২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার সংযোগ সড়কে সেনা সহায়তার প্রস্তাব

পদ্মা সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে সেতু বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 08:27 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার সেতু ভবনে সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা পয়েন্টে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া নির্মাণের কাজ তদারকি করা ও নিরাপত্তা দেয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তাব করেছে সেতু বিভাগ।

বুধবার আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর সংশ্লিষ্ট বিভাগের কাছে এ প্রস্তাব যাবে বলে তিনি জানান।

দুর্নীতির অভিযোগ নিয়ে টানাপোড়েনে পদ্মা সেতু প্রকল্পের মূল অর্থায়নকারী সংস্থা বিশ্ব ব্যাংক বাদ পড়ার পর নিজস্ব অর্থায়নে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণের ঘোষণা দেয় সরকার।

এরপর এই বছরের শুরুতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হাতিরঝিল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সেনাবাহিনীকে পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল আবদুল মুহিত গত ৯ এপ্রিল জানান, জুন মাসের মধ্যে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের দরপত্র ডাকা হবে।

পদ্মা সেতুর মূল কাজ শুরুর আগে এ তিনটি কাজের তদারকির দায়িত্ব পেলো সেনাবাহিনী।

যোগাযোগমন্ত্রী বলেন, “সেনাপ্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেনশ-এর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাদের কাছে এ কাজের সুপারভিশন ও সেফটির জন্যে সহায়তা চেয়েছি।”

এ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের কাজে সেনাবাহিনীর কাজ নিয়ে প্রশ্ন না ওঠায় তাদেরকেই তদারকির কাজ দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

জুনের দিকে পদ্মার মূল সেতুর দরপত্র আহ্বান করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

এর আগে জাজিরা পয়েন্টে (১২ কিলোমিটার) ১২০০ কোটি টাকার ও মাওয়া পয়েন্টে (২ কিলোমিটার) ২২০ কোটি টাকার সংযোগ সড়ক এবং ২৪০ কোটি টাকার সার্ভিস এরিয়ার কাজ শুরু হচ্ছে।

ওবায়দুল কাদের জানান, চলতি মাসের শেষে মাওয়া পয়েন্টের সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার দরপত্র আহ্বান ও মে মাসে জাজিরা পয়েন্টে কাজ শুরু করা যাবে।

“আজ (মঙ্গলবার) প্রাথমিক আলোচনার পর সেতু বিভাগের আনুষ্ঠানিক প্রস্তাব যাবে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গনাইজেশনে। এ মাসের মধ্যেই এর রেসপন্স করবে তারা” বলেন তিনি।

সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মূল সেতুর প্রাথমিক কাজে সেনাবাহিনীর সহায়তা পিপিআর মেনেই চাওয়া হয়েছে। বিনা দরপত্রেই তাদের কাজটি দেওয়া হয়েছে। তারা চাইলে অন্য কারো সহায়তাও নিতে পারবে।

তদারকির কাজে নতুন করে দরপত্র আহ্বান করা হলে তা সময় সাপেক্ষ হবে বলেও মনে করেন তিনি।

সেতু ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম, হাতিরঝিল প্রকল্পের ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদসহ সেনাবাহিনী ও সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাতিরঝিল প্রকল্পসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা গোমতী সেতু সংস্কারে সেনাবাহিনী সহায়তা নেয়া হয়।