীতি প্রণয়নের কাজ শুরু হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জানুয়ারি মাসে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। এজন্য মুদ্রানীতি পর্যালোচনা করতে অর্থনীতিবিদদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে।

সাবেক গভর্নর ফজলে কবির গত ৩০ জুন মূল্যস্ফীতির চাপ সামাল দিতে অর্থের জোগান আরও কমাতে রেপো (পুনঃক্রয় চুক্তি) সুদহার বাড়িয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য ‘সংকোচনমুখী’ মুদ্রানীতি ঘোষণা করেছিলেন। তখন বলা হয়েছিল এ মুদ্রানীতি হবে এক বছর মেয়াদের, যা জুন পর্যন্ত বহাল থাকবে।

ওই মুদ্রানীতির ছয় মাস শেষ হবে ডিসেম্বরে। এখন সেটি পর্যালোচনার কাজে নেমেছে বাংলাদেশ ব্যাংক।

এক সময়ে ছয় মাসের জন্যই মুদ্রানীতি প্রণয়ন করা হত। ২০১৯-২০২০ অর্থবছর থেকে এক বছরের জন্য মুদ্রানীতি ঘোষণার প্রচলন শুরু করেন সাবেক গভর্নর ফজলে কবির।

বছরে আগের মত দুইবার মুদ্রানীতি ঘোষণা করতে পরামর্শ এসেছিল ঋণ নিয়ে ঢাকায় আলোচনা করতে আসা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের কাছ থেকেও। তখন বাংলাদেশ ব্যাংকও তাতে সম্মতি দিয়ে ছয় মাসের মুদ্রানীতি করার কথা বলেছিল। সেটির আলোকেই আগামী জানুয়ারিতে ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

পুরনো খবর:

মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি

মুদ্রানীতির ধরন কেমন হতে পারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানুয়ারিতে ঘোষণার সময়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পরামর্শের জন্য অর্থনীতিবিদদের মতামত নেওয়া হচ্ছে।

সোমবার বিকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অর্থনীতিবিদদের সঙ্গে ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

মুদ্রানীতি প্রণয়নের আগে বরাবরই অর্থনীতিবিদ, গবেষণা সংস্থার প্রতিনিধি ও সাবেক গভর্নরদের সঙ্গে বৈঠক করে থাকে বাংলাদেশ ব্যাংক।

সোমবারের বৈঠকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রতিনিধি, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নিবাহী পরিচালক সেলিম রায়হানসহ অর্থনীতিবিদরা অংশ নেন।

সরকার বাজেটে যে নীতি ও উন্নয়ন কর্মসূচি ঠিক করে, তা বাস্তবায়নের জন্য সহায়ক আর্থিক পরিবেশ সৃষ্টি এবং নির্দিষ্ট সময়ে বাজারে অর্থের প্রবাহ ঠিক রাখাই মুদ্রানীতির লক্ষ্য।

এমনভাবে এই নীতি সাজানো হয় যাতে অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্য পূরণের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দারিদ্র বিমোচনে সরকারের প্রত্যাশা পূরণ সম্ভব হয়।

এদিন আলোচনায় অংশ নেওয়া পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বাস্তবসম্মত মুদ্রানীতি প্রণয়ন হলে দেশের অর্থনীতি বেগবান হবে। এজন্য সিদ্ধান্ত গ্রহণে অর্থনীতির প্রধান প্রধান সূচকের চিত্রের বিষয়ে গভর্নরকে অবহিত করা হয়েছে। আস্থার সংকট কাটিয়ে উঠতে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি।’’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ঋণ বিতরণ ইস্যুতে কৌশল নির্ধারণে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন সেলিম রায়হান।

‘সতর্কতামূলক মুদ্রানীতি ভঙ্গি অনুসরণ ও কিছুটা সংকোচনমুখী’ ঠিক করে ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল।

সেখানে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৬৩ হাজার কোটি টাকা ঋণ যোগানোর ব্যবস্থা রাখা হয়েছিল। তাতে সরকারি ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৩৯. ৪ শতাংশ, যা গতবার ৩৬ দশমিক ৬ শতাংশ ছিল।

আর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৪.১ শতাংশ, যা গতবার ছিল ১৪ দশমিক ৮ শতাংশ।

সব মিলিয়ে মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৮.২ শতাংশ, যা ২০২১-২২ অর্থবছরে ১৭ দশমিক ৮০ শতাংশ র্নিধারণ করা হয়েছিল।

মুদ্রানীতিতে ব্যাপক মুদ্রা (এম২) প্রবৃদ্ধি কিছূটা কমিয়ে ধরা হয়েছে ১২.১ শতাংশ, গতবার এ সীমা নির্ধারণ করা হয়েছিল ১৫ শতাংশ।

জাতীয় বাজেটে ২০২২-২৩ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি ৫.৬ শতাংশে ধরে রাখার পরিকল্পনার নির্ধারণ করে সরকার।