১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

সীতাকুণ্ডে সড়কে ঝরল জামায়াত নেতার প্রাণ

“মাইক্রোবাসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”

সীতাকুণ্ডে সড়কে ঝরল জামায়াত নেতার প্রাণ
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 03:39 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের মাঝে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী জামায়াত ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাদামবিবির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪২ বছর বয়সি মহিউদ্দিন উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন। 

বারআউলিয়া হাইওয়ে পুলিশের ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটর সাইকেল চালক মহিউদ্দিন মাদামবিবির হাট ফুট ওভারব্রিজ অংশে একটি ট্রাককে অতিক্রম করছিলেন। এসময় পেছন থেকে দ্রুত গতির একটি মাইক্রোবাস মোটর সাইকেলটিকে অতিক্রমের চেষ্টা করে। 

“দুই গাড়ির চাপায় পড়ে মহিউদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।” 

ঘটনাস্থল থেকে ট্রাক, মাইক্রোবাস ও মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। তবে ট্রাক ও মাইক্রোবাসের চালককে পাওয়া যায়নি। 

মহিউদ্দিনের মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাড়ি থেকে বের হয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন মহিউদ্দিন। মর্মান্তিকভাবে সড়কে তার মৃত্যু হয়েছে। মাইক্রোবাসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”

ওসি জাকিরুল বলেন, এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।