নেপালকে ২৬ রানে গুঁড়িয়ে ভারত ‘এ’ দলের বড় জয়
এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচটি ৩০৬ রানে জিতেছে ভারত ‘এ’ দল।
সেঞ্চুরি উপহার দিলেন তিলাক ভার্মা ও কুমার কুশগ্রা। তাদের নৈপুণ্যে তিনশ ছাড়ানো পুঁজি গড়ল ভারত ‘এ’ দল। রান তাড়ায় প্রিন্স ইয়াদাভ ও হার্শিত রানার সামনে স্রেফ মুখ থুবড়ে পড়ল নেপালের ব্যাটিং।
দোহায় শুক্রবার এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে নেপালকে কেবল ২৬ রানে গুটিয়ে দিয়েছে ভারত। ৯ উইকেট হারিয়ে ৩৩২ রানের পুঁজি গড়ে ৩০৬ রানে বিশাল জয় তুলে নিয়েছে তারা।
নেপালের কোনো দলের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই সর্বনিম্ন সংগ্রহ। ২০২৩-২৪ মৌসুমে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৬০ রানে গুটিয়ে গিয়েছিল নেপাল ‘এ’ দল।
নেপালের ২৬ রান সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে পঞ্চম সর্বনিম্ন। এই সংস্করণে ২০ রানের কমে অলআউট হওয়ার নজিরও আছে দুটি দলের। ২০০৭ সালে বারবাডোজের বিপক্ষে ১৮ রান গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল।
আর ২০১২ সালে শ্রীলঙ্কার ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় কোল্টস ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৯ রানে অলআউট হয়েছিল সারাসেন্স স্পোর্টস ক্লাব।
ওয়ানডেতে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ডটি যৌথভাবে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে এবং ২০২০ সালে নেপালের বিপক্ষে যুক্তরাষ্ট্র ৩৫ রানে অলআউট হয়।
এদিন নেপালের শুরুটা ছিল আশা জাগানিয়া। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে তারা। ৪২ রানে প্রতিপক্ষের তিন উইকেট তুলে নেয় নেপাল।
এরপর ২০৬ রানের জুটি গড়েন তিলাক ও কুশাগ্রা। সপ্তম লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে চারটি ছক্কা ও ছয়টি চারে ১১৩ বলে ১০৭ রান করেন অধিনায়ক তিলাক। ১০২ বলে ১১৭ রান করতে পাঁচটি ছক্কা ও ১০টি চার মারেন কুশগ্রা। এই সংস্করণে এটি তার তৃতীয় শতক।
এই দুইজন ছাড়া আর কেউ চল্লিশ রানও করতে পারেননি। শেষ দিকে দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় তারা।
বড় লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় বলে উইকেট হারায় নেপাল। এরপর যেন চোখের পলকে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলটির হয়ে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি কেউ। পাঁচজন ব্যাটসম্যান আউট হন শূন্য রানে।
অসাধারণ বোলিংয়ে ৫ ওভার করে স্রেফ ৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন প্রিন্স। যেখানে দুটি ওভার আবার মেডেন। এই সংস্করণে এটি প্রিন্সের সেরা বোলিং।
ছয় ওভারে কে মেডেনে ১৬ রান খরচ করে ৪ উইকেট নেন আরেক পেসার হার্শিত। তিন বল করে একটি উইকেট নেন শাহবাজ আহমেদ।
