২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিদের স্বস্তির ইনিংস, আক্ষেপের সমাপ্তি, শেখার প্রত্যয়

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৭ ম্যাচে ব্যর্থতার পর অবশেষে প্রথম ফিফটির দেখা পেয়েছেন তরুণ ওপেনার, যদিও ইনিংস বড় করতে না পারায় আফসোস আছে তার।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

পুনে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 09:02 AM

Updated : 20 Oct 2023, 03:32 PM

একটি কাভার ড্রাইভ, একটি স্ট্রেট ড্রাইভ। দুটিই ক্রিজ ছেড়ে বেরিয়ে। দুটিই দৃষ্টিনন্দন আর দাপুটে। মোহাম্মদ সিরাজের তিন বলের মধ্যে ওই দুই বাউন্ডারিতে দুটি মাইলফলক ধরা দিল তানজিদ হাসানের। প্রথমটিতে তিনি পেরিয়ে গেলেন ক্যারিয়ারের আগের সর্বোচ্চ ১৬ রান। পরেরটিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার স্পর্শ করলেন ২০ রান।

ভাবছেন, এসব কোনো মাইলফলক হলো নাকি! তা বটে। এসব বলার মতো কিছু নয়। তবে তানজিদের ক্যারিয়ারের শুরুটা এতটাই বাজে হয়েছে যে, এসবও চোখে পড়ল আলাদা করে!

প্রথম ২০ ছোঁয়ার ইনিংসে প্রথম ফিফটিতে রূপ দিয়েছেন তিনি। অবশেষে বলার মতো কিছুটা রান। তিনি নিজেও তাতে খানিকটা নির্ভার। তবে মনের তৃপ্তি তার ততটা নেই। দারুণ খেললেও ইনিংসটি যে আরও বড় করা গেল না! এই ম্যাচের ভুল থেকে শিখে পরে তা পুষিয়ে দেওয়ার প্রতীতিও শোনালেন।

এই ম্যাচের আগে ওয়ানডেতে ৭ ইনিংস খেলে তার মোট রান ছিল ৫৬। দুবার ১৬ রানে আউট হন, যেটি ছিল সর্বোচ্চ। দু-তিনটি শটের ঝলক দেখিয়েই বারবার আউট হয়ে যাচ্ছিলেন। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করলেও মূল আসরে ব্যর্থ টানা তিন ম্যাচে। দলে জায়গা নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছিল, তেমনি এই পর্যায়ের ক্রিকেটে তিনি কতটা উপযুক্ত, সেই সংশয়ও ছড়িয়ে পড়েছিল।

ভারতের বিপক্ষে ম্যাচেও শুরুর দিকে একটি বাউন্ডারি তিনি আদায় করে নেন। এরপর কিছুটা সাবধানী হয়ে যান। সপ্তম ওভারে এক পর্যায়ে তার রান ছিল ১৮ বলে ৯। এরপর হুট করেই চমকপ্রদ এক শট। তখনও পর্যন্ত আগুনে বোলিং করতে থাকা জাসপ্রিত বুমরাহর শর্ট বলে আচমকাই হুক করে ছক্কায় উড়িয়ে দেন।

নড়েচড়ে বসতে হলো তখনই। আজই কি তবে তার দিন? পরের ওভারেই সিরাজের বলে সেই দুটি চার। বিশেষ করে, ডাউন দা উইকেটে এসে স্ট্রেট ড্রাইভটা তো তার প্রতিভার দারুণ বিজ্ঞাপন।

পরে শার্দুল ঠাকুরকে পেয়ে বসেন প্রথম ওভারেই। লেংথ বলে ছক্কা মারেন পুল করে। পরের বলেই ক্রিজ ছেড়ে বেয়ে লফটেড শটে চার। এরপর ছক্কা এক্সট্রা কাভারের ওপর দিয়ে!

