০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

দিল্লির বাতাসের মানের চরম অবনতি: ‘১ কিমিও দৌড়ানো দায়’, ক্ষোভ বাসিন্দাদের

বায়ু দূষণের কারণে বাসিন্দারা চোখে তীব্র জ্বালাপোড়া ও শ্বাসকষ্টে ভুগছেন। তাছাড়া, রাজধানীতে বারবার ঘটা এই দূষণের কোনও স্থায়ী সমাধান না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

দিল্লির বাতাসের মানের চরম অবনতি: ‘১ কিমিও দৌড়ানো দায়’, ক্ষোভ বাসিন্দাদের

দিল্লিতে বায়ুদূষণ। ছবি: এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 08:10 PM

Updated : 09 Nov 2026, 08:10 PM

ভারতে দীপাবলির আগেই রাজধানী দিল্লির বাতাসের মান ছিল খারাপ। এর মধ্যে উৎসবের আতশবাজির ধোঁয়া, যানবাহনের দূষণ ও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।

রোববার দীপাবলিতে দিনের বেলা দিল্লির বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৩৭৬, যা ‘অতি খারাপ’ পর্যায়ে পড়ে। সন্ধ্যা ৭ তেও একিউআই ৩৭০-র বেশিই ছিল।

তবে দীপাবলি উদ্‌যাপনের পর সোমবার থেকে দূষণ ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা ছিল। এদিন সকালে দিল্লি বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে যায়।

এতে উৎসবের আনন্দ শেষে মানুষের শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়ে। শহরের বাতাসের মানের চরম অবনতি হয়। কিছু কিছু এলাকায় এই দূষণ ৪০০ পার হয়ে মারাত্মক পর্যায়ে চলে যায়।

ঘন কুয়াশা ও ধোঁয়াশায় পুরো দিল্লির বড় অংশ ঢেকে যাওয়ায় রাস্তার দূরবর্তী জিনিস দেখার ক্ষমতা অনেক কমে গেছে। একই সঙ্গে শহরের অন্তত ১৫টি বায়ু পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা ৪০০ পার হয়ে গেছে।

দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় পত্রিকা এনডিটিভি-র এক মাঠপর্যায়ের প্রতিবেদনে শীতকালের ভয়াবহ বাস্তব চিত্র ফুটে উঠেছে। সেখানে দেখা গেছে, বাসিন্দারা চোখে তীব্র জ্বালাপোড়া ও শ্বাসকষ্টের মুখোমুখি হচ্ছেন। একইসঙ্গে, রাজধানীর এই বাতাস দিন দিন খারাপ হতে থাকলেও এর কোনও স্থায়ী সমাধান না হওয়ায় মানুষের মধ্যে এক ধরনের চরম অসহায়ত্ব তৈরি হচ্ছে।

শরীরে সরাসরি ক্ষতি হওয়ার পাশাপাশি, রাজধানীতে এই বারবার ফিরে আসা বিষাক্ত বাতাস সংকটের কোনও স্থায়ী সমাধান না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমশ বাড়ছে।

অক্ষরধাম ফ্লাইওভার থেকে ঘন কুয়াশা ও ধোঁয়াশার চাদরের আড়ালে অক্ষরধাম মন্দিরটি প্রায় দেখাই যাচ্ছিল না। আবহাওয়া অনুকূলে না থাকায় বাতাসের মান আরও খারাপ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া সংস্থা।

আইটিও দিল্লির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হিসেবে রয়ে গেছে, যেখানে বাতাসের মান সূচক (একিউআই) ছিল ৪০৭ এবং বাতাস ছিল 'মারাত্মক ক্ষতিকর' পর্যায়ের।

সাধারণ মানুষ জানিয়েছেন, তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মাথাব্যথা করছিল এবং চোখে তীব্র জ্বালাপোড়া অনুভব করছিলেন।

নয়ডা সীমান্তের কাছাকাছি পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কারণ, ঘন বিষাক্ত ধোঁয়াশায় পুরো দিল্লির আকাশ ঢেকে গিছে। নয়ডায় সার্বিক বাতাসের মান (একিউআই) রেকর্ড করা হয়েছে ৩৩৮, যা 'খুবই খারাপ' বিষাক্ত পর্যায়ের অন্তর্ভুক্ত।

এনডিটিভি আর. কে. পুরম এবং চাণক্যপুরীর বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছে, যারা দিল্লির বিষাক্ত বাতাসে শ্বাস নিতে না পারার কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

কি বলছেন দিল্লির বাসিন্দারা?

দিল্লির বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, বায়ু দূষণ এখন আর শুধু দীপাবলির আশেপাশের কয়েকটা দিনের জন্য হঠাৎ বেড়ে যাওয়া কোনও বিষয় নয়, বরং এটি এখন প্রতি বছরের একটি নিয়মিত এবং দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

আর. কে. পুরমের বাসিন্দা গজনবী মোহাম্মদ এনডিটিভি-কে বলেছেন, তিনি মনে করেন না বাজি ফাটানোই দূষণের একমাত্র কারণ।

তিনি যুক্তি দিয়ে বলেন, দিল্লির বাতাসের মানের সমস্যাটি সারা বছর জুড়েই থাকে এবং এটি সমাধানের জন্য স্থায়ী ও ধারাবাহিক পদক্ষেপ প্রয়োজন। তবে তিনি ব্যক্তিগতভাবে এই দূষণে খুব বড় কোনও শারীরিক অস্বস্তি বা কষ্টের মুখোমুখি হননি।

দিল্লির বিষাক্ত বাতাসের কারণে দেরাদুনে চলে যাওয়া শৈলেশ নামের একজন জানান, তিনি কেবল উৎসবের ছুটির কারণেই রাজধানীতে গিয়েছিলেন। তিনি সাধারণত প্রতিদিন ৫ কিলোমিটার দৌড়ান, কিন্তু দিল্লির বাতাসে শ্বাস বন্ধ হয়ে আসার কারণে মাত্র ১ কিলোমিটার দৌড়ানোর পরেই বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছেন।

চাণক্যপুরীর বাসিন্দা বেদ প্রকাশ উল্লেখ করেন, শীতকাল এলেই দূষণের বিষয়টি সবার নজরে আসে, কিন্তু বছরের বাকি সময়ে এ বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাওয়া হয় বা আমলে নেওয়া হয় না।

তিনি আরও বলেন, আতশবাজির কারণে কেবল ‘একটি দিন’ দূষণ বাড়ে, তবে আরও বড় সমস্যার জন্য স্থায়ী বা দীর্ঘমেয়াদী সমাধান দরকার। একইসঙ্গে তিনি স্বীকার করেন, দীপাবলির রাতে তার এলাকায় সারারাত ধরে বাজি ফাটানো হয়েছিল।

দিল্লির তীব্র বায়ু দূষণের কারণে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন বলে এনডিটিভি-কে জানিয়েছেন প্রেম নারায়ণ শুক্লা এবং তার পরিবারের সদস্যরা।

আরেক বাসিন্দা কেরি জানিয়েছেন, এই দূষণ তার ত্বকে খারাপ প্রভাব ফেলেছে এবং তার সামাজিক জীবনও ব্যাহত করেছে, যার ফলে তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা দেখা করার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, দূষণের কারণে প্রতিদিনের নিয়মিত কাজ যেমন: সকালের হাঁটা এবং দৌড়ানো এখন অনেক কঠিন হয়ে পড়েছে।

আবহাওয়ার প্রতিকূল অবস্থার কারণে আগামী কয়েকদিন এই দূষিত বাতাস রাজধানীতেই আটকে থাকতে পারে বলে পূর্বাভাস আছে।