৭ ইনিংসে ১০০ রান ও তানজিদ-পরীক্ষার ভেতর-বাহির
তানজিদকে বিশ্বকাপ দলের মূল ওপেনারদের একজন হিসেবে বেছে নেওয়াটা ছিল অনেকটা বাজি কিংবা লটারি, নব্বইয়ের দশকে ক্রীড়া উন্নয়ন তহবিলের লটারির টিভি বিজ্ঞাপনের সংলাপের মতো, ‘যদি লাইগা যায়!’
‘চেষ্টা করব বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে থাকতে’- বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে কথাটি বলেছিলেন তানজিদ হাসান। তার কণ্ঠে ছিল দারুণ প্রত্যয়ের ছাপ। ঠিক এক মাস পর সেই কথা এখন হতে পারে উপহাস-বিদ্রুপের অনুসঙ্গ। বাংলাদেশের এই ওপেনার ৭ ইনিংস মিলিয়ে করতে পেরেছেন মোটে ১০০ রান!
তানজিদ যখন কথাটি বলেছিলেন, তখনও সামাজিক মাধ্যমে হাসাহাসি কিছু হয়েছে। তখনও পর্যন্ত ওয়ানডেতে ৪টি ইনিংস তিনি খেলেছেন, মোট রান ছিল ৩৪। দলে জায়গা থিতু নয়, পায়ের নিচের জমিন শক্ত নয়। সামর্থ্যের তেমন কোনো ঝলক তখনও পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে দেখাতে পারেননি। এরকম আনকোরা একজন এত বড় স্বপ্নের কথা শোনালে বিস্ময় ছড়ায় বটে।
তবে কিছু বাহবাও ওই সময় পেয়েছেন। আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকলেই তো নিজেকে সেভাবে তৈরি করতে পারবেন, সেই তাড়নার জ্বালানিতে ছুটতে পারবেন।
তানজিদ কথাটি বলতে পেরেছিলেন সম্ভবত দুটি প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের জোর থেকে। দারুণ সব শটের পসরা সাজিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। এই লেভেলের ক্রিকেটে যে তিনি খেলতে পারেন, সেই বিশ্বাসটাও হয়তো পাচ্ছিলেন।
তাছাড়া, সাহসের জন্যও তো কিছু প্রশংসা বরাদ্দ থাকে সবসময়ই। উঠতি একজন তরুণ ব্যাটসম্যানের এমন কথা বলতেও কলিজা লাগে।
তানজিদকে ওয়ানডে দলে নেওয়া এবং বিশ্বকাপ দলে রাখার মূল কারণও এটিই। তার সাহস। ভয়ডরহীন মানসিকতা। প্রতিভার ঝলক তো তিনি বয়সভিত্তিক ক্রিকেটেই দেখিয়েছেন। আগ্রাসী ব্যাটিংয়ের সামর্থ্যের প্রমাণও তখন রেখেছেন। যুব ওয়ানডেতে অন্তত ১ হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে গোটা বিশ্বেই দ্বিতীয় সেরা স্ট্রাইক রেট তার (১০২.৮২)।
যুব বিশ্বকাপের পর অনেকটা সময় আড়ালেই পড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জাতীয় দলে সুযোগ পেয়ে যে বিশ্বকাপেও জায়গা করে নিলেন, সেটির মূল কারণ তার ব্যাটিংয়ের ধরন। ঘরোয়া ক্রিকেটে বা ইমার্জিং দলে রানের স্রোত বইয়ে দেননি তিনি। তবে যতটুকুই রান করেছেন, বোলারদের গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা ছিল তার ব্যাটে।
বিশ্বকাপেও তার কাছে দলের চাওয়া ছিল এরকমই। বড় ইনিংস না হোক, অন্তত আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি যেন ড্রেসিং রুমে সাহস জোগাতে পারেন আর প্রতিপক্ষ বোলারদের ভড়কে দিতে পারেন। বড় ইনিংস না হোক, অন্তত ক্যামিও ইনিংস খেলে শুরুতে দ্রুত রানের স্বস্তি দলকে এনে দিতে পারেন।
