প্রথম ইউরোভিশন এশিয়ার শিরোপা জিতল ফিলিপিন্স
আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিটবক্সার দল ‘বিটমোস্ফিয়ার’, নিজেদের মৌলিক গান ‘তুমি এলে’ গেয়ে শোনায় তারা।
ইউরোপের সংগীতপ্রেমীদের কাছে গত সাত দশক ধরে ‘ইউরোভিশন সং কনটেস্ট’ আলোচিত নাম। সংগীতের এই মহাযজ্ঞের আদলে অবশেষে এশিয়ার মাটিতেও পর্দা উঠল নতুন এক আসরের। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে প্রথম ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’।
এই প্রতিযোগিতায় ১১টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে শিরোপা ছিনিয়ে নিয়েছেন ফিলিপিন্সের ১৯ বছর বয়সী গায়িকা কারমেল।
গেল ১৪ নভেম্বর ব্যাংককের ওয়ান ব্যাংকক অ্যারেনায় বসেছিল এই আসর। নারী ক্ষমতায়নের বার্তা দেওয়া পপ ঘরানার গান ‘সোবরা-সোবরা’ পরিবেশন করেন কারমেল। এর মাধ্যমে বিচারক ও দর্শকের মন জয় করে নেন এই তরুণী।
সব মিলিয়ে তিনি সর্বোচ্চ ২১১ পয়েন্ট পেয়েছেন (বিচারকদের থেকে ৯৩ এবং পাবলিক ভোটে ১১৮)।
পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গে ওয়ান ব্যাংকক অ্যারেনা করতালিতে মুখর হয়ে ওঠে। কারমেলকে অভিননন্দন আর শুভেচ্ছার জোয়ারে ভরিয়ে দেন সহপ্রতিযোগীরা।
প্রতিযোগিতায় ১৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক থাইল্যান্ড এবং ১৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ভিয়েতনাম।
কারমেল প্রতিযোগীদের মধ্যেও ছিলেন কনিষ্ঠ। দেশে আগে থেকেই পরিচিত মুখ তিনি। ‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ হওয়ার পর আরেক রিয়েলিটি শো ‘তাওয়াগ এনজি তাংহালান’ জিতে এবং ‘পিনয় বিগ ব্রাদার’-এ অংশ নেওয়ার মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান।
জাতীয় বাছাইপর্বে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে ফিলিপিন্সের প্রথম ইউরোভিশন এশিয়ার প্রতিনিধি নির্বাচিত হন কারমেল।
তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কারমেল কোনো আর্থিক পুরস্কার পাচ্ছেন না। তবে এ বছরের ইউরোপীয় আসরের বিজয়ী বুলগেরিয়ান গায়িকা দারার হাত থেকে তিনি ট্রফি নিয়েছে।
এই জয়ের সুবাদে ২০২৭ সালে বুলগেরিয়ার বুরগাসে অনুষ্ঠেয় মূল ইউরোভিশন আসরে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন কারমেল।
এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিটবক্সার দল বিটমোস্ফিয়ার। নিজেদের মৌলিক গান ‘তুমি এলে’ গেয়ে শোনায় তারা।
কোনো বাদ্যযন্ত্র ছাড়াই তারা নিজেদের কণ্ঠ দিয়ে ড্রাম ও বেজলাইনের শব্দ তৈরি করে ব্যতিক্রমী পরিবেশনা উপহার দেয়। তবে পয়েন্টের দিক থেকে পিছিয়ে বাংলাদেশ। মাত্র ৩৫ পয়েন্ট নিয়ে ১১ দেশের মধ্যে সবার শেষে অবস্থানে আছে বাংলাদেশ।
অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক আসাফ ব্লেচার জানিয়েছেন, আগামী বছর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এরই মধ্যে চীন, হংকং, তাইওয়ানসহ ১৬-১৭টি অঞ্চল আগ্রহ প্রকাশ করেছে।
মূল ইউরোভিশনে বিজয়ী দেশ সাধারণত পরবর্তী আসরের আয়োজক হয়। তবে এশিয়ার আসরে এই নিয়ম খাটছে না।
আয়োজকদের ভাষ্য, অনেক ছোট দেশেরই এত বড় আয়োজনের অবকাঠামো নাও থাকতে পারে, তাই আয়োজক দেশ পরে নির্ধারিত হবে।
