লকডাউনের মধ্যেও সঞ্চয়পত্র কেনা যাবে
কোভিড-১৯ মহামারীর সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে সঞ্চয়পত্র কেনাসহ সব ধরনের লেনদেন করা যাবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ‘সাধারণ ছুটিকালীন সময়ে জাতীয় সঞ্চয় স্কিমের যাবতীয় লেনদেন শুরু করা’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, গত ৫ এপ্রিলের সার্কুলার মোতাবেক বিভিন্ন ব্যাংকিং লেনদেন/কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকের বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট মেয়াদপূর্তিতে নগদায়ন এবং কুপনের অর্থ পরিশোধের কার্যক্রম চালু রয়েছে।
“এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, এখন হতে সঞ্চয়পত্রের যাবতীয় লেনদেন কার্যক্রম (বিক্রয়, নগদায়ন ও পুনর্ভরণসহ) চালু থাকবে।”
এ পরিপ্রেক্ষিতে সঞ্চয়পত্রের যাবতীয় লেনদেন কার্যক্রম (বিক্রয়, নগদায়ন ও পুনর্ভরণসহ) গত ১৬ এপ্রিল জারি করা সার্কুলার অনুযায়ী ব্যাংকিং সময়ের মধ্যে চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
