২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের বিতরণ চার্জের ‘বিলোপ’ চায় বিইআরসি

তিতাস গ্যাস বিতরণ চার্জ ২৭২ শতাংশ বাড়ানোর প্রস্তাব করলেও এ খরচ পুরোটাই তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 10:26 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

এ চার্জ বিলোপের পরও রাষ্ট্রীয় মালিকানার গ্যাস বিতরণ কোম্পানিটি মুনাফায় থাকবে বলে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটির ধারণা।

রাষ্ট্রায়ত্ত তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন- পেট্রোবাংলাসহ গ্যাস বিতরণ ও সঞ্চালন কোম্পানিগুলো ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম ও বিতরণ চার্জ বাড়ানোর আবেদন করেছে।

এসব আবেদনের ওপর সোমবার থেকে শুনানি শুরু করেছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

বুধবার তিতাস গ্যাস ও বাখরাবাদ গ্যাস কোম্পানির আবেদনের ওপর শুনানি হয়।

তিতাস গ্যাস আবাসিক ও বাণিজ্যিকসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে। এরমধ্যে বিতরণ চার্জ ২৭২ শতাংশ বাড়িয়ে প্রতি ঘনমিটারে ৬৮ পয়সা করার প্রস্তাব করেছে।

শুনানিতে উপস্থাপন করা বিইআরসির কারিগরি টিমের মূল্যায়নে বলা হয়েছে, বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৭০ পয়সা দরে। এ দাম ২০ শতাংশ বা ১ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ১১ টাকা ৬৪ পয়সা করা যেতে পারে।

তবে বিতরণ চার্জ বিলোপের পক্ষে মত দিয়েছে কারিগরি টিম।

“প্রতি ঘনমিটার গ্যাস বিক্রয়ের বিপরীতে প্রাপ্ত বিদ্যমান বিতরণ চার্জ ২৫ পয়সা বিলোপের সুপারিশ করছি।”

মঙ্গলবার সুন্দরবন গ্যাস কোম্পানিও শুনানিতে ১১৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করে। এ প্রস্তাবের ওপর ২০ শতাংশ বাড়ানো যেতে পারে বলে মত দেয় বিইআরসির কারিগরি কমিটি।

একইসঙ্গে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বিতরণ চার্জ ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৭৬ পয়সা করার প্রস্তাবের শুনানিতেও বিতরণ চার্জ বিলোপ করার মত দেয় বিইআরসি।

এদিন তিতাস গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর ভোক্তা ও নাগরিক সমাজের পক্ষ থেকে সমালোচনা করা হয়।

ভোক্তাদের অধিকার সংরক্ষণের সংগঠন ক্যাব এর জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, “আমার মনে হয় ২০ শতাংশ মূল্যবৃদ্ধির কোনও প্রয়োজন নেই।”

তিনি তিতাসের বার্ষিক বিশাল অঙ্কের মুনাফা ও সরকারকে দেওয়া বিভিন্ন কর ও ভ্যাটের অর্থের কথা উল্লেখ করেন।

হাজার হাজার কোটি টাকার জ্বালানি নিরাপত্তা তহবিল নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, “জ্বালানি নিরাপত্তা তহবিল বিলুপ্ত করে মূল্য স্থিতিশীল তহবিল গঠন করা প্রয়োজন।”

শুনানির জেরা পর্বে তিতাস গ্যাসের প্রতিনিধিরা জানান, বেসরকারি গ্রাহকদের কাছে তাদের ৩ হাজার ৭৯৮ কোটি টাকা বকেয়া রয়েছে। এর বাইরে সরকারি সংস্থার কাছেও পাওনা রয়েছে ৭৪৩ কোটি টাকা।

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা গণশুনানিতে  

তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এবং এর পেছনের লোকদের ধরতে প্রচলিত টাস্কফোর্সের পরিবর্তে সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নেওয়ার প্রস্তাব করেন ক্যাবের সহ সভাপতি শামসুল আলম।

নাগরিক সমাজের মহিউদ্দিন আহমেদ নামে একজন বলেন, “তিতাসে গ্যাসের যে পরিমাণ অপচয়, অপব্যবহার ও দুর্নীতি হয়, এসব বন্ধ করা গেলে মূল্যবৃদ্ধির পরিবর্তে মূল্য কমানো যাবে।”

শুনানির জেরায় তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ মোল্লার কাছে জানতে চাওয়া হয়, এ মুহূর্তে তিতাসের অবৈধ সংযোগ কত আছে?

এ প্রশ্নের জবাব দিতে পারেননি ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া নতুন সংযোগের অবেদনের বিষয়েও ষ্পষ্ট কোনও জবাব দিতে পারেননি তিতাস কর্তপক্ষ।

এদিতে তিতাসের প্রস্তাবে গ্যাসের সিস্টেম লস নিয়েও ব্যাপক সমালোচনা হয়। ২ শতাংশের মধ্যে সিস্টেম লস রাখার পক্ষে মত দিয়েছে তিতাস ও কারিগরি মূল্যায়ন কমিটি।

কোভিড-১৯ এর প্রভাবে বস্ত্র খাতের ওপর নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন।

তিনি বলেন, “তৈরি পোশাকখাতের সঙ্গে সরাসরি ১ কোটি মানুষ জড়িত। গ্যাসের বিল বাড়ালে এ খাতে আমরা টিকে থাকতে পারব না।”

বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিলসহ শুনানিতে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান।

এ ছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুনানিতে অংশ নিয়ে মূল্য বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন।