উড়ন্ত পথচলায় দক্ষিণ আফ্রিকার এবার ছক্কার রেকর্ড
বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ছক্কা এখন দক্ষিণ আফ্রিকার।
চলতি বিশ্বকাপে আগ্রাসী ব্যাটিংয়ে যেন নতুন মাত্রা যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। চার-ছক্কায় ভেলায় চেপে তিনশ ছোঁয়া স্কোরকে ‘ডাল-ভাত’ বানিয়ে প্রতিনিয়ত সাড়ে তিনশ, চারশ ছুঁইছুঁই সংগ্রহ দাঁড় করাচ্ছে তারা। এই পথচলায় নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক।
পুনেতে বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩৫৭ রান করেছে প্রোটিয়ারা। চলতি আসরে সাত ইনিংসে এটি তাদের পঞ্চম তিনশ ছোঁয়া দলীয় স্কোর। এর মধ্যে চারবারই তারা পেরিয়েছে সাড়ে তিনশ রানের ঘর। ধারাবাহিকভাবে রান-পাহাড় গড়ার পথে ছক্কার নতুন রেকর্ড গড়েছে তারা।
এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে দক্ষিণ আফ্রিকা মেরেছে মোট ৮২টি ছক্কা। বিশ্বকাপের এক আসরে কোনো দলের এটিই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। ঘরের মাঠের গত আসরে ১১ ম্যাচে ৭৬টি ছক্কা মেরেছিল ইংল্যান্ড। এবার চার ম্যাচ কম খেলেই সেটি টপকে গেল প্রোটিয়ারা।
নতুন রেকর্ড গড়ার পথে বাংলাদেশের বিপক্ষে ১৯টি ছক্কা মেরেছে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচে তাদের ছক্কা ১৫টি। এছাড়া দশের বেশি ছক্কা দেখা গেছে শ্রীলঙ্কা (১৪), ইংল্যান্ড (১৩) ম্যাচেও।
বিশ্বকাপে দলকে ছক্কার চূড়ায় বসানোর পথে সর্বোচ্চ ১৮ ছক্কা কুইন্টন ডি ককের। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ২১ ছক্কা এবি ডি ভিলিয়ার্সের। ওই রেকর্ড নিজের করতে আরও অন্তত দুটি ম্যাচ পাচ্ছেন ডি কক। তার সঙ্গে এবার হাইনরিখ ক্লসেন ১৭, ডেভিড মিলার ১৪ ছক্কায় রাখেন বড় অবদান।
ছক্কার রেকর্ডের দিনে চলতি আসরে চতুর্থ সেঞ্চুরি করেছেন ডি কক। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তিনি বসেছেন কুমার সাঙ্গাকারার পাশে। গত আসরে পাঁচ সেঞ্চুরি করে সবার ওপরে রোহিত শার্মা। এই তিন জন ছাড়া এক বিশ্বকাপে ৪ সেঞ্চুরি নেই আর কারও।
চল্লিশতম ওভারে ড্রেসিং রুমে ফেরার আগে ১০ চার ও ৩ ছক্কায় ১১৬ বলে ১১৪ রান করেন ডি কক। সব মিলিয়ে চলতি আসরে তার সংগ্রহ এখন ৭৭.৮৬ গড়ে ৫৪৫ রান। বিশ্বকাপের আগের দুই আসর মিলে ডি কক করেছিলেন ৪৫০ রান। এবার স্রেফ সাত ম্যাচেই টপকে গেলেন সেটি।
ডি ককের সামনে এখন বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার হাতছানি। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন সাচিন টেন্ডুলকার। প্রায় দুই দশক পুরোনো রেকর্ড নিজের করতে বাকি ম্যাচগুলোতে ডি ককের প্রয়োজন আর ১২৯ রান।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন রাসি ফন ডার ডাসেনও। চলতি আসরে নিজের দ্বিতীয় শতরানের ইনিংসে ৯ চার ও ৫ ছক্কায় তিনি ১১৮ বলে করেছেন ১৩৩ রান।
চলতি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে এক আসরে একাধিক সেঞ্চুরির কীর্তি ছিল শুধু ডি ভিলিয়ার্সের। এবারের আসরে তাকে ছাড়িয়ে গেছেন ডি কক। ফন ডার ডাসেন বসেছেন তার পাশে।
প্রমোশন পেয়ে চার নম্বরে নেমে ২ চার ও ৪ ছক্কায় ৩০ বলে ৫৩ রান করেছেন ডেভিড মিলার। হাইনরিখ ক্লসেন, এইডেন মার্করামও মেরেছেন একটি করে ছক্কা।
