২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারদের পরিসংখ্যানও বড় পর্দায় দেখানো হোক, দাবি ওয়ার্নারের

আম্পায়ারদের আরও জবাবদিহিতা থাকা উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ান ওপেনার।

আম্পায়ারদের পরিসংখ্যানও বড় পর্দায় দেখানো হোক, দাবি ওয়ার্নারের

শ্রীলঙ্কার বিপক্ষে আউট হয়ে ফিরছেন ডেভিড ওয়ার্নার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 08:44 PM

Updated : 18 Oct 2023, 08:44 PM

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো ডেভিড ওয়ার্নার এবার অন্যরকম এক দাবি তুললেন। অস্ট্রেলিয়ান ওপেনারের মতে, ক্রিকেটারদের পরিসংখ্যানের মতো আম্পায়ারদের ক্যারিয়ারের সঠিক ও ভুল সিদ্ধান্তের পরিসংখ্যানও মাঠের বড় পর্দায় দেখানো উচিত।

লক্ষ্ণৌতে গত সোমবারের ওই ম্যাচে রান তাড়ায় ইনিংসের চতুর্থ ওভারে শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশানকার বলে ওয়ার্নারকে এলবিডব্লিউ দেন আম্পায়ার জোয়েল উইলসন। বাঁহাতি ব্যাটসম্যান নেন রিভিউ। টিভি রিপ্লেতে বল-ট্র্যাকিং প্রযুক্তিতে দেখা যায়, মাদুশানকার বলটি হালকাভাবে লেগ স্টাম্প ছুঁয়ে যেত। পিচিং ও ইমপ্যাক্ট লাইনে থাকলেও উইকেট হিটিংয়ের ক্ষেত্রে ‘আম্পায়ার্স কল’ আসে। অর্থাৎ মাঠের আম্পায়ার আউট না দিলে ওয়ার্নার আউট হতেন না।

মাঠেই তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ওয়ার্নার। নিজের ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন প্যাডে। মাঠ ছাড়ার আগে আম্পায়ার উইলসনের দিকে তাকিয়ে চিৎকার করে কিছু একটা বলেনও তিনি। তখন আম্পায়ারকে কী বলেছিলেন, সেটি জানালেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

"হতাশা থেকে আমি জোরে চিৎকার করেছিলাম এবং সেটা শুধু নিজের দিকেই নয়...কারণ বলটি নিচু হয়েছিল, যখন কোনো বল লেগ স্টাম্পে আমার পায়ে আঘাত করে, আমি জানি বলটি লেগ দিয়ে বেরিয়ে যাবে। আমি জোয়েলকে জিজ্ঞেস করেছিলাম, কেন তিনি আউট দিলেন। তিনি বলেছিলেন যে, বলটি সুইং করছিল। কিন্তু আপনি রিপ্লে দেখলে কিছুটা বিরক্ত হবেন। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”

এরপরই অভিজ্ঞ এই ব্যাটসম্যান তুলে ধরলেন ওই দাবি। আম্পায়ারদের আরও জবাবদিহিতা থাকা উচিত বলে মনে তিনি।

"আমি যা দেখতে চাই তার প্রেক্ষিতে বলার মতো অনেক কিছু আছে। ব্যাট করতে নামার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের পরিসংখ্যান বোর্ডে ভেসে ওঠে। যখন আম্পায়ারদের নাম ঘোষণা করা হয়, তাদের স্ক্রিনে দেখানো হয়, তাদের পরিসংখ্যানও বোর্ডে দেখতে চাই আমি। ন্যাশনাল রাগবি লিগে এই পরিসংখ্যানগুলো দেখায়। আমার মনে হয় ন্যাশনাল ফুটবল লিগও সেগুলো দেখায়। দর্শকদের জন্যও এটি দেখাটা দারুণ হবে বলে আমার মনে হয়।”