ভারত শিবিরে চোটের ছোবল
ইশান কিষানের চোটে ভারতের একাদশে ফিরতে পারেন ব্যাটিং বিস্ময় বৈভাব সুরিয়াভানশি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইশান কিষানকে পাচ্ছে না ভারত। কুঁচকির চোটে ভুগছেন বাঁহাতি এই বিস্ফোরক ব্যাটসম্যান। তার জায়গায় একাদশে ফিরতে পারেন ব্যাটিং বিস্ময় বৈভাব সুরিয়াভানশি।
ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই শুক্রবার কিষানের পরের ম্যাচ থেকে ছিটকে পড়ার কথা নিশ্চিত করেছে। ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টির সময় এই চোট পান ২৮ বছর বয়সি এই ক্রিকেটার।
কিষানের চোটের কারণে রান তাড়ার রেকর্ড গড়ে জয়ের ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হয়। সাধারণত তিন নম্বরে ব্যাটিং করেন কিষান। কিন্তু কিউইদের ২২৫ রান তাড়ায় পাঁচে নামেন তিনি, ৩ বলে ১ রান করে আউট হয়ে যান।
ম্যাচটিতে তিলাক ভার্মাকে তিন নম্বরে নামায় ভারত। ১১ বলে ৬ রান করে ফেরেন তিনি।
টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের পর, ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক সংবাদ সম্মেলনে এসেই অবশ্য কিষানের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
“ইশান কিষান কুঁচকিতে চোট পেয়েছে। আমি জানি, এটা (ব্যাটিং অর্ডারে বদল) নিয়ে জল্পনা-কল্পনা ছিল, তবে এটা আসলে কোনো পরিকল্পিত পরিবর্তন ছিল না। ইশানের কুঁচকির সমস্যার কারণেই এমনটা হয়েছে। আমার মনে হয়, সে হয়তো একটি ম্যাচে খেলতে পারবে না।”
ভারতের সোনা জেতা এশিয়ান গেমস ক্রিকেটের সেমি-ফাইনাল ও ফাইনালে খেলেন সুরিয়াভানশি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির একটিতেও সুযোগ পাননি তিনি। ১৫ বছর বয়সি এই তরুণের জায়গা হয়নি নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশেও।
কিষানের ছিটকে পড়ায় ‘লাইক-ফর-লাইক’ বদলি হিসেবে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন আছেন সুরিয়াভানশি। বাঁহাতি এই ব্যাটসম্যানের ফেরার ইঙ্গিত দিয়েছেন কোটাকও।
“ইশান যদি খেলতে না পারে- অর্থাৎ সে পুরোপুরি সুস্থ না হয়, যা আমাদের মেডিকেল টিম জানাবে- তবে স্বাভাবিকভাবেই একজন ব্যাটার হিসেবে বৈভাবের বিষয়টি বিবেচনায় আসবে। সে অবশ্যই খেলার জন্য বিবেচিত হওয়ার মতো শক্তিশালী বিকল্পগুলোর মধ্যে একজন।”
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি একই মাঠে, হ্যাগলি ওভালে।
