প্রবাসী রেমিটেন্স আনতে পারবে পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররাও
বর্তমানে ১৮টি কোম্পানি পিএসপিএস হিসেবে সেবা দিচ্ছে।
প্রবাসীদের আয় দেশে আনার সুযোগ পাচ্ছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপিএস) কোম্পানিও। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ সুযোগ দেওয়ায় প্রবাসীরা আগের চেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স পাঠাতে আগ্রহী হবেন। বুধবার এ বিষয়ে সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশি বৈধ কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশে অনুমোদিত পিএসপিএস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আনতে পারবে। আর পিএসপিএসের মাধ্যমে আসা রেমিটেন্সের সমপরিমাণ টাকা যোগ হয়ে যাবে গ্রাহকের পিএসপিএস ওয়ালেটে। এ ওয়ালেটে থাকা অর্থ দিয়ে স্থানীয় লেনদেন করতে পারবেন প্রবাসীরা।
বাংলাদেশে বর্তমানে ১৮টি কোম্পানি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে কাজ পিএসপিএস হিসেবে সেবা দিচ্ছে। এর আগে প্রবাসীদের রেমিটেন্স আনার সুযোগ দেওয়া হয় মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) কোম্পানিগুলোকে।
এমএফএস কোম্পানিগুলোর মোবাইল হিসাবের মাধ্যমে অর্থ উত্তোলন, জমা, স্থানান্তর ও পরিষেবা ফি পরিশোধ করা যায়। অন্যদিকে গ্রাহকের ব্যাংক হিসাবের মাধ্যমে পিএসপিএস ওয়ালেট সেবা দিয়ে থাকে। পিএসপিএস কোম্পানিতে থাকা এ ওয়ালেট ব্যবহার করে গ্রাহকরা কেনাকাটাসহ বিভিন্ন পরিষেবা ফি পরিশোধ করতে পারেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
