‘সফ্ট লোন’ হলেও জলবায়ু তহবিলের অর্থ চান অর্থমন্ত্রী
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য উন্নত বিশ্বের প্রতিশ্রুত তহবিলের অর্থ পাঁচ বছরেও ছাড় না হওয়ায় সহজ শর্তে ঋণ হিসেবে হলেও সেই অর্থ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার রাজধানীতে সরকার ও কয়েকটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার আয়োজনে জলবায়ু অর্থায়ন নিয়ে এক কর্মশালায় এ আগ্রহ দেখান তিনি।
২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় জরুরি হিসেবে ২০১০-১২ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে তিন হাজার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় উন্নত দেশগুলো।
পাশাপাশি দীর্ঘ মেয়াদে ২০২০ সালের মধ্যে একটি তহবিল গঠনের অংশ হিসেবে বিভিন্ন উৎস থেকে প্রতি বছর ১০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের সিদ্ধান্ত হয়।
অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সবচেয়ে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তাই জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের অর্থ পাওয়া ন্যায্য অধিকার। কিন্তু ক্ষতিপূরণের কোনো অর্থ এখনো বাংলাদেশ পায়নি।
“কোপেনহেগেন সম্মেলনের পর আরো অনেক সম্মেলনেই আমি ক্ষতিপূরণে টাকা ও জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি। আমার ৬০ বছরের অভিজ্ঞতা থেকে বলছি অনুদান হিসেবে নয়, আমাদের এ টাকা সফট লোন হিসেবে পেলেই হবে।”
সম্প্রতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য মাত্র ১৬৮ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে জানিয়ে মুহিত বলেন, “সেখান থেকে বাংলাদেশ মাত্র ৪০ মিলিয়ন ডলার পেতে পারে।”
শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এক্সেসিং গ্রিন ক্লাইমেট ফান্ড’ বিষয়ে এই কর্মশালার আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সহযোগী ছিল জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি), জার্মানির সংস্থা জিআইজেড, জার্মান কো-অপারেশন ও ব্র্যাককসহ বেশ কয়েকটি সংস্থা।
কর্মশালায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, উন্নত দেশগুলোর কার্বন নিঃস্বরণের কারণে ঝূঁকিপূর্ণ দেশগুলোতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সুনামি, আইলা ও নার্গিসের মতো দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে।
“ক্ষতিপূরণের অর্থ পেতে হলে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করতে হবে। জিসিএফ ফান্ডের টাকা আমরা কড়ায় গণ্ডায় আদায় করব।”
জাতিসংঘের প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস বলেন, “বাংলাদেশসহ আফ্রিকার কয়েকটি দেশ বেশি ঝুঁকিতে রয়েছে। এ ঝুঁকি মোকাবেলায় কোপেনহেগেন ও মেক্সিকোসহ বেশ কয়েকটি জলবায়ু বিষয়ক সম্মেলনে উন্নত দেশগুলোর অর্থায়নের জন্য রূপরেখা তৈরি করা হয়েছিল। কিন্তু এখনো তারা প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ছাড় করেনি।”
তাদের কাছ থেকে কীভাবে অর্থ আদায় করা যায় কর্মশালায় তার কৌশল ঠিক করা হবে বলে জানান তিনি।
কর্মশালায় অন্যদের মধ্যে পল্লী সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমেদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ও ডিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমেদ।
