চাপে পড়ে চ্যালেঞ্জ জেতায় খুশি বুমরাহ
টুর্নামেন্টে প্রথমবার পরে বোলিং করে জেতার তৃপ্তির কথা শোনালেন জাসপ্রিত বুমরাহ।
রান তাড়া করে টানা পাঁচ ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং পায় ভারত। ইংলিশদের দারুণ বোলিংয়ে অল্পেই আটকে যায় তারা। তবে বোলারদের নৈপুণ্যে ছোট পুঁজি নিয়েও বড় জয় পায় স্বাগতিকরা। ম্যাচ শেষে তাই চ্যালেঞ্জ জয়ের তৃপ্তি জাসপ্রিত বুমরাহর কণ্ঠে।
লক্ষ্ণৌতে রোববার স্রেফ ২২৯ রানের পুঁজি নিয়েও ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে ভারত। ছয় ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে রোহিত শার্মার দল।
আগের পাঁচ ম্যাচের প্রতিটি তারা জেতে রান তাড়া করে। আগে ফিল্ডিং করায় রান ডিফেন্ড করার চাপে পড়তে হয়নি বোলারদের। বর্তমান চ্যাম্পিয়নরা টস জিতে ভারতকে পাঠায় আগে ব্যাটিং করতে। এই পরিকল্পনায় ম্যাচের প্রথমভাগে সফলও হয় তারা।
শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারদের ব্যর্থতার দিনে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পরে রোহিতের ৮৭ রানের সঙ্গে সুরিয়াকুমার ইয়াদাভ, লোকেশ রাহুলরা কার্যকরী ইনিংস খেললে দুইশ পেরোয় তারা।
জবাবে দাভিদ মালান, জনি বেয়ারস্টোর শুরুটা মন্দ ছিল না। পাঁচ ওভারের মধ্যে ৩০ রান করে ফেলে তারা। পরপর দুই বলে মালান, জো রুটকে ফিরিয়ে শুরুর ধাক্কা দেন বুমরাহ। পরে বেয়ারস্টো, বেন স্টোকসকে আউট করেন মোহাম্মদ শামি।
চল্লিশের আগে ৪ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় ইংল্যান্ড। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সহজ জয়ের পর স্কাই স্পোর্টসে দেওয়া প্রতিক্রিয়ায় চাপের মুখে ম্যাচ জেতার আনন্দের কথা জানান ৩২ রানে ৩ উইকেট নেওয়া বুমরাহ।
“আমাদের জন্য এটি খুব ভালো ছিল। কারণ আমরা টানা আগে ফিল্ডিং করে আসছিলাম এবং বেশ লম্বা সময় ধরেই এটি করছিলাম। এর আগে সবশেষ যে সিরিজ আমি খেলেছি, সেটিতেও (ভারত রান তাড়া করেছে)।”
“আমাদের জন্য এটি ভালো চ্যালেঞ্জ ছিল যে আমাদেরকে চাপে ফেলা হয়েছিল। আমরা দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছিলাম। আমাদের সেখান থেকে ঘুরে দাঁড়াতে হয়েছে এবং ফিল্ডিংয়েও আমাদের অনেক শ্রম দিতে হয়েছে। তো হ্যাঁ, ফলাফল নিয়ে খুশি।”
ইংল্যান্ডকে ১২৯ রানে গুটিয়ে দেওয়ার বড় কারিগর শামি। নিখুঁত লাইন-লেংথ ধরে রাখা বোলিংয়ে ৭ ওভারে দুই মেডেনসহ স্রেফ ২২ রানে ৪ উইকেট নেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৫ শিকার ধরেন প্রথম চার ম্যাচ বাইরে থাকা ৩৩ বছর বয়সী পেসার।
দলে ফিরে পরপর দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা শামিকে প্রশংসায় ভাসালেন বুমরাহ।
“তিনি (শামি) দুর্দান্ত। খেলাটির কিংবদন্তিদের একজন তিনি। আমার মনে হয়, তিনি সব সময়ই শান্ত থাকেন। কখনও অতি উত্তেজিত হন না। তবে তিনি যেভাবে বোলিং করছিলেন, মনে হচ্ছিল টেস্ট ম্যাচ খেলছেন। এটি দেখতে দুর্দান্ত ছিল।”
“এমনিতে টেস্ট ক্রিকেটে আমাদের (বোলিংয়ে) অনেক জুটি হয়েছে। তার সঙ্গে বোলিং করা আমি খুব উপভোগ করেছি। তো তিনি যেভাবে এগোচ্ছেন, আমি সত্যিই অনেক খুশি।”
