Published : 06 Jul 2026, 09:49 PM
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমানকে ডেপুটি গভর্নরের দায়িত্ব দেওয়ার দিনই ওই পদের আরেকজনকে সরাল সরকার।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আনিছুর রহমানের নতুন দায়িত্বের কথা তুলে ধরা হয়; এরপর আরেকটি প্রজ্ঞাপনে ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীকে সরানোর কথা বলা হয়।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন ডেপুটি গভর্নর হয়েছিলেন। তিন বছরের দায়িত্বে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর। সে হিসেবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৪ মাস আগেই তাকে ওই পদ থেকে সরানো হল।
ডেপুটি গভর্নরের আগে জাকির হোসেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন।
অপরদিকে আনিছুর রহমানকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর করা হয়েছে।
আনিছুর রহমান ছাড়াও এখন ডেপুটি গভর্নরের দায়িত্বে রয়েছেন হাবিবুর রহমান, কবির আহাম্মদ ও সরোয়ার হোসেন।
এর আগের ডেপুটি গভর্নর নূরুন নাহারের মেয়াদ শেষ হয় গত ১ জুলাই; সেদিনই ওই দায়িত্বে আসেন সরোয়ার হোসেন।