২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামান লাম্বা ড্রেসিং রুমে বাংলাদেশ দল, তাকে কতটা মনে রেখেছে এদেশের ক্রিকেট

আরুন জেটলি স্টেডিয়ামের হোম ড্রেসিং রুমের নামকরণ করা হয়েছে রামান লাম্বার নামে, দিল্লির যে ক্রিকেট নায়কের মৃত্যু হয়েছিল বাংলাদেশে খেলতে গিয়ে।  

রামান লাম্বা ড্রেসিং রুমে বাংলাদেশ দল, তাকে কতটা মনে রেখেছে এদেশের ক্রিকেট

আরুন জেটলি স্টেডিয়ামের হোম ড্রেসিং রুমের দুয়ারে বাংলাদেশের পতাকার পাশে রামান লাম্বার প্রতিকৃতি।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 09:31 AM

Updated : 05 Nov 2023, 05:48 PM

ড্রেসিং রুমের দরজায় সাঁটানো বাংলাদেশের পতাকা। ঠিক পাশেই ফুটিয়ে তোলা হয়েছে একজনের মুখায়ব। যার প্রতিকৃতি, সেই মানুষটির সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক অনেক গভীর। প্রচণ্ড আবেগের। ভীষণ হাহাকারের। ছবির নিচেই নামফলক, যেখানে লেখা, ‘রামান লাম্বা ড্রেসিং রুম।’

দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামের ‘হোম’ ড্রেসিং রুম এটি। বাংলাদেশ ক্রিকেটের যারা একনিষ্ঠ অনুসারী, অজানা থাকার কথা নয় এই দেশের সঙ্গে রামান লাম্বার সংযোগ কতটা গৌরবের এবং একই সঙ্গে বেদনার। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের ঠিকানা রামান লাম্বার নামে নামকরণ হওয়া এই ড্রেসিং রুমই।

ভারতীয় ক্রিকেটে রামান লাম্বা খুব বড় কোনো নাম নন। ৪টি টেস্ট ও ৩২টি ওয়ানডে খেলেছেন আশির দশকে। টেস্টে একটি মোটে ফিফটি করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে, ১৯৮৬ সালে নাগপুরে। ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত ছিল। অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। চতুর্থ ওয়ানডেতে করেন ৬৮ বলে ৭৪। এক ম্যাচ পরই সেঞ্চুরি। কিন্তু এরপর আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে থমকে যায় সম্ভাবনাময় ক্যারিয়ার।

তবে ভারতীয় ক্রিকেটে কীর্তিমান কেউ না হলেও দিল্লির ক্রিকেটে তিনি কিংবদন্তি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১২১ ম্যাচে ৩১ সেঞ্চুরিতে করেছেন ৮ হাজার ৭৭৬ রান। ব্যাটিং গড় ৫৩.৮৪, ট্রিপল সেঞ্চুরি করেছেন দুটি। দিল্লির হয়েই সেঞ্চুরি ২৩টি, ফিফটি ২২টি।

Image

স্টেডিয়ামের মূল ভবনের প্রবেশ পথের দেয়ালে টাঙানো রামান লাম্বার ছবি। 

আরুন জেটলি স্টেডিয়ামে নানাভাবে সম্মান জানানো হয়েছে ও স্মরণীয় করে রাখা হয়েছে দিল্লির ক্রিকেট নায়কদের। মাঠের বিভিন্ন গ্যালারির নাম ‘মহিন্দার আমারনাথ স্ট্যান্ড’, ‘গৌতাম গাম্ভির স্ট্যান্ড’, ‘ভিরাট কোহলি প্যাভিলিয়ন।’ রামান লাম্বার নাম তেমনি জ্বলজ্বল করছে ড্রেসিং রুমের প্রবেশমুখে। এছাড়া স্টেডিয়ামের মূল ভবনে ঢোকার পথেই দুপাশের দেয়ালে দিল্লির সব ক্রিকেট নায়কের বাঁধাই করা ছবি টাঙানো আছে সযত্নে। সেখানেও ফ্রেমবন্দি রামান লাম্বাকে চোখে পড়ে হাসিমুখে। 