কিন্তু তিনি পারেননি। বড় ইনিংস খেলতে পারেননি। স্রেফ একটি ফিফটি ছাড়া উড়ন্ত শুরু এনে দিতে পারেননি। মারকাটারি ব্যাটিংয়ের নমুনাও দেখাতে পারেননি। আউট হওয়ার ধরনগুলোও তার সামর্থ্যের খুব ভালো বিজ্ঞাপন হতে পারেনি। ভুল থেকে শেখার প্রমাণও রাখতে পারেননি। বলা যায়, ব্যর্থ তিনি সব দিক থেকেই।
প্রথম তিন ম্যাচে ব্যর্থতার পর ভারতের বিপক্ষে খোলস ছেড়ে বের হতে পারেন তিনি। দল তাকে যে চেহারায় দেখতে চায়, সেই রূপেই আবির্ভুত হন। শুরুটা সেদিনও খুব স্বস্তিময় ছিল না। কিন্তু জাসপ্রিত বুমরাহর শর্ট বলে অসাধারণ একটি হুক শটে ছক্কার পর আত্মবিশ্বাস পেয়ে যান। পরের ওভারেই মোহাম্মদ সিরাজকে দুটি বাউন্ডারি মারেন চোখধাঁধানো দুটি শটে। একটু পর শার্দুল ঠাকুরকে স্রেফ যেন তুড়ি মেরে উড়িয়ে দেন দুটি ছক্কা ও একটি চার মেরে।
৪৩ বলে ৫১ রানের ইনিংসটায় তিনি বোঝাতে পেরেছিলেন, খেলাটা তিনি পারেন।
সমস্যা হলো, সেরকম দিন আর আসেনি। আর একটিও নয়।
এমনিতে এই বিশ্বকাপে একমাত্র মাহমুদউল্লাহ ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানই প্রত্যাশা পূরণ করতে পারেননি। কাঠগড়ায় দাঁড় করাতে হয় সবাইকেই। সেখানে বরং তানজিদকে একটু পেছনের সারিতেই রাখতে হবে। একদমই অনভিজ্ঞ এবং এখনও বেশ কাঁচা তিনি। তবে প্রশ্নটাও সেখানেই উঠে যায়, এত বড় মঞ্চে এমন একজনের ওপর এতটা ভরসা কেন রাখা হলো? নির্বাচকরা, কোচ, অধিনায়ক কেন তার ওপর প্রত্যাশার এমন পাহাড় চাপিয়ে দিলেন!
সেই প্রত্যাশা বলতে তার কাছ থেকে দারুণ পারফরম্যান্স চাওয়া নয়, এই চাপ আসলে তাকে দলের মূল ওপেনারদের একজন হিসেবে বিশ্বকাপে পাঠানোর। এখন তো অন্তত পরিষ্কার, মূল ওপেনারদের একজন হওয়ার জন্য তিনি তৈরি নন। টেম্পারমেন্ট বা মানসিক দিক থেকে তিনি নিশ্চিতভাবেই প্রস্তুত নন এখনও, হয়তো ক্রিকেটীয় স্কিলের দিক থেকেও।
তানজিদকে বিশ্বকাপ দলের মূল ওপেনারদের একজন হিসেবে বেছে নেওয়ার পেছনে ক্রিকেটীয় যুক্তির চেয়ে বেশি ছিল আসলে একটা বাজি কিংবা লটারি, নব্বইয়ের দশকে ক্রীড়া উন্নয়ন তহবিলের লটারির টিভি বিজ্ঞাপনের সংলাপের মতো, ‘যদি লাইগা যায়…!’
আদর্শ হতো, যদি তানজিদকে বিশ্বকাপ দলে রাখা হতো বিকল্প ওপেনার বা তৃতীয় ওপেনার। মূল ওপেনারদের কেউ টানা ব্যর্থ হলে তখন তাকে বাজিয়ে দেখা যেত। অনেকটা নির্ভার থেকে তিনি খেলতে পারতেন। তার হারানোর কিছু থাকত না। কিন্তু বিশ্ব আসরে দলের মূল ওপেনারদের একজন হওয়ার যে আকাশচুম্বি প্রত্যাশা আর পাহাড়সমান চাপ, সেটি নিতে পারেননি তানজিদ। দল তাকে যতই ভরসা জোগাক বা সাহস দেওয়ার চেষ্টা করুক, উত্তাপ তো তিনি টের পেয়েছেন ঠিকই!
