ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোন আনছে স্টিকার পেমেন্ট কার্ড
প্রচলিত পেমেন্ট কার্ড সঙ্গে না রেখেও নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রে কন্ট্যাক্টলেস প্রযুক্তির মাধ্যমে লেনদেন করা সম্ভব যাবে।
দ্রুত ও সহজে কন্ট্যাক্টলেস লেনদেনের সুবিধা দিতে কো-ব্র্যান্ডেড প্রিপেইড স্টিকার পেমেন্ট কার্ড চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), মাস্টারকার্ড ও গ্রামীণফোন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাস্টারকার্ড জানায়, প্রিপেইড স্টিকার কার্ডটি স্মার্টফোন বা অন্য উপযুক্ত ডিভাইসে লাগিয়েও ব্যবহার করা যাবে। ফলে প্রচলিত পেমেন্ট কার্ড সঙ্গে না রেখেও নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রে কন্ট্যাক্টলেস প্রযুক্তির মাধ্যমে লেনদেন করা সম্ভব হবে।
কার্ডটির মাধ্যমে মাইজিপি থেকে নির্দিষ্ট ওটিটি সেবা ও বান্ডল কেনা, মাইজিপি শপে লেনদেন এবং লার্নিং কোর্স কেনার ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
এ ছাড়া নির্দিষ্ট গ্রামীণফোন ফাই (জিপিএফআই) সাবস্ক্রিপশনে ৩ শতাংশ ক্যাশব্যাক এবং নির্ধারিত রোমিং প্যাক কেনায় ৫০ টাকা ক্যাশব্যাকের সুবিধা রয়েছে।
জিপিস্টার ও মাস্টারকার্ডের অংশীদার মার্চেন্টদের কাছ থেকেও বিশেষ অফার পাওয়া যাবে। নির্দিষ্ট লেনদেনের মাধ্যমে দ্রুত মাইজিপি পয়েন্ট অর্জনের সুযোগও থাকছে।
কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ, মাস্টারকার্ডের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সান্দুন হাপুগোদা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা এবং গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী নতুন ও আধুনিক আর্থিক সেবা দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন এই উদ্যোগ। ব্যাংকিং, কানেক্টিভিটি ও বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তির সমন্বয়ে স্টিকার পেমেন্ট কার্ডটি দৈনন্দিন ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সুবিধাজনক ও সাশ্রয়ী করে তুলবে। একই সঙ্গে গ্রাহকেরা পাবেন নানা ধরনের সুবিধা।”
মাস্টারকার্ডের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, “পেমেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে এমন ধরনের লেনদেনের ওপর, যা সহজ, নিরাপদ এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে খুব স্বাভাবিকভাবে যুক্ত। এই উদ্যোগের মাধ্যমে আমরা পেমেন্টের উদ্ভাবনী একটি ধরন নিয়ে এসেছি। এটি গ্রাহকদের জন্য আরও বিকল্প তৈরি করবে এবং বাংলাদেশে কন্ট্যাক্টলেস পেমেন্টের প্রসারে ভূমিকা রাখবে।”
কার্ডটির প্রথম বছরের বার্ষিক মাশুল মওকুফ করা হয়েছে। এক ক্যালেন্ডার বছরে এক লাখ টাকা বা তার বেশি খরচ করলে পরবর্তী বার্ষিক মাশুলও মওকুফের সুবিধা থাকবে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “ডিজিটাল জীবনযাপনে অভ্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকেরা এমন পেমেন্ট সমাধান চাইছেন, যা সহজ, সুবিধাজনক ও তাদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্টিকার পেমেন্ট কার্ডের মাধ্যমে গ্রাহকেরা মাইজিপিতে যে ডিজিটাল সেবা ও সুবিধাগুলো ব্যবহার করেন, সেগুলোর সঙ্গে পেমেন্টের সুবিধাও যুক্ত হচ্ছে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনে আরও বেশি সুবিধা ও ইতিবাচক পরিবর্তন আনার যে অঙ্গীকার আমাদের রয়েছে, এই উদ্যোগ তারই প্রতিফলন।”
