২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফডিআই বৃদ্ধির পথ করতে ইইউর সুপারিশ

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে বৈদেশিক মুদ্রা বিনিময় আইন সংশোধন ও বিদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধিসহ বেশ কিছু সুপারিশ অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের আশ্বস্ত করে বলেছেন, দেশে চলমান ‘রাজনৈতিক অস্থিরতা’ আগামী এক মাসের মধ্যে ‘সমাধান’ হয়ে যাবে বলে মনে করেন তিনি।

তবে কীভারে এর সমাধান হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

সোমবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুহিত।

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানার নেতৃত্বে ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং, স্পেনের রাষ্ট্রদূত তেজাদা চাকোন, ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রিনকুইয়ে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জার্বেন ইয়ং ও জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনিয়ে এ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে খুব বেশি উদ্বেগ নেই বলে তারা আমাকে জানিয়েছেন।

“...তবে তারা আমাকে সংক্ষেপে বলেছেন, তাদের দেশের লোকজন রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে আসতে পারছেন না। আমি তাদের আশ্বস্ত করেছি, আগামী এক মাসের মধ্যে এর সমাধান হয়ে যাবে।”

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে ‘খুব সুন্দর’ আলোচনা হয়েছে বলেও মন্ত্রী জানান।

তিনি বলেন, ইইউ প্রতিনিধিরা বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, সেবা, ওষুধ ও পাট খাতে বিনিয়োগসহ নতুন শিল্প স্থাপনে আগ্রহী। এজন্য এসব খাতে বৈদেশিক বিনিয়োগের কিছু বিধি-বিধান পরিবর্তনের সুপারিশ করেছেন তারা।

বৈদেশিক মুদ্রা বিনিময় আইন সংশোধন, নতুন শিল্প স্থাপনে বিদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি এবং ওষুধ আমদানির ক্ষেত্রে যে কোনো দেশ থেকে আমদানির অনুমতি দেয়ার বিষয়ে ইউরোপীয় প্রতিনিধিরা সুপারিশ করেছেন বলে জানান মন্ত্রী।

মুহিত বলেন, ইইউ প্রতিনিধিরা দীর্ঘ মেয়াদী নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন।

অন্যদিকে মুহিত তাদের জানিয়েছেন, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাধাগুলো অপসারণে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি এফডিআই কমিটি করা হয়েছে।

উইলিয়াম হানা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে আমাদের বিনিয়োগ আছে। বিনিয়োগ আরো বাড়াতে বৈঠকে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়েছে।”