স্কিল আরও শানিত করার ব্যাপার তো আছেই। নতুন বলে বিশ্বের শীর্ষ মানের বোলারদের বিপক্ষে সাফল্য পেতে নিজের ব্যাটিং আরও ঝালাই করতে হবে তাকে। কিছু প্রবণতা বাদ দিতে হবে, অনেক কিছু যোগ করতে হবে।
দল সংশ্লিষ্ট যারা আছেন এখানে কিংবা দেশে, সংবাদমাধ্যমে মুখ খুলছেন না তাদের কেউই। কোনোরকম বিতর্কের রসদ তারা জোগাতে চান না। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচক মেনে নিলেন, তানজিদের প্রতি এক ধরনের অন্যায়ই করা হয়েছে।
“সত্যি বলতে, অন্তত ৬ থেকে ৮ মাস খেলে যদি সে বিশ্বকাপ আসতে পারত, তাহলে ভালো হতো। সেক্ষেত্রে আরও প্রস্তুত হয়ে আসতে পারত। এখনই বিশ্বকাপে খেলা তার জন্য একটু বেশিই চাপের হয়ে গেছে। সবচেয়ে ভালো হতো, তাকে তৃতীয় ওপেনার হিসেবে দলে রাখলে। তাহলে মূল চাপটা তার ওপর থাকত না। এখন যতই আমরা বলি সে অনভিজ্ঞ, যতই বলি অন্য ব্যাটসম্যানরাও ব্যর্থ হয়েছে, তবু আড়াল করা কঠিন। কারণ ওপেনিংয়ে টানা ব্যর্থ হলে সেটা সবারই চোখে লাগে। দল ভালো করলে তবু সে একটু নির্ভার থাকতে পারত। সেটাও হয়নি।”
তবে মুদ্রার অন্য পিঠও দেখাচ্ছেন সেই নির্বাচক। সেখানে তিনি আঙুল তুলছেন তানজিদের দিকে এবং দেশের ক্রিকেটের একটি বাস্তবতার প্রতি।
“যদিও তানজিদকে একটু বেশিই কঠিন পরীক্ষায় ঠেলে দেওয়া হয়েছে, তবে সেও তো পারত সুযোগটা লুফে নিতে! অন্য দেশে তো অনেকেই নেয়। রাচিন রবীন্দ্রকেই দেখুন, কেন উইলিয়ামসনের চোটকে কাজে লাগিয়ে টপ অর্ডারে কী দুর্দান্ত পারফর্ম করছে! যদিও সে আগে বেশ কিছু ম্যাচ খেলেছে, তারপরও বিশ্বকাপে সে টপ অর্ডারে এমন পারফরম্যান্স দেখাবে, কজন ভেবেছিলেন!”
“আমাদের ক্রিকেট সংস্কৃতি আসলে ভিন্ন। মানসিকভাবে আমরা অতটা শক্ত নই, পরিপক্ক নই। চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে একটু পিছিয়ে থাকি।”
এখনও পর্যন্ত যা বাস্তবতা, তাতে বিশ্বকাপের পর দলে জায়গা ধরে রাখা তানজিদের জন্য হবে প্রায় অসম্ভব। তবে শেষ দুই ম্যাচে তার জন্য কিছুটা ‘লাইফ লাইন’ রেখে দিচ্ছেন ওই নির্বাচক।
“শেষ দুই ম্যাচে ভালো কিছু করলে নিশ্চয়ই তাকে নিয়ে ইতিবাচক ভাববে সবাই। সে নিজেও আত্মবিশ্বাস পাবে কিছু। ছেলেটার মধ্যে কিন্তু কিছু ব্যাপার আছে, যা আমাদের দরকার। যথেষ্ট প্রতিভাবান সে। অনেকেরই একটু সময় লাগে (দলে থিতু হতে)। শেষ দুই ম্যাচে ভালো করতে পারলে, নিজের জন্য সেই সময়টা হয়তো আদায় করে নিতে পারবে সে।”
আর ভালো করতে না পারলে?
তাহলে উত্তরটা হয়তো তানজিদও জানেন।
