২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছবির মতো সুন্দর মাঠের আউটফিল্ড কেন এত বাজে

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ থেকে ধারামশালা স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা।

ছবির মতো সুন্দর মাঠের আউটফিল্ড কেন এত বাজে

বাংলাদেশ ও আফগানিস্তানের ম‍্যাচের পর আলোচনার কেন্দ্রে ধারামশালা স্টেডিয়ামের আউটফিল্ড।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

ধারামশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 05:53 PM

Updated : 08 Oct 2023, 06:52 PM

মাঠের চিফ কিউরেটরকে পাওয়া গেল অনেক খুঁজে। কিন্তু তার মুখে তালা। ঠোঁটে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন, কোনো কথা বলবেন না। অনেক অনুরোধের পর শুধু বললেন, “নো কমেন্টস… আপনি অ্যাসোসিয়েশনের কারও কাছে জিজ্ঞেস করুন।” অ্যাসোসিয়েশন মানে হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা। সংস্থাটির মহাব্যবস্থাপকের (অপারেশন্স) দুয়ারে কড়া নাড়ার পর তিনি বললেন, ‘এসব নিয়ে কথা বলে চাকরি হারাতে চাই না। আপনি সচিবের সঙ্গে কথা বলুন।”

সংস্থার সচিব আভনিশ পার্মার তখন ব্যস্ত একটি সভায়। ঘণ্টা দুয়েক পর সভা শেষ হলো। এরপর পাওয়া গেল তাকে। হাসিমুখেই বললেন, “ঠিক আছে, কথা বলব। আপনি একটু বাইরে মিনিট পাঁচেক অপেক্ষা করুন।” সেই ৫ মিনিট আর শেষ হয় না! মিনিট বিশেক পর তিনি লোক পাঠিয়ে জানিয়ে দিলেন, এই বিষয় নিয়ে আপাতত কথা বলতে চান না।

তিনি বলতে না চাইলেও এটি নিয়ে কথা হচ্ছে প্রচুর। প্রসঙ্গ- হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের আউটফিল্ড। এমনিতে দারুণ মনোমুগ্ধকর স্টেডিয়াম এটি। ক্রিকেট বিশ্বের সুন্দরতম মাঠগুলির একটি। তিব্বতীয় ঘরানার স্থাপত্য ও বাহারি রঙের মেলা ও পেছনে নয়নাভিরাম ধলাধার পাহাড়ের সৌন্দর্য মিলিয়ে এই মাঠকে মনে হয় স্বপ্নরাজ্য। কিন্তু চারপাশের সৌন্দর্যে মন জুড়িয়ে গেলেও এবার চোখ আটকে যাচ্ছে নিচে তাকাতেই। আউটফিল্ডের এ কী অবস্থা!

গত মে মাসে আইপিএলের সময়ও এই মাঠের আউটফিল্ড ছিল সবুজের গালিচা। অথচ এখন সবুজের সঙ্গে সাদার মাখামাখি। ঘাসের নিচেই যে ভারী বালির স্তর! মাঠজুড়েই নানা জায়গায় উঁকি দিচ্ছে বালি। মাঠের অনেক জায়গায় ঘাস উঠে গেছে। বেশ কিছু জায়গা প্যাচপ্যাচে।

Image

এই ছবি গত মে মাসে আইপিএলের সময়ের। আউটফিল্ড তখনও ছিল দুর্দান্ত।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বালির কারণেই রান আপে বেশ সমস্যায় পড়তে হচ্ছিল বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে। ম্যাচজুড়েই আউটফিল্ড ছিল বেশ ভারী, বল খুব একটা গতিময়তায় এগোয়নি বাউন্ডারির দিকে। ফিল্ডিংয়ের সময়ও ক্রিকেটারদের সমস্যায় পড়তে হয়েছে। মুজিব উর রহমানের একটি ছবি তো সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়েও পড়েছে, ফিল্ডিংয়ের সময় বালিতে মাখামাখি হয়ে তাকে অনেকটা দেখাই যাচ্ছে না! ফিল্ডাররা ডাইভ দেওয়ার পর অনেক জায়গাতেই মাঠের মাটি উঠে গর্তের মতো হয়ে গেছে। সব মিলিয়ে এটিকে ‘বিপজ্জনক’ আউটফিল্ডের কাতারে ফেলা যায় অবশ্যই। ম্যাচের সময় ধারাভাষ্যকাররাও বারবার সমালোচনা করেন আউটফিল্ডের। ক্রিকেটারদের চোটের শঙ্কাসহ বিপদের জায়গাগুলি তুলে ধরেন তারা।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হওয়া মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে বলেন যে, আউটফিল্ড বেশ ভারী ছিল। তিনি অবশ্য খুব বেশি গভীরে আর যাননি। কিন্তু আফগানিস্তান কোচ ও সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান জোনাথন ট্রট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুজিবের ফিল্ডিংয়ের উদাহরণ টেনে সরাসরিই বলেন আউটফিল্ডের বিপদের জায়গাটি।