আগে কখনও ১৬ ছাড়া না পারা ব্যাটসম্যান ৪০ করে ফেলেন ২৮ বলেই। পরে শার্দুলকে আরেকটি বাউন্ডারির পর ফিফটিতে পা রাখেন ৪১ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাট উঁচিয়ে ধরার স্বাদ পান।

একেকটি শটে তার সাহসিকতার ছাপ যেমন ছিল, তেমনি ছিল প্রতিভা ও সামর্থ্যের ঝলকও।

এই পরিক্রমায় একটি রেকর্ডেও নাম লিখিয়ে ফেলেন। লিটন দাসের সঙ্গে মিলে গড়েন বিশ্বকাপে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি।

যখন মনে হচ্ছিল, আরও বড় কিছু করতে পারেন তিনি, তখনই আউট কুলদিপ ইয়াদাভকে সুইপ করার চেষ্টায়। ৪৩ বলে ৫১ রানে শেষ ইনিংস।

বিশ্বকাপের ম্যাচ, বাঁহাতি ওপেনার, প্রথম ফিফটি, প্রতিপক্ষ ভারত-সবকিছুকে পাশাপাশি রাখলে একটি নাম এতদিন অবধারিতভাবেই চলে আসত। ২০০৭ বিশ্বকাপে ঠিক ৫১ রানের ইনিংসের পথেই দুঃসাহসী ব্যাটিংয়ের প্রদর্শনীতে ক্রিকেট বিশ্বে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তামিম ইকবাল। এবার তেমন কিছুই করলেন তানজিদ, যার ডাক নামও তামিম। তার আদর্শ তামিম ইকবালই।

তামিম ইকবালের সেই ফিফটির ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট স্মরণীয় এক জয় হয়ে আছে। তানজিদের সেই সৌভাগ্য হলো না। তার ইনিংস ফিফটিতে থামায়, পরে লিটনও ৬৬ রানে উইকেট বিলিয়ে আসায় বদলে যায় দলের গতিপথও। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়ায় তাই থাকল স্বস্তির আর হতাশার মিশেল।

“সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ… তবে যদি এই জায়গা থেকে বড় করতে পারতাম, তাহলে দলের জন্য ভালো হতো, আমার জন্যও ভালো হতো।”

“দল না জিতলে ইনিংসটি মূল্যহীন হয়ে যায়। দল জিতলে অবশ্যই ভালো লাগে। দলের জন্য অবদান রাখতে পারলে নিজের কাছে ভালো লাগে। যেটা হয়নি, এটা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা সামনেরটা চিন্তা করছি।”

প্রথম ৭ ইনিংসে তিনি যেভাবে ব্যাট করেছেন, তাতে ভারতের বিপক্ষে তাকে একাদশে না রাখলেও প্রশ্ন হয়তো খুব বেশি উঠত না। তার পরও তার ওপরে আস্থা রেখেছে দল। সেটির প্রতিদান দিতে পেরে তিনি খুশি। এই ইনিংসের অভিজ্ঞতা তিনি বয়ে নিতে চান সামনের পথচলায়।

“টিম ম্যানেজমেন্ট, কোচ, তাদের বিশ্বাস ছিল যে আমি ভালো কিছু করব। আমি সেভাবেই করার চেষ্টা করছি। গত তিন ম্যাচে ব্যর্থ হয়েছি। আজকে কিছুটা করতে পেরেছি। চেষ্টা করব এখানে যে ঘাটতিগুলি আছে, তা পরের ইনিংসে পুষিয়ে দেওয়ার।”

এই ইনিংসে নিশ্চিতভাবেই আরও কিছু ম্যাচ খেলার নিশ্চয়তা তানজিদ পেয়ে গেলেন। আরেকটা বড় প্রাপ্তি, আত্মবিশ্বাস। ভারতের বোলিং আক্রমণের সঙ্গে গ্যালারিভরা প্রতিপক্ষ দর্শকের চাপ সামলে ফিফটি করার পর তিনি এখন জানেন, এই পর্যায়ে কিছুটা হলেও খেলতে পারেন। এই বিশ্বাসকে সঙ্গী করেই ‘কিছুটা’-কে ভবিষ্যতে তিনি রূপ দিতে পারেন বড় কিছুতে!