‘এ মাসেই বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত চায় সরকার’
সরকার পদ্মাসেতুতে অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত এ মাসের মধ্যেই জানতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংক অর্থায়ন না করলে ‘অন্য উপায়’ দেখতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ব ব্যাংক প্যানেল দুদকের সঙ্গে যোগাযোগ রাখছে। আমাদের সঙ্গে যোগাযোগ নেই। আমরা যোগাযোগ করতেও চাই না। তদন্তের বিষয়টি প্যানেল ও দুদকের বিষয়।”
“এ মাসের মধ্যে আমরা বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত চাই। তা না হলে অন্য উপায় দেখতে হবে।”
অন্য উপায় কী হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, “অন্য ফাইনান্সিয়াররা আছে, আমাদের নিজেদের ইনভেস্টমেন্টও আছে।”
সরকার এ মাসেই কেন বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত চাইছে- এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, সরকার এই শুষ্ক মৌসুমেই সেতুর কাজ শুরু করতে চাইছে।”
অর্থমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংককেও ‘বিভিন্নভাবে’ বিষয়টি জানানো হয়েছে।
“কয়েক দিন আগে বিশ্ব ব্যাংকে আমাদের নির্বাহী পরিচালক বিশ্ব ব্যাংকের সভাপতির সঙ্গে দেখা করেছেন। তখন তার অভিব্যক্তি এমন ছিল যে এ প্রকল্প এগিয়ে যাক।”
এছাড়া দুদক চেয়ারম্যানকে বিশ্ব ব্যাংকের চিঠির জবাব দ্রুত দেয়ার অনুরোধ করেছেন বলেও তিনি জানান।
কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক।
দুদক এরপর তদন্ত শুরু করলেও সরকারের সঙ্গে মতভেদ না কাটায় গত জুন মাসে বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিল করে। এরপর সরকারের নানামুখী তৎপরতায় তারা সিদ্ধান্ত বদলায়।
তাদের দেয়া শর্ত অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করে।
এই পর্যবেক্ষক প্যানেলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণ, আর সরকার সেই সিদ্ধান্তই চাইছে।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার কারণে গত বছর মালয়শিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। দুইপক্ষের মধ্যে সমঝোতাও হয়।
এছাড়া প্রধানমন্ত্রীর উদ্যোগে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ অনুদান নিয়ে এ প্রকল্প বাস্তবায়নেও প্রক্রিয়া শুরু হয়েছিল গতবছর। অনুদানের অর্থ সংগ্রহের জন্য দুটি ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়েছিল।
