অ্যাকারম্যান-হামজাকে থামিয়ে শেষ বিকেলে বাংলাদেশের লড়াই
বড় জুটিতে মার্কাস অ্যাকারম্যান ও জুবাইর হামজা চাপে ফেললেও দিনের শেষ ঘণ্টায় ঘুরে দাঁড়াল বাংলাদেশ।
সাবলীল ব্যাটিংয়ে উইকেটে থিতু হয়ে বড় কিছুর পথে মার্কাস অ্যাকারম্যান ও জুবাইর হামজা। মূল বোলারদের সবাই চেষ্টা করলেন জুটি ভাঙতে। সফল হলেন না কেউ। তাই মুমিনুল হকের হাতে বল তুলে দিলেন নাজমুল হোসেন শান্ত। সুফলও পেয়ে গেলেন তৎক্ষণাৎ। ওভারের পঞ্চম বলে দুইশ রানের জুটি ভেঙে দিলেন অনিয়মিত বাঁহাতি স্পিনার। সেটি ধরেই দিনের শেষটা নিজেদের পক্ষে রাখল বাংলাদেশ।
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলল বাংলাদেশ। রেকর্ড গড়া প্রথম দিন কাটানোর পর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সোমবার অ্যাকারম্যান ও হামজার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে লম্বা সময় হতাশায় পুড়তে সফরকারীদের। তবে দিনের শেষ ঘণ্টায় লড়াইয়ে ফেরে তারা।
দিনের শুরুতে লিটন কুমার দাসের বিশেষ সেঞ্চুরিতে ঠিক ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দিন শেষে ৪ উইকেটে ২৮৭ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের জন্য আশার আলো, ক্রিজে দুই ব্যাটসম্যান টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন এখনও ঠিক থিতু নন।
আগের দিনের ধারাবাহিকতায় নতুন সকালে বাংলাদেশের শুরুটা ছিল ইতিবাচক। প্রথম ওভারে কাগিসো রাবাদার বলে বাউন্ডারি মারেন মেহেদী হাসান মিরাজ। অন্য প্রান্তে ৯২ রানে দিন শুরু করে তিন অঙ্কে পৌঁছাতে খুব বেশি সময় নেননি লিটন।
দিনের চতুর্থ ওভারে মার্কো ইয়ানসেনের বাউন্সারে পুল করার চেষ্টায় ওপরের কানায় লেগে ছক্কা পেয়ে যান স্টাইলিশ এই ব্যাটসম্যান। আর তাতেই পূর্ণ হয় ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ব্যাট বাচ্চা দোলানোর মতো দুলিয়ে উদযাপন শুরু করেন তিনি।
পরে পকেট থেকে একটি কাগজ করে নিজের কন্যা আনাইরা দাস আনভীকে সেঞ্চুরিটি উৎসর্গ করেন লিটন। তার মেলে ধরা কাগজে লেখা ছিল, 'শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।' সেঞ্চুরি ছোঁয়ার দিন তিন বছর পূর্ণ হয়েছে লিটন-কন্যার।
নান্দনিক এই সেঞ্চুরিতে বাংলাদেশের কিপার-ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডে মুশফিককে ছাড়িয়ে যান লিটন। এতদিন কিপার-ব্যাটার হিসেবে খেলে দুজনের সেঞ্চুরি ছিল সমান ৬টি। জোহানেসবার্গে সপ্তম শতকটি করে একাই ওপরে উঠে গেলেন লিটন।
ইয়ানসেনের পরের ওভারে চমৎকার কভার ড্রাইভে বাউন্ডারি মারেন মিরাজ। পরের ওভারে রাবাদার শর্ট বল সীমানায় পাঠান লিটন। নির্বিঘ্নে আধঘণ্টা পার করে দিয়ে তখন ভালো কিছুর আভাস দিচ্ছিলেন দুই ব্যাটসম্যান।
তবে সেই আশার পূর্ণতা পেতে দেননি মিরাজ। ডেইন প্যাটারসন আক্রমণে আসতেই অফ স্টাম্পের অনেক বাইরের বল দূর থেকে খোঁচা মেরে প্রথম স্লিপে ক্যাচ দেন তিনি। ভেঙে যায় ৩২ রানের সপ্তম উইকেট জুটি।
