২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের তদন্ত: ‘বিশ্ব ব্যাংক এখনো সিদ্ধান্ত নেয়নি’

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্তে বিশ্ব ব্যাংক গঠিত প্যানেল অসন্তোষ প্রকাশ করলেও তা সংস্থার অবস্থান নয় বলে জানিয়েছেন এলেন গোল্ডস্টাইন।

আশিক হোসেন

ও সালাহউদ্দিন ওয়াহিদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 12:17 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

ঢাকায় এই সংস্থার মিশন প্রধান বলেছেন, তিন সদস্যের ওই প্যানেলের প্রতিবেদন দেখে তারা সিদ্ধান্ত জানাবেন এবং তা এই মাসেই আসতে পারে।

দুদক কমিশনার এস সাহাবউদ্দিনের বক্তব্য এবং কয়েকটি দৈনিকে অসন্তোষের সংবাদ প্রকাশের পর মঙ্গলবার বিশ্ব ব্যাংকের প্রতিক্রিয়া জানান গোল্ডস্টাইন।

দুদকের তদন্তে বিশ্ব ব্যাংক সন্তুষ্ট- সাহাবউদ্দিন এই দাবি করলেও দুটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে তদন্ত প্যানেলের পাঠানো চিঠি উদ্ধৃত করে বলা হয়েছে, প্যানেল তদন্ত নিয়ে অসন্তোষের কথা জানিয়েছে।

এই বিষয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সাহাবউদ্দিনের বক্তব্য এবং চিঠি দুটোই ‘সত্যি’।

প্রকাশিত সংবাদের বিষয়ে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি গোল্ডস্টাইন মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,  এ বিষয়ে সংবাদ মাধ্যমে ‘নেতিবাচক’ যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তা ‘এক্সটার্নাল প্যানেলের’ অবস্থান থেকে করা হয়েছে, তা বিশ্ব ব্যাংকের অবস্থান নয়।

“এটা একটা সম্পূর্ণ স্বাধীন প্যানেল। তারা বিশ্ব ব্যাংকের হয়ে কথা বলে না। আমরাও তাদের হয়ে কথা বলি না।”

দুর্নীতির অভিযোগ তুলে প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর আবার ফিরে আসা বিশ্ব ব্যাংক দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে তিন সদস্যের একটি প্যানেল গঠন করে, যার প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পো। 

এই প্যানেলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে, বিশ্ব ব্যাংক ২৯১ কোটি ডলারের এই প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেবে কি না?

গত ডিসেম্বরে দুদকের সঙ্গে মতানৈক্য নিয়ে ঢাকা ছেড়ে যাওয়া বিশ্ব ব্যাংক প্যানেল চার দিন আগে তদন্ত নিয়ে একটি চিঠি পাঠায়।

ওই চিঠির কথা জানিয়ে দুদক কমিশনার সাহাবউদ্দিন সোমবার সাংবাদিকদের বলেন, চিঠি পড়ে দুদকের মনে হয়েছে, বিশ্ব ব্যাংক প্যানেল তদন্তের কাজে সন্তুষ্ট।

তবে ওই চিঠি উদ্ধৃত করে দুটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, দুদকের তদন্তে সন্তুষ্ট হয়নি বিশ্ব ব্যাংক প্যানেল।দুদকের করা তদন্ত অসম্পূর্ণ এবং তা নিরপেক্ষ হয়নি বলে মত জানিয়েছে তারা।

গোল্ডস্টাইন বলেন, বিশ্ব ব্যাংক এখনো প্যানেলের প্রতিবেদন হাতে পায়নি। এ প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হবে।

কবে নাগাদ বিশ্ব ব্যাংক তাদের অবস্থান জানাবে- জানতে চাইলে তিনি বলেন, “আমি আশা করছি, জানুয়ারি মাসেই এ বিষয়ে বিশ্ব ব্যাংক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারবে।”

রাজধানীর বাস নেটওয়ার্ক ও নিয়ন্ত্রক সংস্থার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোল্ডস্টাইন।

ওই সেমিনারে উপস্থিত যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই পদ্মা সেতুর বিষয়ে সব ‘অনিশ্চয়তা’ কেটে যাবে বলে আশা করছি।

“আগামী ফেব্রুয়ারি মাসেই পদ্মার বিষয়ে সব অনিশ্চয়তা দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে।”

বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই পদ্মা সেতুর কাজ শুরু করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

এদিকে বিশ্ব ব্যাংক প্যানেলের চিঠি নিয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, কমিশনার সাহাবুদ্দিনের বক্তব্য নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

চিঠি ধরে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, “চিঠিতে যা রয়েছে তা সত্য। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন- তদন্ত প্যানেলের এ চিঠিকে দুদক ইতিবাচক হিসেবে দেখছে। তিনি কোনো ভুল কথা বলেননি।”

বিশ্ব ব্যাংকের প্যানেলের অবস্থান সম্পর্কে গোলাম রহমান বলেন, “তদন্ত প্যানেল দ্বিতীয় সফরে আমাদের জানিয়েছিল, আবুল হোসেনের সঙ্গে এসএনসি লাভালিনের সাক্ষাতকারের সময় প্রকল্প ব্যয়ের চার শতাংশ কমিশন (ঘুষ) দেয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।

“চার শতাংশ কমিশনের এ বিষয়টি দুদক প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারে কি না- এ বিষয়ে জিজ্ঞাসাও করে তদন্ত প্যানেল।”

“এর উত্তরে আমরা জানিয়েছি- যেহেতু ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এবং এর তদন্ত ও বিচার হবে বাংলাদেশের আইন অনুয়ায়ী। সুতরাং এ বিষয়ে দালিলিক কোনো প্রমাণ ছাড়া আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করা আইনানুগভাবে সম্ভব না,” দুদকের অবস্থান জানান চেয়ারম্যান।

আসামি কাদের কাদের করা হবে- সে বিষয়ে মতপার্থক্য নিয়ে বিশ্ব ব্যাংক প্যানেল ঢাকা ছাড়ার ১২ দিন পর গত ১৭ ডিসেম্বর দুদক দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে মামলা করে।

এতে প্রধান আসামি করা হয় সেতু বিভাগের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়াকে। এরপর এজাহারের অনুলিপি বিশ্ব ব্যাংককে পাঠায় দুদক।

সৈয়দ আবুল হোসেনের বিষয়ে বলা হয়, অনুসন্ধান পর্বে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে আসামি করা হয়নি।

অবশ্য দুদক কর্মকর্তারা একইসঙ্গে বলেন, মামলার তদন্তে যদি প্রমাণ পাওয়া যায়, তবে কাউকে ছাড় দেয়া হবে না। 

গোলাম রহমান বলেন, মামলার তদন্তের জন্য বিশ্ব ব্যাংকের প্যানেল সহযোগিতা করবে বলে জানিয়েছে।

“তদন্ত প্যানেলের এ প্রতিক্রিয়াকে আমরা সার্বিক তদন্তের ক্ষেত্রে খুবই ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করছি।”

চিঠির কথা আগের দিন জানিয়ে বক্তব্য দিলেও সাহাবউদ্দিন মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিকদের আর কিছু বলতে রাজি হননি।

“এই বিষয়ে কমিশন আর কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছে,” বলে প্রশ্ন এড়িয়ে যান তিনি।

দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, প্রকল্পে কাজ পাইয়ে দিতে ঘুষ লেনদেন না হলেও তার একটি ষড়যন্ত্র হয়েছিল এবং তাতে সাত ব্যক্তির জড়িত থাকার প্রমাণ তারা পেয়েছে।