সেতুর প্রস্তুতিতে পদ্মা শাসনের চুক্তি
সেতু নির্মাণের অংশ হিসেবে ভাঙন রোধে পদ্মা নদী শাসনের কাজ শুরুর জন্য চুক্তি করেছে সরকার।
ভারতের ভাটিয়া ইনফ্রা প্রজেক্ট লিমিটেড এবং বাংলাদেশের এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড যৌথভাবে এই কাজ করবে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে মঙ্গলবার সেতু ভবনে দুই কোম্পানির পক্ষে এম এম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মঈন এবং পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম চুক্তি সই করেন।
চুক্তি অনুসারে মোট দুটি প্যাকেজে নদী শাসনের কাজ করা হবে। প্রথম প্যাকেজের আওতায় শরীয়তপুর জেলার জাজিরায় পদ্মা সেতু নির্মাণ এলাকা সংলগ্ন এলাকার এক কিলোমিটার এলাকায় নদী শাসনের কাজ করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকা।
দ্বিতীয় প্যাকেজের আওতায় জাজিরা সংলগ্ন পদ্মা সেতু নির্মাণ এলাকার এক কিলোমিটার পর থেকে দুই কিলোমিটার পর্যন্ত নদী শাসনের কাজ করা হবে। এতে খরচ হবে ৪৯ কোটি ২৫ লাখ ২১ হাজার টাকা।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যেও ওবায়দুল কাদের বলেন, এই সরকারের আমলেই সেতু নির্মাণের কাজ শুরু হবে।
“জনগণের কাছে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পদ্মা সেতু। বিশ্ব ব্যাংক অর্থায়ন করলে ভালো হত। কিন্তু তাদের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় আগামী নির্বাচন পর্যন্ত আমরা ঝুঁকি নিতে পারব না।”
“শেষ করতে না পারলেও এই আমলে মূল সেতু নির্মাণের কাজ শুরু করাটাই আপাতত আমাদের লক্ষ্য।এর অংশ হিসেবেই পদ্মা নদী শাসন চুক্তি স্বাক্ষরিত হল।”
অর্থায়নের বিষয়ে তিনি বলেন, “যোগাযোগ মন্ত্রণালয়সহ অর্থ মন্ত্রনালয় এবং ইআরডি আপ্রাণ চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নিজে পদ্মা বিষয়ে সব কাজ তদারকি করছেন। সুতরাং হতাশার কিছু নেই।
“আমি আগেও বলেছি, ফেব্রুয়ারির মধ্যে পদ্মা বিষয়ে সব অনিশ্চয়তা কেটে যাবে। মূল কাজ আমরা যথাসময়েই শুরু করতে পারব।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহেমেদ, এম এম বিল্ডার্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, যতীন কুমার উপস্থিত ছিলেন।