যে রামান লাম্বা বাংলাদেশের

দিল্লির হয়ে এতসব কীর্তির আবেদন তো আর বাংলাদেশের ক্রিকেটে নেই। বাংলাদেশ মনে রেখেছে ঢাকার ক্লাব ক্রিকেটের রামান লাম্বাকে। জিএমসিসি, আবাহনীর হয়ে দুর্দান্ত সব ইনিংস উপহার দেওয়া সেই আগ্রাসী ব্যাটসম্যানকে। এই দেশে ক্রিকেট খেলতে এসে বলের আঘাতে অকালে প্রাণ হারানো এক নায়ককে।

টেস্টপূর্ব যুগে ঢাকার ক্লাব ক্রিকেটে খেলে গেছেন অনেক অনেক বিদেশি ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের অনেক বড় তারকাও খেলে গেছেন। তাদের তুলনায় তারকাখ্যাতি ছিল না রামান লাম্বার। কিন্তু ছিল কার্যকারিতা। ম্যাচের পর ম্যাচে পারফর্ম করে গেছেন সেই সময়ের ব্যাটিং-দুরূহ উইকেটে। স্ট্রোকের ফোয়ারা ছুটিয়ে খেলেছেন ম্যাচ জেতানো সব ইনিংস। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়ও ছিলেন তিনি।

মৌসুমে পর মৌসুম খেলার পরিক্রমায় ভালোবাসার বন্ধন গড়ে উঠেছিল এই দেশের সঙ্গে। সেই ভালোবাসাই শেষ পর্যন্ত তাকে টেনে নিয়ে যায় জীবন রেখার শেষ সীমানায়।

Image

অভিষেক ওয়ানডে সিরিজেই ম্যান অব দা সিরিজ হয়েছিলেন রামান লাম্বা।

দিনটি ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান মুখোমুখি হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। গ্যালারি ছিল দর্শকে টইটম্বুর। রামান লাম্বা তখন বলা যায় আবাহনীর ঘরের ছেলে। ফিল্ডিং করছিলেন তারা। আবাহনীর নিয়মিত অধিনায়ক আকরাম খান তখন একটু সময়ের জন্য ছিলেন মাঠের বাইরে। ভারপ্রাপ্ত অধিনায়ক খালেদ মাসুদ প্রতিপক্ষ ব্যাটসম্যানকে চাপে ফেলতে ফিল্ডিং একটু আঁটসাঁট করে সাজালেন। রামান লাম্বা দাঁড়ালেন ফরোয়ার্ড শর্ট লেগে।

বোলার সাইফুল্লাহ খান জেম, কিপার খালেদ মাসুদরা বলেছিলেন রামান লাম্বাকে হেলমেট পরতে। কিন্তু তিনি বলেছিলেন, “আরে মাত্র একটি বলেরই ব্যাপার...।” ওভারের শেষ বল ছিল সেটি। বাঁহাতি স্পিনার জেমের শর্ট অব লেংথ বলটিতে সজোরে পুল করলেন মেহরাব হোসেন অপি। বল রামান লাম্বার মাথার বাঁপাশে, কানের কাছাকাছি জায়গায় লেগে ওপরে উঠে যায়। কিপার খালেদ মাসুদ ক্যাচ নেন সেটি।

নতুন ব্যাটসম্যান আমিনুল ইসলাম যখন ক্রিজে যান, রামান লাম্বা তখন ব্যাথায় কাতর। আমিনুল তাকে জিজ্ঞেস করেন অবস্থা কেমন। রামান উত্তর দেন, “আমি তো শেষ…।”

যদিও তখনও পর্যন্ত চোট অতটা গুরুতর বলে মনে করেননি কেউই। দলীয় চিকিৎসকের কাঁধে ভর দিয়ে হেঁটেই মাঠ ছেড়ে যান রামান। কিন্তু মাঠের বাইরে গিয়েই বমি করে ফেলেন। তখনই স্পষ্ট হতে থাকে যে, আঘাত গুরুতর। দ্রুত তাকে একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। ততক্ষণে তিনি জ্ঞান হারিয়েছেন। অবস্থার অবনতি হলে পরদিন তাকে নেওয়া হয় পিজি হাসপাতালে। তখন তিনি চলে গেছেন কোমায়। জীবনের গতি চলছে নাকি নয়, বোঝাই কঠিন।

