পদ্মা সেতুর তিন কাজে পরামর্শক সেনাবাহিনী
পদ্মা সেতু প্রকল্পের তিনটি কাজের পরামর্শক হিসেবে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সবচেয়ে বড় এ অবকাঠামো প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, “একটা বিষয়ে আপডেট আছে তা হলো- সেনাবাহিনীকে লোকাল কনসালটেন্ট হিসাবে নিয়োগ দিয়েছি।”
জাজিরা পয়েন্টে সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। সেখানে মালামাল ও লোকবল নিয়োগ করা হয়েছে। কিছু দিনের মধ্যে মাওয়া পয়েন্টে সংযোগ সড়কের কাজ শুরু হবে।”
তিনি জানান, মাওয়া ও জাজিরা প্রান্তে দুটি সংযোগ সড়ক নির্মাণ এবং সার্ভিস এলাকা নির্মাণের ক্ষেত্রে পরামর্শক হিসেবে কাজ করবে সেনাবাহিনী।
“জাজিরা পয়েন্টে সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। সেখানে মালামাল ও লোকবল নিয়োগ করা হয়েছে। কিছু দিনের মধ্যে মাওয়া পয়েন্টেও সংযোগ সড়কের কাজ শুরু হবে।”
মন্ত্রী জানান, পদ্মা সেতুর মূল কাঠামোর কাজ পেতে তিনটি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। এছাড়া মূল সেতু ও নদী শাসনের তদারকির জন্য আরেকটি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হবে, যার জন্য ১১টি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে।
টেকনিক্যাল কমিটি যাচাইবাছাই করে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে কাদের জানান।
দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর চলতি বছরের শুরুতে বিশ্ব ব্যাংকের সঙ্গে অর্থায়ন চুক্তি থেকে সরে আসে সরকার। এরপর নিজস্ব অর্থায়নে ৬.১ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণের জন্য দরপত্র ডাকা হয়।
এ সেতু নির্মাণে চীন ও মালয়শিয়ার প্রস্তাব বিবেচনা করা হবে কি না জানতে চাইলে কাদের বলেন, “আমার মনে হয় সেই প্রস্তাব বিবেচনার সুযোগ আর নেই। কারণ ইতোমধ্যে দরপ্রস্তাব আহ্বান করা হয়েছে।”
পার্বত্য জেলার সড়ক
পার্বত্য শান্তিচুক্তির আলোকে তিন পার্বত্য জেলার সড়ক পার্বত্য জেলা পরিষদকে দেয়ার সিদ্ধান্ত হলেও তা পুনরায় যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।
রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সড়কগুলোর ‘বেহাল’ দশা তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাদের প্রস্তাব প্রত্যাহারে আনুষ্ঠানিক চিঠি দিলে আমরা তা বিবেচনা করব।”
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় তিন পার্বত্য জেলার সড়ক ও বিআরটিএর জেলা অফিস এ বছরের ১ জুলাই পার্বত্য তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়।
মন্ত্রী জানান, গত ১৭ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাদের প্রস্তারের ওপর চুক্তি করতে একটি খসড়া যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যা যাচাই-বাছাই করে ফেরতও পাঠানো হয়েছে। এখন এটি আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষায়।
মন্ত্রী বলেন, তিন পার্বত্য এলাকায় সড়কগুলো তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের জন্য নির্ধারিত থাকায় ওইসব এলাকার সড়ক সংস্কারে অর্থ মন্ত্রণালয় কোনো অর্থ যোগাযোগ মন্ত্রণালয়কে বরাদ্দ দেয়নি। ফলে কয়েকটি সড়কের খুবই খারাপ অবস্থা হয়েছে।
হরতালসহ বিভিন্ন কারণে ঈদের পরে ঢাকামুখী মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেন যোগাযোগ মন্ত্রী।
তিনি বলেন, “যানজটে শিশু, মহিলা, বৃদ্ধসহ যাত্রীদের যে কষ্ট হয়েছে। মন্ত্রী হিসাবে আমি সেই দায় এড়াতে পারি না, দায় এড়িয়েও যাইনি। এ অপ্রত্যাশিত দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চাইছি।”
ঈদে সব পোশাক কারখানার শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে দু’তিন ধাপে ছুটি দিলে বাড়তি চাপ সহজেই মোকাবেলা করা সম্ভব বলেও মত প্রকাশ করেন মন্ত্রী।
