Published : 26 Jun 2026, 08:56 PM
চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এর আয়োজনে দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
আলোকচিত্রের মাধ্যমে পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতি তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। ‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ শিরোনামের এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।
‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এর যুগপূর্তি উপলক্ষে শুক্রবার বিকালে প্রদর্শনী উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকী।
সাঈদ আল নোমান বলেন, “পর্বতারোহণ একটি খেলা, একটি শিল্প। এই খেলাতে চট্টগ্রামের তরুণদের আরো এগিয়ে দিতে সার্বিক সহযোগিতা থাকবে। প্রত্যাশা করি চট্টগ্রামে শীঘ্রই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে। তরুণদের সঙ্গে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ থাকে।
“পর্বতারোহণের সঙ্গে যেহেতু মূলত তরুণরাই যুক্ত, আমি সর্বতোভাবে এর সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। প্রকৃতিবান্ধব রাষ্ট্র গড়তে তরুণদের প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থাকাটা জরুরি।”
আলোকচিত্রী শোয়েব ফারুকী বলেন, “ভার্টিক্যাল ড্রিমার্সের তরুণরা পর্বতারোহণের পাশাপাশি দারুণ সব আলোকচিত্র তুলে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল পরিবেশে ক্যামেরা বের করাও কোনো সহজ কাজ নয়।
“সেই জায়গায় অতি ঝুঁকিপূর্ণ এই কাজে দারুণ দক্ষতা দেখানোর পাশাপাশি অসাধারণ সব আলোকচিত্র তুলে আনায় এই প্রদর্শনীর আলোকচিত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে ভার্টিক্যাল ড্রিমার্স এর সভাপতি ফরহান জামান বলেন, “পর্বতারোহণ খেলাটা হয় দুনিয়ার দূরপ্রান্তে। সরাসরি সম্প্রচার কিংবা অনলাইন স্ট্রিমিংয়ের এই যুগে সরাসরি দর্শকের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় এটি কতটা বিপজ্জনক তা বোঝা মুশকিল। ছবির মাধ্যমে হলেও দর্শকরা দুর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবে।”
প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানা দিক ফুটে উঠেছে।