অবশেষে ঘুম থেকেই চলে যান চিরঘুমে। ২৩ ফেব্রুয়ারি খুলে নেওয়া হয় লাইফ সাপোর্ট। তার বোন ভিকি ও আইরিশ স্ত্রী কিমের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আবাহনী ক্লাব তথা দেশের ক্রিকেট আঙিনাতেও নেমে আসে শোকের ছায়া।

ভারতের বাইরে বাংলাদেশের পাশাপাশি আয়ারল্যান্ডেও নিয়মিত ক্লাব ক্রিকেট খেলতেন রামান। সেখানেই পরিচয় ও পরিণয় কিমের সঙ্গে। রামানের আঘাতের খবর শুনে কিম ছুটে আসেন ঢাকায়। হাসপাতালে রামানের চিকিৎসা ঠিকমতো হয়নি বলেও অভিযোগ ছিল তার। বোন ভিকির চেষ্টায় দিল্লি থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছিল ঢাকায়। লাভ হয়নি কিছুতেই।

যে রামান দিল্লির হয়ে রঞ্জি খেলতে চেয়েছিলেন ৪৫ বছর পর্যন্ত, তার জীবনপ্রদীপ নিভে যায় স্রেফ ৩৮ বছর বয়সে।

রামানের মৃত্যুর সময় তাদের মেয়ে জেসমিনের বয়স ছিল ৫, ছেলে কামরানের বয়স ৩।

মৃত্যুহীন প্রাণ, স্মৃতি অম্লান

আরুন জেটলি স্টেডিয়ামে রোববার পাওয়া গেল প্রামোদ জৈনকে, স্থানীয় সনেট ক্লাবের প্রতিষ্ঠাতাদের একজন। এই ক্লাব থেকে উঠে এসে পরে ভারতের হয়ে খেলেছেন মানোজ প্রভাকার, আজায় শার্মা, সাঞ্জিব শার্মা, সুরিন্দার খান্না, আতুল ওয়াসান, আশিস নেহরা, শিখার ধাওয়ান, রিশাভ পান্তসহ অনেক ক্রিকেটার। তাদেরই একজন রামান লাম্বা।

রামানের একদম ছেলেবেলা থেকেই বেড়ে উঠতে দেখেছেন প্রামোদ। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, “রামানের মৃত্যুই ওকে ঢাকায় টেনে নিয়েছিল। ওই সময়টায় এই মাঠেই দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার কথা ছিল ওর। কিন্তু ঢাকার ক্রিকেটের প্রতি আলাদা টান ছিল ওর। ঢাকার ক্লাবকে কথা দিয়েছিল, সেখানে বড় ম্যাচে খেলবে। সেই কথা রাখতেই গিয়েছিল। গিয়ে তো সব শেষ…।”

Image

মৃত্যুর মাত্র সপ্তাহ তিনেক আগে রঞ্জি ট্রফির ম্যাচে ম্যানেজার মানিন্দার সিং, বাংলার অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে রামান লাম্বা।

কথা বলতেই বলতেই আবার ৭৮ বছর বয়সী এই সংগঠকের হাসি ফুটে উঠল কিশোর রামানের কথা মনে করে।

“রামানকে আমি ১২-১৩ বছর বয়স থেকেই দেখেছি। আমাদের ক্লাবে আসত। সবার আগে এসে মাঠ পরিষ্কার করে ম্যাট বিছিয়ে ব্যাটিং শুরু করে দিত। আমরা তখন থেকেই জানতাম, এই ছেলে দিল্লির হয়ে খেলবে, ভারতের হয়ে খেলবে। আস্তে আস্তে ঠিকই সব করেছে। দেখার মতো ছিল ওর ব্যাটিং। টেকনিক খুব প্রথাগত নয়, কিন্তু ব্যাটিং দেখে মজা লাগত। প্রচণ্ড দাপুটে, বোলারদের ওপর ছড়ি ঘোরাত।”

