২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দের বিশ্বকাপেও সেরা হওয়ার স্বপ্ন মিরাজের

ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্সে দলকে সাহায্য করতে চান অফ স্পিনিং অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 09:20 PM

Updated : 07 Oct 2023, 09:20 PM

অলরাউন্ড নৈপুণ্যে দলকে জিতিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেহেদী হাসান মিরাজ। বড়দের মঞ্চে না হলেও বিশ্ব আসরে এমন পারফরম্যান্স নতুন নয় তার জন্য। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তো তিনিই ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এবার মূল বিশ্বকাপেও তেমন কিছুর স্বপ্ন বুকে লালন করছেন মিরাজ। 

ঘরের মাঠে ২০১৬ সালের যুব বিশ্বকাপে মিরাজের অধিনায়কত্বে তৃতীয় হয় বাংলাদেশ। ব্যাট হাতে ২৪২ রান ও বোলিংয়ে ১২ উইকেট নিয়ে সেবার সামনে থেকেই নেতৃত্ব দেন মিরাজ। এর তিন বছর পর খেলে ফেলেন বড়দের বিশ্বকাপেও। তবে খুব একটা ভালো কাটেনি সেটি।

ইংল্যান্ডে ২০১৯ সালের ওই আসরে খেলা সাত ম্যাচে ব্যাট হাতে মিরাজ করেন স্রেফ ৩৭ রান। বোলিংয়ে নেন ৬ উইকেট। এবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই তার ব্যাট থেকে এলো ৫৭ রানের ইনিংস। বোলিংয়ে ৯ ওভারে ৩ মেডেনসহ স্রেফ ২৫ রানে ধরেছেন ৩ শিকার। অনুমেয়ভাবেই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলো যুব বিশ্বকাপে সেরা হওয়ার প্রসঙ্গ। তখন নিজের মনে থাকা স্বপ্নের কথা জানান মিরাজ।

“বড় টুর্নামেন্টে যদি অলরাউন্ড পারফরম্যান্স করতে পারি, এটা আমার জন্য ভালো হবে এবং দলের জন্যও ভালো হবে। তো অবশ্যই, এটা তো সবারই স্বপ্ন থাকে।”

ম্যাচে মিরাজের শুরুটা তেমন ভালো ছিল না। দ্বিতীয় বলেই ওয়াইড থেকে হজম করেন পাঁচ রান, ওভারে দেন ৯ রান। তবে এরপর ঘুরে দাঁড়ান দারুণ দৃঢ়তায়। তরুণ অলরাউন্ডার জানালেন, এর পেছনে টনিক হিসেবে কাজ করেছে তার কাঁধে থাকা অধিনায়কের আস্থার হাত।

“আমি প্রথম ওভারে ভালো বল করিনি। নিজের মনের ভেতরে একটু নার্ভাস ছিলাম। কারণ প্রথম ওভারে ৯ রান দিয়েছি। সাকিব (আল হাসান) ভাই একটা কথা বলেছিলেন, 'নেতিবাচক মনোভাব নিয়ে বল করলে কখনও সফল হওয়া যায় না। ইতিবাচক থাকতে হবে। আর এসব বড় টুর্নামেন্টে সবসময় যত ইতিবাচক থাকা যায়। ওরা যদি মেরে দেয়, সমস্যা নেই। তবে ওরা যেন তোকে চার্জ করে মারে। ভালো জায়গায় বল করতে থাক, ভালো হবে।’ তখন পানি পানের বিরতি ছিল। আমাকে অনেকক্ষণ বুঝিয়েছেন যে এখানে এভাবে বোলিং করতে হবে।”

“তখন আমি আবার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, ওই অবস্থায় কীভাবে বল করতে হবে। সবাই আমাকে সাপোর্ট করেছে এবং ভালো জায়গায় বল হয়েছে। এই ছোট ছোট গুরুত্বপূর্ণ কথাগুলো অনেক কাজে দেয়।”

মিরাজের মতো ম্যাচে বাংলাদেশের শুরুটাও তেমন ভালো ছিল না। টস জিতে বোলিং নিয়ে প্রথম ৮ ওভারে ভাঙা যায়নি উদ্বোধনী জুটি। নবম ওভারে প্রথম আঘাত করেন সাকিব। পরের উইকেটও নেন তিনি। এরপর মিরাজও যোগ দেন উইকেট শিকারে। ভালো জায়গায় বল করে কাজে লাগান পিচের সুবিধা।

তবে ধারামশালার উইকেট থেকে স্পিনাররা সাহায্য পাবে, ম্যাচের আগে তা আশা করেননি মিরাজ।

“শুরুর দিকে যখন পেসাররা ভালো করছিল না, তখন কিন্তু কার্যত স্পিনারদের ওপর চাপটা চলে এসেছে। তখন শুরু থেকেই সাকিব ভাই খুব ভালো বোলিং করেছেন, ২টি উইকেট নিয়েছেন এবং তখন থেকে দলটা উজ্জীবিত হয়েছে।” 

“আমিও তখন এক প্রান্ত থেকে ভালো বোলিং করা শুরু করেছি। সাকিব ভাই এক প্রান্ত থেকে ভালো বোলিং করেছে। পেসাররাও এরপর যখন করেছে, তখন ভালো করেছে। আশা সেরকম ছিল না যে, ধারামশালায় এমন উইকেট হবে। আমরা সত্যিই আশা করিনি যে, এমন টার্নিং উইকেট হবে।”