২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ শুরুর ম্যাচে রুটের দায়িত্বশীল ফিফটি

ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে ওঠার আরও কাছে পৌঁছে গেছেন জো রুট। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 06:28 PM

Updated : 05 Oct 2023, 06:28 PM

উইকেটে গিয়ে তৃতীয় বলে রিভার্স সুইপ করলেন জো রুট। প্রথম বাউন্ডারি মারলেন রিভার্স স্কুপে। সফলভাবে খেললেন আরও গোটা পাঁচেক রিভার্স সুইপ বা স্কুপ। শেষে এই রিভার্স খেলতে গিয়েই সমাপ্তি ঘটল তার সম্ভাবনাময় ইনিংসের।

 

অন্যদের ব্যর্থতার দিনে তার ব্যাটেই তিনশর কাছাকাছি পুঁজি পেয়েছে ইংল্যান্ড।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৭৭ রান করেছেন রুট। তার এই ইনিংসের সৌজন্যে ৯ উইকেটে ২৮২ রান করেছে ইংলিশরা।

ওয়ানডের বৈশ্বিক আসরে রুটের রান এখন ৮৩৫। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে এই তালিকায় তার সামনে কেবল ৮৯৭ রান করা গ্রাহাম গুচ। এবারের আসরেই গুচকে টপকে যাওয়ার সুযোগ রুটের সামনে।

আসর শুরুর আগে তেমন ছন্দে দেখা যায়নি রুটকে। সবশেষ ৯ ইনিংসে ফিফটি করেছেন স্রেফ একটি, ছয় বার আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। তিন বার খুলতে পারেননি রানের খাতা। তার এই ফর্ম বিশ্ব চ্যাম্পিয়নদের জন্যও ছিল বড় মাথা ব্যথার কারণ।

তবে প্রথম ম্যাচেই সাম্প্রতিক সময়ের ব্যর্থতা ঝেড়ে ফেললেন রুট। তিন নম্বরে নেমে ৮৬ বলে ৪টি চার ও ১ ছক্কায় খেললেন দায়িত্বশীল ইনিংস। আরও বড় কিছুর সম্ভাবনাও জাগান তিনি। কিন্তু অপর প্রান্ত থেকে তেমন সহায়তা পাননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। 

অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। তৃতীয় বলে রিভার্স সুইপ করেন মিচেল স্যান্টনারের বলে। দ্বাদশ ওভারে ট্রেন্ট বোল্টের ফুল লেংথ ডেলিভারি রিভার্স স্কুপ করে কিপারের মাথার ওপর দিয়ে ওড়ান ছক্কায়। 

এরপর এক-দুই রান নিয়ে ইনিংস এগোনোর দিকে মন দেন। ৫৭ বলে পঞ্চাশ ছোঁয়ার আগে আর একটি মাত্র বাউন্ডারি মারেন তিনি। পরে রিভার্স শটে মারেন আরও দুটি বাউন্ডারি। 

৪২তম ওভারের প্রথম বলে গ্লেন ফিলিপসের ফুল লেংথ ডেলিভারি রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন রুট। সপ্তম ব্যাটসম্যান হিসেবে রুটের বিদায়ের পর আরও ৫৩ রান যোগ করে ইংল্যান্ড। অবিচ্ছিন্ন দশম উইকেট জুটিতে আসে ৩০ রান। 

রুটের ফিফটি ছাড়াও ভালো কিছুর আভাস ছিল জনি বেয়ারস্টো, জস বাটলার, হ্যারি ব্রুকদের ব্যাটে। ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা মারা বেয়ারস্টো ড্রেসিং রুমে ফেরেন ৩৫ বলে ৩৩ রান করে। 

ছয় নম্বরে নেমে রুটের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন বাটলার। ২টি করে চার-ছক্কায় তিনি খেলেন ৪২ বলে ৪৩ রানের ইনিংস। ৪টি চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৫ রান করে ফেরেন ব্রুক।

নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ম্যাট হেনরি। স্যান্টনার, ফিলিপস ধরেন ২টি করে শিকার। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৮২/৯ (বেয়ারস্টো ৩৩, মালান ১৪, রুট ৭৭, ব্রুক ২৫, মইন ১১, বাটলার ৪৩, লিভিংস্টোন ২০, কারান ১৪, ওকস ১১, রশিদ ১৫*, উড ১৩*; বোল্ট ১০-১-৪৮-১, হেনরি ১০-১-৪৮-৩, স্যান্টনার ১০-০-৩৭-২, নিশাম ৭-০-৫৬-০, রবীন্দ্র ১০-০-৭৬-১, ফিলিপস ৩-০-১৭-২)