দুই ওভার পর আরেকটি উইকেট উপহার পান প্যাটারসন। এবার ভুল করে বসেন লিটন। নিরীহ এক শর্ট বল পুল করে সোজা মিড উইকেট ফিল্ডারের হাতে তুলে দেন তিনি। সমাপ্তি ঘটে তার ১৪ চার ও ১ ছক্কায় খেলা ১২০ রানের ইনিংসের।
স্বীকৃত ব্যাটসম্যান সবার বিদায়ের পর গুরুত্বপূর্ণ কিছু রান যোগ করে দেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। ইয়ানসেনের বলে জোড়া বাউন্ডারি মারেন হাসান। প্যাটারসনের বলে ছক্কায় ওড়ান তাসকিন। একই বোলারকে পরে দুটি চারও মারেন তিনি।
তাসকিন ১৭ ও হাসান ১৬ রানের ইনিংস খেললে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার চারশ ছুঁয়ে ফেলে বাংলাদেশ। প্রোটিয়াদের মাঠে এশিয়ার কোনো দলের জন্য সিরিজের প্রথম ইনিংসে চারশ করার প্রথম ঘটনা এটি।
আগের দিন ৫ উইকেট পাওয়া রাবাদা এদিন আর কিছু যোগ করতে পারেননি। শেষ ৪ উইকেট একাই নেন প্যাটারসন।
লাঞ্চ বিরতির আগে ৫ ওভারের জন্য ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। যেখানে শুরুটা চমৎকার করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের দারুণ ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে অল্পেই ফেরেন এইডেন মার্করাম।
এরপর শুরু হয় অ্যাকারম্যান ও হামজার জুটি। দ্বিতীয় সেশনের পুরোটা নিরাপদে পার করে দেন দুই ব্যাটসম্যান। শুধু উইকেট বাঁচিয়ে খেলাই নয়, বলের সঙ্গে পাল্লা দিয়ে রানও করতে থাকেন। মাঝের সেশনে ২৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে যোগ হয় ১১১ রান।
অথচ প্রথম সেশনেই ভাঙতে পারত এই জুটি। তাসকিনের বলে হামজার বিপক্ষে এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দেননি। এর মধ্যেই ‘নো’ বলের ইশারা দেন আম্পায়ার। পরে রিপ্লেতে দেখা যায় ‘নো’ বল না হলে এবং বাংলাদেশ রিভিউ নিলে এলবিডব্লিউ হতেন হামজা।
এরপর উইকেটের আশায় অষ্টম ওভারে পরপর দুই বলে রিভিউ নষ্ট করে বাংলাদেশ। হামজার বিপক্ষে দুই বলেই এলবিডব্লিউর জোরাল আবেদন করে তারা। তবে আম্পায়ার সাড়া দেনটি একটিতেও। দুবার রিভিউ নিলেও ফায়দা হয়নি সফরকারীদের।
শুরুর ওই সময়টুকু কাটিয়ে দেওয়ার পর উইকেটের চারদিকে বাউন্ডারি মেরে ৬৯ বলে ফিফটি পূর্ণ করেন অ্যাকারম্যান। ২ রান দূরে থেকে চা বিরতিতে যান হামজা। শেষ সেশনে ফিরে পঞ্চাশ পূরণ করতে সমস্যা হয়নি তার।
তৃতীয় সেশনেও বাংলাদেশের বোলার-ফিল্ডারদের হতাশায় ডুবিয়ে তরতরিয়ে রান বাড়াতে থাকেন দুই ব্যাটসম্যান। প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি মেরে রান রেট সাড়ে চারের ওপরেই রাখেন তারা। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে পৌঁছে যান অ্যাকারম্যান।
কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিক আগের টেস্টে ৯৫ রানে আউট হওয়ার আক্ষেপে পুড়েছিলেন বাঁহাতি এই ওপেনার। জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে সেই ভুল আর করেননি। চমৎকার ব্যাট করে স্রেফ ১২৫ বলে তিনি করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