এমন একজন ব্যাটসম্যান, এত সমৃদ্ধ তার প্রথম শ্রেণির ক্যারিয়ার, সেই রামান কেন ভারতের হয়ে আরও বেশি খেলতে পারেননি? প্রামোদ জৈন বললেন, কারণটা ক্রিকেটীয় নয়।

“ভারতের ক্রিকেটে মাঠের বাইরেও নানারকম খেলা চলে। রামান তো বাদ পড়ার পরও প্রচুর রান করেছেন। কিন্তু ছেলেটা একটু স্পষ্টভাষী ছিল, কারও ধার ধারত না। জীবন নিজের মতো করে চালাত। এসব আসলে তার বিপক্ষে গেছে। নইলে ভারতের হয়ে আরও অনেক বেশি ম্যাচ সে খেলতে পারত।”

প্রমোদ জৈনের কাছ থেকেই খোঁজ পাওয়া গেল রামান লাম্বার একসময়ের সতীর্থ দেভেন্দ্রা শার্মার। তিনিও সনেট ক্লাবে খেলেই বেড়ে উঠেছেন, রামানের সঙ্গে রঞ্জি ট্রফিতে খেলেছেন দিল্লির হয়ে। এখন তিনি সনেট ক্লাবের কোচ। রামানের প্রসঙ্গ উঠতেই আবেগে কেঁপে উঠল তার কণ্ঠ।

“রামান লাম্বা আমার কাছ ক্রিকেট ইশ্বরের মতো। আমার ঘরে এখনও তার ছবি টাঙানো আছে। কী দারুণ এক ব্যাটসম্যান ছিলের তিনি, না দেখে বুঝতে পারবেন না!”

“আমার চেয়ে অনেক সিনিয়র ছিলেন তিনি। সনেট ক্লাবে, দিল্লির হয়ে তাকে খেলতে দেখেই আমরা বড় হয়েছি। তার মতো হতে চেয়েছি সবসময়। দিল্লির ক্রিকেট সার্কিটে সেই সময় তার মতো জনপ্রিয় ব্যাটসম্যান কমই ছিল। এরপর আমি যখন প্রথম দিল্লির হয়ে খেললাম, রামানই ছিল অধিনায়ক। আমার সৌভাগ্য যে তার সঙ্গে খেলতে পেরেছি।”

দেভেন্দ্রার সবচেয়ে ভালো লাগত রামানের আক্রমণাত্মক ব্যাটিং আর হার না মানা মানসিকতা।

“রামান লাম্বার সবচেয়ে বড় গুণ ছিল, কখনও হারতে চাইত না। ছোট কোনো ক্লাব ম্যাচেও কখনও হারতে চাইত না। যে কোনো মূল্যে জিততেই হবে। তিনি নিজেই খেলা শেষ করে আসতে চাইতেন। আর কী মার যে মারতেন! এই আইপিএলের যুগে তিনি থাকলে তাকে নিয়ে টানাটানি পড়ে যেত। টি-টোয়েন্টিতে তিনি বিশ্ব তারকা হতেন।”

“ইউটিউবে ভিডিও দেখতে পারেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পথে ক্রেইগ ম্যাকডারমটের মতো বোলারকে কীভাবে পয়েন্টের ওপর দিয়ে ছক্কা মেরেছে! তিনি ছন্দে থাকলে কোনো বোলারকে বল ফেলার জায়গা দিতেন না। ঢাকার ক্রিকেটের কথাও একটু শুনেছিলাম তার কাছ থেকে, বলতেন যে ওখানে উইকেট অনেক কঠিন।”

দেভেন্দ্রার কাছ থেকে জানা গেল মাঠের বাইরের রামান সম্পর্কেও, ড্রেসিং রুমে যিনি ছিলেন জনপ্রিয় চরিত্র।

