Published : 26 May 2021, 08:23 PM
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে গত শনিবার হাটহাজারী থানার নাশকতার আরেক মামলায় ফারুকীকে চার দিনের হেফাজতে পেয়েছিল পুলিশ।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার দুটি মামলায় ফারুকীকে ১০ দিন করে মোট ২০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত একটি মামলায় পাঁচ দিন ও অন্যটিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ বড় দিঘীর পাড় এলাকা থেকে র্যাবের হাতের গ্রেপ্তার হন উপজেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ফারুকী।
তিনি শাহ আহমদ শফী হত্যা মামলারও আসামি।

ইন’আমুল হাসান ফারুকী
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতাল থেকে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতা ঘটে।
হাটহাজারীতে থানা আক্রমণ, ভূমি অফিসে ভাংচুর, ডাক বাংলোতে হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনায় পুলিশ একাধিক নাশকতার মামলা করেছে।
এসব মামলায় এখন পর্যন্ত হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির একাধিক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যাতে নাশকতার ‘ইন্ধনদাতাদের’ নাম এসেছে বলে পুলিশ জানিয়েছে।