Published : 26 Jun 2026, 07:40 PM
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে।
নিহত দুজন হলেন ৩৮ বছর বয়সী প্রদীপ দাশ ও ৩২ বছর বয়সী সমীরণ দাশ।
এর মধ্যে প্রদীপ দাশ নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের বাসিন্দা। সমীরণ দাশের বাড়ি বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামে।
রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝিকুটি পাড়ার কার্তিক দাশের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি নতুন নির্মাণ করা হচ্ছে।
“এই বাড়ির সেপটিক ট্যাংকের কাজ করতে কয়েকজন শ্রমিক নেমেছিলেন। তাদের মধ্যে একজন শ্রমিক অসুস্থ হয়ে গেলে প্রদীপ দাশ ট্যাংকে নামেন। ওই শ্রমিককে ট্যাংক থেকে উপরে তুলতে পারলেও প্রদীপ দাশ ট্যাংকের ভেতরে ঢলে পড়েন। পরে তাকে উদ্ধারে নেমে সমীরণ দাশও ট্যাংকে ঢলে পড়েন।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করলেও এর আগে তাদের মৃত্যু হয় বলে জানান এসআই আনিসুর রহমান।
নিহত প্রদীপ দাশ ও সমীরণ দাশ পরষ্পরের মামাত ও ফুফাত ভাই এবং যে বাড়িতে এ ঘটনা ঘটেছে, তা প্রদীপ দাশের শ্বশুর বাড়ি বলে জানায় পুলিশ।
ধনিয়ালা পাড়ায় দুজনের মৃত্যু
নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ভবনের নিচে ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকলে ধনিয়ালা পাড়ায় নূরুল হুদার নির্মাণাধীন ভবনে এ ঘটনায় ২৫ বছর বয়সী হৃদয় ও ২২ বছর বয়সী সাকিব মারা যায়।
ডবলমুরিং থানার এসআই মানিক ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্মাণাধীন ভবনটির নিচে একটি ট্যাংকের কাজ চলছিল। সেটি সেপটিক ট্যাংক নাকি পানির ট্যাংক, তা এখনো নিশ্চিত হতে পারিনি। ওই ট্যাংকে বাঁশ দিয়ে ফ্রেম করা ছিল।
“সেই ফ্রেমিং খুলতে শুরুতে একজন শ্রমিক নামেন। তিনি উঠতে পারছিলেন না দেখে অন্য আরেকজন শ্রমিক ওই ট্যাংকের ভেতরে নামেন। পরে দুজনের কেউই আর উঠতে পারেননি।”