পদ্মার কাজ ‘গুছিয়ে’ রাখছে সরকার
নিজস্ব উদ্যোগে পদ্মা সেতু নির্মাণের জন্য সরকার কাজ শুরু করছে বলে দলীয় সংসদ সদস্যদের জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দেশের দীর্ঘতম এই সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে জটিলতার অবসান না ঘটার মধ্যে রোববার তিনি আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে একথা জানান।
জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরুর পর আওয়ামী লীগের সংসদীয় দল বৈঠকে বসে। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
নাম প্রকাশ না করার শর্তে এক সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব ব্যাংক এগিয়ে না এলে সরকার নিজ উদ্যোগেই পদ্মা সেতুর কাজ শুরু করবে। এজন্য কাজ শুরু করা হচ্ছে।”
পদ্মা সেতুর নকশার জন্য ইতোমধ্যে বুয়েটকে দায়িত্ব দেয়া হয়েছে এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ পুরো বিষয়টি সমন্বয় করছে বললেও জানান শেখ হাসিনা।
প্রয়োজনে সেনাবাহিনীকেও এতে সংযুক্ত করা হবে, বলেন তিনি।
এর আগে, হাতির ঝিল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানেও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছিলেন, সেনাবাহিনীকে পদ্মা সেতুর জন্য প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
দুর্নীতি দমন কমিশন এই প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ পেয়েছে জানিয়ে সাতজনকে আসামি করে মামলা করলেও তাতে বিশ্ব ব্যাংক যে সন্তুষ্ট নয়, তা স্পষ্ট।
মামলার এজাহারে সাবেক দুই মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরী নাম থাকলেও তাদের আসামি করা হয়নি।
প্রধানমন্ত্রী কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন, বিশ্ব ব্যাংক এদের একজনকে বাদ রেখে আরেকজনকে আসামি করতে বলছে।
সংসদীয় দলের সভায়ও শেখ হাসিনা বিষয়টি তোলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সংসদ সদস্য জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, হোসেন দোষী হলে হাসানও দোষী হবে। গ্রেপ্তার করা হলে দু’জনকেই করতে হবে।”
পদ্মা প্রকল্প নিয়ে দুদকের তদন্ত পর্যবেক্ষণে গঠিত বিশ্ব ব্যাংকের প্যানেল অধিকতর তদন্তের ওপর জোর দিলেও এই বিষয়ে সংস্থার আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতোমধ্যে বলেছেন, তারা জানুয়ারি মাস পর্যন্ত বিশ্ব ব্যাংকের জন্য অপেক্ষা করবেন । তার মধ্যে কোনো সিদ্ধান্ত না পেলে ‘বিকল্প’ ব্যবস্থায় অর্থায়ন হবে।
এক্ষেত্রে মালয়শিয়া কিংবা চীনের অর্থায়ন দেশের বৃহত্তম এই নির্মাণ প্রকল্পে আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ভারতের ২০০ কোটি রুপির একটি অনুদান রয়েছে, যা পদ্মা প্রকল্পে নেয়া যেতে পারে। এছাড়া মালয়শিয়ার ও চীনের প্রস্তাবও রয়েছে।
সব প্রস্তাব বিবেচনা করে দেশের স্বার্থ রক্ষা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া হবে বলে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের জানিয়েছেন।