“ক্রিকেটারদের ডাইভ দিতে গিয়ে যদি অনিশ্চয়তায় পড়তে হয়… ক্রিকেট বিশ্বজুড়ে আমরা দেখি যে ক্রিকেটারদের সবসময় শেখানো হয় ও অনুপ্রাণিত করা হয় তাদের ফিল্ডিংয়ে উন্নতি করতে। কিন্তু ক্রিকেটাররা যদি চোটে পড়ার শঙ্কায় থাকে… যেমন মুজিব বেশ ভাগ্যবান যে ম্যাচের শেষদিকে সে ভয়ানক কোনো হাঁটুর চোটে পড়েনি।”

“এই ব্যাপারটায় তাই খেয়াল রাখা উচিত। এমন নয় যে, এই কারণেই আমরা হেরেছি। অবশ্যই এটিকে আমি হারের দায় দেব না। তবে অবশ্যই এই দিকটায় সামনে খেয়াল রাখা উচিত।”

এমনিতে এই মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যাধুনিক এবং ভারতের সেরাগুলোর একটি। প্রবল বৃষ্টি হলেও এখানে বৃষ্টি শেষে ১৫-২০ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব। আউটফিল্ডও আগে খুব ভালো ছিল। কেন সেটা বদলে গেল, কারণ অনুসন্ধানে জানা গেল বেশ কিছু দিক।

এই মাঠের আউটফিল্ডের ঘাস এমনিতেই বেশ ভালো ছিল। কিন্তু আরও ভালো কিছুর চেষ্টায় পুরো মাঠের ঘাস বদলে ফেলে নতুন করে লাগানো হয়। বিপত্তির শুরু সেখানে। পরে বৈরি আবহাওয়ার কারণে পরিস্থিতি হয়েছে আরও সঙ্গিন।

আউটফিল্ড প্রস্তুত না থাকাতেই গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট ম্যাচের ভেন্যু শেষ পর্যন্ত এখান থেকে সরিয়ে নেওয়া হয় ইন্দোরে। এরপর মে মাসে আইপিএলের সময় আউটফিল্ড ভালো থাকলেও পরে আবহাওয়ার কারণে আবার আউটফিল্ড হয়ে পড়ে হতশ্রী।

Image

মাঠজুড়েই নানা জায়গায় উঁকি দিচ্ছে বালি, অনেক জায়গায় উঠে গেছে ঘাস।

হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার সচিব আভনিশ পার্মার নিজে কথা বলতে রাজি না হলেও শেষ পর্যন্ত সংস্থার মিডিয়া ম্যানেজার মোহিত সুদকে দায়িত্ব দিলেন ব্যাখ্যা করার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আউটফিল্ডের করুণ অবস্থার কারণ জানালেন মোহিত।

“আমাদের ড্রেনেজ সিস্টেম কিন্তু দারুণ। সাবওয়ে ভ্যাকুয়েশন ড্রেনেজ সিস্টেম আমাদের। গোটা ভারতের এই সিস্টেম রাখা দ্বিতীয় স্টেডিয়াম এটি। বৃষ্টি শেষে ১৫ মিনিটের মধ্যেই খেলা শুরু করা সম্ভব। দেশের সেরা মাঠগুলোর একটি।”

“আমরা গোটা মাঠের ঘাস নতুন করে বসিয়েছি আবার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার শীতকাল আমাদের প্রতি খুবই নির্দয় ছিল এবং এবার শীতকাল অনেক লম্বা হয়েছে। ঘাস তাই থিতু হওয়ার ও বেড়ে ওঠার যথেষ্ট সময় পায়নি। এই কারণেই এই অবস্থা।”

মোহিত আশ্বাস দিলেন, টুর্নামেন্টের সামনের সময়টায় আউটফিল্ডের অবস্থা আস্তে আস্তে ভালো হবে।

“আমরা এটা নিয়ে কাজ করছি। আইপিএলের সময় আউটফিল্ড কিন্তু দারুণ ছিল। আশা করি, দ্রুতই আবার আউটফিল্ড আগের চেহারা ফিরে পাবে। আমরা আত্মবিশ্বাসী যে টুর্নামেন্ট যত এগোবে, আউটফিল্ড আবার আইপিএলের রূপে ফিরবে।”

তবে সেটার জন্যও কিছুটা সময় তো লাগবেই। ধারামশালায় এখন আবহাওয়া চমৎকার। ঠাণ্ডা নেই বললেই চলে। আউটফিল্ড হয়তো ভালো হতে পারে। তবে মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের আগে যে আউটফিল্ডের রাতারাতি উন্নতির সম্ভাবনা নেই, তা নিশ্চিত করেই বলা যায়।