অন্য প্রান্তে প্রায় ৩৩ মাস পর টেস্ট খেলতে নেমে নিজের আগের সেরা ৬২ ছাড়িয়ে যান হামজা। মনে হচ্ছিল, আরেকজন প্রথম সেঞ্চুরিয়ানের দেখা পেয়েই যাবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই সুযোগ হেলায় হারান হামজা।
মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙতে অনিয়মিত স্পিনার মুমিনুল হকের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত। পঞ্চম বলেই কাজের কাজ করে দেন বাঁহাতি এই স্পিনার। অফ স্টাম্পের বেশ বাইরের বল খোঁচা মেরে কট বিহাইন্ড হন ৮৩ রান করা হামজা।
তার বিদায়ে ভাঙে ২০০ রানের জুটি। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দ্বিতীয় উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ।
সঙ্গীর বিদায়ে দমে না গিয়ে উল্টো আগ্রাসী ব্যাটিং শুরু করেন অ্যাকারম্যান। একের পর এক বাউন্ডারি মেরে চোখের পলকে সেঞ্চুরি থেকে দেড়শতে পৌঁছে যান ৩০ বছর বয়সী ওপেনার। ১০০ থেকে ১৫০ করতে স্রেফ ৩৫ বল খেলেন তিনি।
আগ্রাসনে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন বাঁহাতি এই ওপেনার। নতুন স্পেলে ফেরা হাসানের প্রথম বলই উড়িয়ে মারার চেষ্টায় ডিপ মিড উইকেটে তাসকিনের হাতে ধরা পড়ে যান। ফলে থেমে যায় তার ২১ চার ও ১ ছক্কায় খেলা ১৬৪ বলে ১৫৭ রানের ইনিংস।
এরপর ম্যাথু ব্রিটস্কিকেও টিকতে দেননি হাসান। ব্যাটের নিচের কানায় লেগে কট বিহাইন্ড হন ব্রিটস্কি। লম্বা সময় ভেবে আম্পায়ার আউট দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন তিনি। তাতে অবশ্য দক্ষিণ আফ্রিকার প্রথম রিভিউ নষ্ট হওয়া ব্যতীত আর কিছুই হয়নি।
দিনের খেলা শেষ হওয়ার আগে আরেকটি উইকেট পেতে পারতেন হাসান। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে উইকেটের পেছনে দেন রায়ান রিকেলটন। তবে আগেই ডান দিকে সরে যাওয়ায় পরে সময়মতো আর বামে আসতে পারেননি লিটন। তার গ্লাভসে লেগে চলে যায় বল।
ভুল থেকে শিক্ষা নিয়ে বাকি সময় আর বিপদ ঘটতে দেননি রিকেলটন। অন্য প্রান্তে ৫৪ বলে ১৯ রানে অপরাজিত বাভুমা।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা হাসান এরই মধ্যে নিয়েছেন ৩ উইকেট। দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মিরাজ ১৬ ওভারে দিয়েছেন ১০১ রান।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩২৭/৬) ১০১.২ ওভারে ৪০০ (লিটন ১২০, মিরাজ ১০, হাসান ১৬, তাসকিন ১৭, ইবাদত ১*; রাবাদা ২২-৪-৭০-৫, ইয়ানসেন ২৫-৩-৮৩-১, প্যাটারসন ২২.২-৭-৯২-৪, মুল্ডার ১৫-০-৫৩-০, হার্মার ১৬-০-৮৩, মার্করাম ১-০-১-০)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬২ ওভারে ২৮৭/৪ (মার্করাম ৪, অ্যাকারম্যান ১৫৭, হামজা ৮৩, বাভুমা ১৯*, ব্রিটস্কি ২, রিকেলটন ৭*; তাসকিন ১৫-৪-৪৫-০, হাসান ১৬-২-৬২-৩, ইবাদত ৭-০-৩৬-০, মিরাজ ১৬-০-১০১-০, মুমিনুল ৮-১-৩৬-১)