“রামান খুব হাসিখুশি ছিল। মাঠের ভেতরে শক্ত প্রতিদ্বন্দ্বী, কিন্তু বাইরে এলেই অন্যরকম। দারুণ আমুদে। ড্রেসিং রুম মাতিয়ে রাখত। খুবই সুদর্শন ছিলেন, জীবনটাকে উপভোগ করতে চাইতেন। আমাদের মতো উঠতি ছেলেদের সবসময় সাহস জোগাতেন, সাহায্য করতেন। সব মিলিয়ে সবার কাছে আকর্ষণীয় একজন ছিলেন তিনি।”

বেশ কয়েক বছর আগে ভারতীয় একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে রামানের স্ত্রী কিম বলেছিলেন একইরকম কথা। রামান জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতেন। স্বামীকে হারানোর চার বছর পরই কিম তার ছেলেমেয়েকে নিয়ে থিতু হন পর্তুগালে।

দেভেন্দ্রার কাছ থেকে আরও অনেক কিছু জানা গেল রামান সম্পর্কে। সব লিখে শেষ করাও যাবে না। এমনকি রামানের বিদায়ের দিনটিও এখনও স্পষ্ট মনে পড়ে তার।

“রামানের সঙ্গেই ঢাকায় খেলতেন আমাদের ক্লাবের সাঞ্জিব শার্মা। তার ফোনেই সবাই খবরটি জানতে পারে। সেদিন গোটা ক্লাবে মাতম ওঠে। ক্লাবে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। গোটা দিল্লির ক্রিকেটেই শোক নেমে আসে। ক্রিকেট খেলতে গিয়ে এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছিল না।”

Image

আয়ারল্যান্ডে খেলতে গিয়ে কিমের সঙ্গে পরিচয় ও পরিণয়।

“আমরা তার কথা এখনও বলি। এখনকার উঠতি ক্রিকেটারদের তার গল্প শোনাই। আমাদের ক্লাবে তার ছবি আছে। দিল্লির ক্রিকেটে নানাভাবে তাকে স্মরণীয় করে রাখা হয়েছে। আজকে তাকে নিয়ে আমি কথা বলতে পারছি, এটাও আসলে আমার জন্য গর্ব আর ভালোলাগার ব্যাপার। আমাদের স্মৃতিতে ও ভালোবাসায় তিনি এখন প্রবলভাবে জীবন্ত।”

রামানের মৃত্যুর খবর জেনে ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার বলেছিলেন, “জীবনটাকে যে এত ভালোবাসাত, এতটা উপভোগ করত, জীবন তাকেই বঞ্চিত করল।”

বাংলাদেশের ক্রিকেটেও তিনি একরকম বঞ্চিতই। তাকে ঘিরে স্রেফ স্মৃতিটুকুই সম্বল। যে ক্লাবের হয়ে খেলতে গিয়ে তিনি মারা গেলেন, সেই আবাহনী ক্লাবে তার কোনো স্মৃতিচিহ্ন নেই। এমনকি একটি ছবিও নেই। তার মৃত্যুর দিনটি পালন করা হয় না। বিসিবিও কোনো উদ্যোগ নেয়নি তাকে স্মরণীয় করে রাখার।

এই যে তার নামে নামকরণ হওয়া ড্রেসিং রুমে এখন বিচরণ বাংলাদেশের ক্রিকেটারদের, তারাও কজন জানেন রামান সম্পর্কে! ড্রেসিং রুমে ঢোকার মুখে কেউ কি থমকে দাঁড়িয়েছেন? একটু ভেবেছেন? কারও কী আলাদা করে কিছু মনে হয়েছে? আলাদা কোনো অনুভূতি!  

সেই সম্ভাবনা খুবই সামান্য।

বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে চলায় তো এই রামান বা তার মতো আরও বিদেশি ক্রিকেটারদের অবদান খানিকটা হলেও আছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ক্রিকেটকে যিনি এতটা ভালোবেসেছিলেন, এই দেশের মাঠ থেকেই ভীষণ দুঃখজনক এক দুর্ঘটনায় যিনি পাড়ি জমিয়েছিলেন অন্য ভুবনে অনন্ত যাত্রায়, এই দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের কাছ থেকে আরেকটু ভালোবাসা তো তিনি পেতেই পারেন!