পদ্মার জট কাটাতে ওয়াশিংটন যাওয়ার প্রস্তুতি মুহিতের
পদ্মা সেতু প্রকল্পের জট কাটাতে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে নতুনভাবে প্রকল্পের কাজ শুরু এই সরকারের আমলে সম্ভবপর হবে না স্বীকার করে তা এড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।
অর্থমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর কাজ দ্রুত শুরু করতে তিনি বিশ্ব ব্যাংককে এই প্রকল্পে চান। তবে ব্যর্থ হলে অন্য উপায় খুঁজবেন।
মুহিত সাংবাদিকদের বলেন, তিনি আলোচনার জন্য বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের কাছে সময় চেয়েছেন। সময় পেলে ফেব্রুয়ারির শুরুতেই ওয়াশিংটন যাবেন তিনি।
“ওয়াশিংটনে (বিশ্ব ব্যাংকে) আমাদের বিকল্প নির্বাহী পরিচালক (মোহাম্মদ তারেক) বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। তিনি (তারেক) বলেছেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নিয়ে আন্তরিক। আশা করছি, তার সঙ্গে কথা বললে সমস্যার সমাধান হবে।”
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা। তবে দুর্নীতির অভিযোগ তুলে তারা অর্থ এখনো না দেয়ায় ঝুলে আছে দেশের বহু প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ।
বিশ্ব ব্যাংক অর্থায়ন একবার বাতিল করলেও পরে সরকারের নানামুখী তৎপরতায় প্রকল্পে ফিরে আসে। এরপর দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণে তিন সদস্যের একটি প্যানেল গঠন করে।
এই পর্যবেক্ষক প্যানেলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু নির্মাণ।
সরকার তাই জানুয়ারির মধ্যে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত চাচ্ছে; যদিও দুদক মামলা করার পর বিশ্ব ব্যাংক এখনো কিছু না বললেও পর্যবেক্ষক প্যানেল তাদের অসন্তোষের কথা স্পষ্ট করেছে।
বিশ্ব ব্যাংককে সঙ্গে নিয়েই এই প্রকল্প বাস্তবায়নে শুরু থেকে অবস্থান নেয়া মুহিত বলেন, “আমরা দ্রুত পদ্মা সেতুর কাজ শুরু করতে চাই। বর্তমানে যে প্রকল্প, এটা অনেক দূর এগিয়ে আছে। ১০ দিনের মধ্যেই টেন্ডার আহ্বান করতে পারি, শর্টলিস্টও হয়ে গেছে।
“এটা হলে হলে আমরা ইমিডিয়েট কাজটা শুরু করতে পারি। সবচেয়ে ভালো হয়, বিশ্ব ব্যাংককে নিয়ে পদ্মা সেতুর কাজ শুরু করা। আমি চেষ্টা করছি এই প্রকল্পে বিশ্ব ব্যাংককে রাখতে।”
বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করলে বর্তমান সরকারের মেয়াদে পদ্মা সেতুর কাজ শুরু করা সম্ভব হবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “সত্যি কথা বলতে কি, বর্তমানে প্রকল্পটি যে অবস্থায় আছে, বিকল্প কোনো ব্যবস্থায় এই সেতুর কাজ আমাদের সরকারের মেয়াদে শুরু করা সম্ভব হবে না।”
বিশ্ব ব্যাংকের বিবৃতিতে বিস্মিত মুহিত
বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিন আগেই বলেছেন, নিজস্ব উদ্যোগে সেতু নির্মাণের প্রস্তুতিও সরকারের রয়েছে। অর্থের বিকল্প উৎস হিসেবে মালয়শিয়া, চীন ও ভারতের কথাও বলেন তিনি।
বিশ্ব ব্যাংক সরে গেলে কী হবে- জানতে চাইলে মুহিত বলেন, “তাহলে এডিবি, জাইকা ও আইডিবিকে নিয়ে দ্রুত কাজটা শুরু করতে চাই আমরা। এই চার দাতা সংস্থার মধ্যে একটা-দুইটা খসে গেলেও সমস্যা হবে না। তবে আমাদের কষ্ট হবে।”
বিশ্ব ব্যাংক অর্থায়ন না করলে অন্য সংস্থাগুলো অর্থায়ন করবে কিনা- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা অন্য সংস্থাগুলোকে এ প্রকল্পে রাখতে চেষ্টা করব। আশা করছি, তারা থাকবে।”
অন্য কেউ পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করতে চেয়েছে কিনা- এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “কিছুদিন আগে আমি যখন চায়না সফরে গিয়েছিলাম তখন চাইনিজ একটি প্রতিষ্ঠান আমাদের এই প্রকল্পে অর্থায়ন করতে চেয়েছিল।”
শেষ পর্যন্ত বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করবে কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার বিশ্বাস বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করবে, সময়টা নিয়েই সমস্যা।
“আমরা চাই কাজটা দ্রুত শুরু করতে। আর সে চেষ্টাই চালিয়ে যাচ্ছি।”
