শাকিলের ৯৩ রানের পর আব্বাস-সাকিবের ছোবলে চাপে শ্রীলঙ্কা
চার ইনিংসের মধ্যে দুইবার নব্বইয়ের ঘরে আউট হলেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।
চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে ছুটছিলেন সাউদ শাকিল। কিন্তু মাইলফলক থেকে সাত রান দূরে থাকতে আসিথা ফার্নান্দোর লেগ স্টাম্পের অনেক বাইরের শর্ট ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়লেন বাঁহাতি ব্যাটসম্যান। ব্যক্তিগতভাবে তার জন্য দিনটি আক্ষেপের হলেও, পাকিস্তানের জন্য অবশ্য ভালোই কাটল।
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনেও আধিপত্য ধরে রাখে পাকিস্তান। ৯ উইকেটে ৪৩৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক বাবর আজম।
জবাবে ৬৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। পরে আর কোনো উইকেট না হারিয়ে ১১৪ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। এখনও ৩২০ রানে পিছিয়ে আছে তারা।
৩১ বছর বয়সে টেস্ট অভিষেকে ২টি উইকেট নেন পেসার সাকিব খান। অভিজ্ঞ পেসার মোহাম্মাদ আব্বাসের প্রাপ্তি একটি।
পাকিস্তানের ইনিংসে নেই কোনো সেঞ্চুরি, ফিফটি মোট পাঁচটি। ১৯৯ বলে ৯ চারে ৯৩ রান করেন শাকিল।
টেস্টে সবশেষ চার ইনিংসের মধ্যে দুইবার নব্বইয়ের ঘরে আউট হলেন তিনি। গত অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে রান তাড়ায় তিনি করেন ৯৭।
পাকিস্তানের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ শুরুর পর টেস্ট অভিষেকে ফিফটি করেন আরাফাত মিনহাস। আট নম্বরে নেমে ৯ চার ও এক ছক্কায় ৭২ বলে ৫২ রান করেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
৫ উইকেটে ২৮১ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগের দিন শাকিল ৫৭ ও ঘাজি ঘরি ৭ রানে অপরাজিত ছিলেন।
উইকেটে বোলারদের জন্য সহায়তা থাকলেও, ধারাবাহিকতা ধরে রাখতে হিমশিম খেয়েছে লঙ্কান বোলাররা। প্রথম ঘণ্টার শেষ দিকে দ্বিতীয় নতুন বল নিয়েও সুযোগ তৈরি করতে পারেনি তারা।
পানি-পানের বিরতির চার ওভার পর ঘরিকে ফিরিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন দিলশান মাদুশাঙ্কা। গালিতে দারুণ ক্যাচ নেন পাসিন্দু সুরিয়াবান্দারা।
৭২ বলে ৪৮ রান করে ফেরেন ঘরি।
শাকিল লাঞ্চ বিরতিতে যান ৯১ রান নিয়ে। বিরতির পর দ্বিতীয় ওভারেই তিনি আউট। পুল করার চেষ্টায় বল লাগে তার গ্লাভসে, ক্যাচ নিতে ভুল করেননি কিপার।
টানা দুই চারে ৭০ বলে ফিফটি করার পরের ওভারেই বিদায় নেন মিনহাস। পরের ওভারে রাজাউল্লাহ আউট হলে ইনিংস ঘোষণা করে দেন বাবর।
ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে আব্বাসের চমৎকার ডেলিভারিতে ফেরেন সুরিয়াবান্দারা। পরের ওভারে দিনেশ চান্দিমালকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেটের দেখা পান সাকিব। দারুণ ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে স্লিপে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান।
১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। চা-বিরতির আগের বাকি সময়টায় আর বিপদ হতে দেননি লাহিরু উদারা ও কামিন্দু মেন্ডিস।
বিরতির পর পঞ্চম ওভারে আলগা শটে সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন উদারা (৫২ বলে ৪২)।
ধানাঞ্জায়া ডি সিলভাকে (২২*) নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন কামিন্দু (৪০*)। ৪৯ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন তারা।
প্রথম দিনের মতো এদিনও আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হয় খেলা।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
পাকিস্তান ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ৪৩৪/৯ ডিক্লে. (আগের দিন ২৮১/৫ (শাকিল ৯৩, ঘরি ৪৮, মিনহাস ৫৩, রাজাউল্লাহ ১০, সাকিব ০*; আসিথা ২৬-২-১০৭-৩, মাদুশাঙ্কা ২৩-৩-১০৮-৩, লাহিরু ২৩.৩-১-১০৪-১, রাত্নায়াকে ২৫-২-৭২-১, ধানাঞ্জায়া ৩-১-২-০, দিনুশা ৬-০-২৩-১)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৭.১ ওভারে ১১৪/৩ (উদারা ৪২, সুরিয়াবান্দারা ০, চান্দিমাল ১, কামিন্দু ৪০*, ধানাঞ্জায়া ২২*; আব্বাস ৯-৪-২৩-১, সাকিব ১০.১-১-৫৪-২, রাজাউল্লাহ ৭-১-৩২-০, মিনহাস ১-০-১-০)
